স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় এক কৃষকের গোয়াল ঘরের তালা ভেঙ্গে দু’টি গাভী গরু পিকাপ ভ্যানে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সোমবার (১১ মে) ভোর ৪টার দিকে উপজেলা জানিপুর ইউনিয়নের নাগর পাড়া গ্রামের কৃষক অশোক বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাসের বাড়ির গোয়াল ঘর থেকে গাভী গরু দু’টি চুরি হয়। চুরি যাওয়া গাভী দুটি ৮ মাসের গর্ভবতী ছিলো। ফ্রিজিয়ান জাতের গরু দুটির বাজার মূল্য ৪ লাখ টাকা। ঘটনার রাতে স্থানীয় গ্রামবাসীদের একাধিক দল গ্রাম পাহাড়ায় ছিলো। কিন্তু দুর্বৃত্তরা তাদের চোখ এড়িয়ে চুরির ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় পর সোমবার দুপুরে থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী খোকসা থানায় লিখিত অভিযোগও দিয়েছেন।
প্রান্তিক কৃষক ও একটি বেসরকারী শিশু বিদ্যালয়ের শিক্ষক সুজন বিশ্বাস জানান, ভোর ৪টা ২০ মিনিটের দিকে একটি পিকাপ ভ্যানের শব্দে তার ঘুম ভেঙ্গে যায়। সন্দেহ বসত তিনি ঘর থেকে বাইরে এসে নিজের গোয়াল ঘরের দরজার ৫টি তালা ভাঙ্গা দেখতে পান। এসময় ঘরের ভিতর ছুটে যান। দেখেন নিজের গাভী গরু দু’টি চুরি হয়ে গেছে।
তিনি আরও জানান, গরু বহনকারী পিকাপ ভ্যানটি ঈশ্বরদী-ফুলতলা রাস্তা দিয়ে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের দিকে চলে গেছে। চুরিযাওয়া গরু উদ্ধারের আশা ছেড়ে দিয়েছেন এই প্রন্তিক কৃষক। তবে দুর্বৃত্ত নির্মুরে পুলিশের দায়িত্বশীল আচরণ আশা করেন।
খোকসা থানার এসআই ও জানিপুর ইউনিয়নের বিট পুলিশ অফিসার শহিদুল ইসলাম গরু চুরির বিষয়টি নিশ্চিত করেন। তিনি ঘটনা স্থল পরিদর্শন করেছেন। চুরির ঘটনার রাতে নাগরপাড়া ও আশেপাশের ৪ টি গ্রামে ভিলেজ ডিফেন্স পাটির পাহাড়া ছিলো বলেও জানান।





