স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় তিন মিনিটের কাল বৈশাখীর তান্ডবে বেশ কিছু গাছ উপড়ে পরে ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।
মঙ্গলবার দুপুর পর উপজেলার গোপগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে পশ্চিম গোপগ্রাম এলাকায় কাল বৈশাখী তান্ডব হয়। শুরুতে তিন মিনিট স্থায়ী প্রচন্ড ঝড় হয়। এতে গাছ উপড়ে পরে ৭/৮ ঘরের ক্ষতিগ্রস্থ হয়। এরপর প্রায় আধাঘন্টা ধরে বজ্রসহ বৃষ্টি তান্ডব চালায়। বৃদ্ধ রইচ উদ্দিনের বসবাসের খুপড়ি ঘরের উপর প্রতিবেশী কোরবান আলীর একটি মেহগনি গাছ উপড়ে পরে বৃদ্ধ ঘরবন্ধি হয়ে পরেন। প্রায় ঘন্টা ধরে চেষ্টার পর প্রতিবেশীরা ওই বৃদ্ধকে উদ্ধার করে। তবে বৃদ্ধ সুস্থ্য আছেন।
হাফিজুল ইসলাম ও শাহিনুর রহমানের বসত ঘরের মাঝ খানে একটা নারিকেল গাছের উপর ঠাটা (বাজ্রপাত) পরেছে। গাছটির গোটা শরীর ফেটে চৌচির হয়ে গেছে। এ সময় দুই পরিবারের কেউই বাড়ি না থাকায় তারা নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন বলে জানালেন হাফিজুলের স্ত্রী তাসলিমা খাতুন। তবে এ ঘটনায় আহত হয়েছেন হারুন অর রশিদের স্ত্রী বৃদ্ধা মর্জিনা খাতুন। বাড়িতে চিকিৎসায় বৃদ্ধা কিছুটা স্বুস্থ্য হয়ে কথা বলছেন। তবে তার কানে শোনায় সমস্যা হচ্ছে।

তাসলিমা জানান মেঘ দেখে শিশু শ্রেণিতে পড়া জমজ মেয়ে লামিয়া ও আলিয়াকে প্রাইভেট শিক্ষকের বাড়ি থেকে আনতে গিয়েছিলেন। অন্য মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী খাদিজা স্কুলে ছিলো। ফলে ঠাটার (বজ্রপাতর) আঘাত থেকে তার পরিবারটি রক্ষা পেয়েছে। দীর্ঘশ্বাস ছেড়ে এ গৃহবধূ বলেন “আল্লাহ বাঁচানোর মালিক। তাই তার পরিবারটি ঠাটার (বজ্রপাত) আঘাত থেকে রক্ষা পেয়েছে।” তার ঘরের টেলিভিশনটিও পুড়ে গেছে।
গেপগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতালেব হোসেন দাবি করেন তার ইউনিয়নের বেশ কয়েটি গ্রামে কাল বৈশাখী তান্ডব চালিয়েছে। ব্যাপক ক্ষয়-ক্ষতির খবরটা আসা প্রয়োজন।






