গণমাধ্যম কর্মীদের নিয়ে এইচআইভি সচেতনতা বিষয়ক সভা

0
29

কুষ্টিয়া প্রতিনিধি

এইচআইভি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সংক্রমণ প্রতিরোধে করণীয় বিষয়ে গণমাধ্যম কর্মীদের নিয়ে কুষ্টিয়ায় এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের এম এ রাজক মিলনায়তনের সেমিনার কক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান আলোচক ছিলেন ডা. তানজিনা তাজুর রেনেসাঁ। তিনি এইচআইভি সংক্রমণের ঝুঁকি, প্রতিরোধের উপায়, নিরাপদ জীবনাচরণ এবং আক্রান্ত ব্যক্তিদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

পাশাপাশি এইচআইভি সম্পর্কে সমাজে প্রচলিত বিভিন্ন ভুল ধারণা দূর করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

আলোচনায় জানানো হয়, কুষ্টিয়ায় ১৯৮৯ সাল থেকে চলতি বছর পর্যন্ত মোট ৪৩ জন এইচআইভি সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে চলতি বছরেই নতুন করে পাঁচজন আক্রান্ত শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে শনাক্ত পাঁচজনের মধ্যে একজন নারী ও চারজন পুরুষ রয়েছেন। আক্রান্ত নারী তার স্বামীর মাধ্যমে সংক্রমিত হয়েছেন। অপর চারজন পুরুষের মধ্যে হোমো সেক্স, সমকামী, তৃতীয় লিঙ্গের ব্যক্তি, শিরায় মাদক গ্রহণকারী রয়েছে । স্বাস্থ্য বিভাগ তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ সেবা প্রদান করছে।

এইডস প্রতিরোধ ও সচেতনতার বিষয়ে বলা হয়, এইচআইভি প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। সময়োপযোগী তথ্য প্রচার, নিরাপদ আচরণ, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সংক্রমণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আলোচনা সভায় বিভিন্ন গণমাধ্যমকর্মী, স্বাস্থ্যকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

Share this news as a Photo Card