কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষা শেষে গড়াই নদীতে গোসল করতে নেমে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২০ মে) বিকালে হাটশ হরিপুর ইউনিয়নের হরিপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো একই এলাকার সাইফুল ইসলামের ছেলে অপুর্ব ইফতি তাইফ (১৮) ও নুরুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম (১৯)। দুজনই চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলো।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানানা, তাইফ দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুল এবং সাকিবুল কুষ্টিয়া জিলা স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে চলতি বছরে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করছিল। বুধবার তাদের ব্যবহারিক বাদে শেষ পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ করে দুই বন্ধু গড়াই নদীতে গোসলে নামে। তবে দুজনের কেউই সাঁতার জানতো না। এ সময় নদীতে ডুব দিলে তাইফ মাথা উঁচু করে উঠতে পারলেও সাকিব নদে তলিয়ে যায়। এক পর্যায়ে তাইফও তলিয়ে যায়। বিষয়টি স্থানীয়রা টের পেলে তাঁদের দু’জনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ইকবাল হাসান জানান, বিকাল সাড়ে চারটার দিকে দুই শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় আগেই তাদের মৃত্যু হয়েছে।
কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।






