কুষ্টিয়া প্রতিনিধি
টাঙ্গাইলের নারী খামারি হামিদা আক্তার দীর্ঘ প্রায় ১০ বছর ধরে পরম মমতায় লালন-পালন করেছিলেন সাদা – কালো রঙের একটি ষাঁড়। প্রায় ৫৬ মণ ওজনের ষাঁড়টির শখ করে নাম রেখেছেন ‘মানিক’। প্রত্যাশা ছিল গতবারের ঈদে কাঙ্খিত দামে বিক্রি করবেন। একজন ১৫ লাখ টাকা দামও বলেছিলেন। কিন্তু দামদাতা আর না আসায় সেবার গরু বেচাকেনা হয়নি।
খামারি হামিদা টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ভেঙ্গলার গ্রামের আব্দুল হামিদের মেয়ে। মানিক নামের এই গরুটি বর্তমানে কুষ্টিয়ার কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগরের আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের খামারে যতœসহকারে লালনপালন করা হচ্ছে। আসন্ন ঈদের তৃতীয়দিন গরুটিকে জবাহ করে এতিম, দুস্থ ও অসহায়দের মাঝে বিলিয়ে দেওয়া হবে। তাকে একনজর দেখার জন্য অনেকেই ছুটে আসছেন বলে জানিয়েছেন ফাউন্ডেশনের কর্মকর্তা – কর্মচারীরা।
বুধবার (২৭ মে) সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, টিনশেডের পাকা ঘরে রাখা হয়েছে সাদা – কালো রঙের মানিককে। মাথার উপরে ঘুরছে ফ্যান। রাজকীয় মানিকের শান্ত চাহনির দিকে তাকিয়ে অনুভব করা যায়; তার অবয়বে জড়িয়ে আছে একজন সংগ্রামী নারীর দীর্ঘদিনের নীরব লড়াই আর স্বস্তির দীর্ঘশ্বাস।
খামারটির কর্মচারী রেহেনা বেগম বলেন, বিশাল দেহের গরু মানিককে গত সোমবার টাঙ্গাইল থেকে আনা হয়েছে। তাকে উন্নতমানের খাবার দিয়ে পরম যতœ করা হচ্ছে। ঈদের পর রান্না করে এতিমদের খাওয়ানো হবে।
আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোর্শেদ আলম বলেন, অনলাইনে নারী উদ্যোক্তা হামিদার অসহায়ত্ব প্রকাশ পেলে তাঁর স্বপ্ন পূরণের সারথি হন দানবীর আলাউদ্দিন আহমেদ। বছরের পর বছর বুকে পাথর চেপে রাখা যে মানুষগুলোর পাতে এক টুকরো ভালো খাবার জোটেনি। সেই মলিন মুখগুলোতে একটুখানি পরম তৃপ্তির হাসি ফোটাতে ঈদের তৃতীয় দিন গরুটিকে রান্না করে খাওয়ানো হবে।






