স্টাফ রিপোর্টার
কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা বাস স্ট্যান্ডের পশ্চিমে পিকাপ মোটরসাইকেল ও পাখি ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে আহত দুই তরুনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। এই ঘটনায় কমপক্ষে চারজন আহত হয়েছেন।
রবিবার বিকাল ৩টা ২০ মিনিটের দিকে খোকসা বাস স্ট্যান্ডের ৫০০ মিটার পশ্চিমে এই দুর্ঘটনা ঘটে। আহতরা উপজেলার হেলারপুর গ্রামের মামুনের ছেলে হৃদয় (১৬), তার বন্ধু ও একই মোটর সাইকেলের আরহী মন্টুর ছেলে সাইদুল (১৭) ও একই গ্রামের পাখি ভ্যানের চালক বাছের শেখের ছেলে নজরুল ইসলাম (৪৫)। মোটর সাইকেলের অপর আহত আরহীর পরিচয় জানা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে তিন তরুন একটি মোটরসাইকেল চালিয়ে কুষ্টিয়া-রাজবাড়ী সড়ক পার হওয়ার চেষ্টা করে। এ সময় রাজবাড়ী গামী একটি পিকাপ ভ্যান (ঢাকা মেট্রো – ন – ২৩-১৬৬২) মোটর সাইকেলটিতে আঘাত করে। এ ঘটনায় তিন যুবক ছিটকে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পাখি ভ্যানের উপর আছড়ে পরে। ভ্যান চালকও গুরুতর আহত হন। দুর্ঘটনার সাথে সাথে মোটর সাইকেলের অপর এক আরহী আহত সাথীদের ফেলে তার মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। আহত দুই তরুন ও ভ্যান চালককে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হয়। আহত তরুনদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শামিন আলম লিমা জানান, দুর্ঘটনায় আহত দু’জন তরুনের অবস্থা সংকটাপন্ন। তাই তাদের জেলা সদরে রেফর্ড করা হয়েছে।






