কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর জিলাপীতলা মোড়ে সেলোইঞ্জিন চালিত নছিমন গাড়ির ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত টিক্কা মোল্লা (৫৬) খোকসা উপজেলার মোড়াগাছা ইউনিয়নের খালপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসার দিক থেকে আসা একটি সেলোইঞ্জিন চালিত গরুটানা নিছিমন গাড়ি কুমারখালীর দিকে যাচ্ছিল। আর ঝালমুড়ির বিক্রেতা টিক্কা মোল্লা সড়ক পাড় হচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতিতে অবৈধ নছিমন গাড়িটি মুড়ি বিক্রেতার ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানসহ ঝালমুড়ি বিক্রেতা সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী আশকার হোসেন জানান, ঝালমুড়ি বিক্রেতা টিক্কা মোল্লা সড়ক পার হয়ে দক্ষিণপাশ থেকে উত্তরদিকে আসছিল। এসময় হঠাৎ বেপরোয়া গতিতে গরুটানা নছিমন গাড়ি এসে ধাক্কা মারে। এতে ভ্যানসহ টিক্কা সড়কে ছিটকে পড়লে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
মিন্টু মোল্লার শ্যালক মিন্টু হোসেন বলেন, প্রতিদিনের ন্যায় দুপুর দুইটার দিকে ঝালমুড়ি বিক্রির জন্য বাড়ি থেকে বের হয়েছিল তাঁর দুলাভাই। এরপর দুর্ঘটনার খবর শুনে এসে দেখেন রাস্তার ধারে লাশ পড়ে আছে। ভ্যানটিও ভেঙে গেছে। পরিবারে স্ত্রী ও দুই সন্তান আছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, নছিমন গাড়ির ধাক্কায় একজন ঝালমুড়ি বিক্রেতা নিহত হয়েছেন। স্থানীয়রা ঘাতক নছিমন গাড়িটি আটক করেছে। তবে চালক পালিয়ছেন। বিষয়টি হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে।






