দৌলতপুরে মুজরি বাড়ানোর দাবিতে বিড়ি শ্রমিকদের বিক্ষোভ

0
27

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে বিড়ি কারখানার শ্রমিকরা মজুরি বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেছে।

উপজেলার হোসেনাবাদ সেন্টারপাড়া এলাকায় স্থানীয় আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের শ্রমিকরা রবিবার এ কর্মসূচি পালন করেন।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা প্রতি হাজার বিড়ি তৈরিতে ৬১ টাকা হারে মজুরি পাচ্ছেন। বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় তারা মজুরি ৮১ টাকা নির্ধারণের দাবি জানালেও ফ্যাক্টরি কর্তৃপক্ষ তাতে সম্মতি দেয়নি। এর প্রতিবাদে তারা কর্মবিরতি ও সড়ক অবরোধে রস্তায় নামেন।

শ্রমিক নেতা রফিকুল ইসলাম ও টিপু বলেন, সকাল থেকে ফ্যাক্টরি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চললেও কোনো সমাধান না আসায় শ্রমিকরা বাধ্য হয়ে সড়কে অবস্থান নেন।

তারা আরও বলেন, “বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ৬১ টাকার মজুরিতে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। তাই দাবি আদায়ে আমরা আন্দোলনে নেমেছি।”

অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। যাত্রী ও পথচারীদের অনেকেই প্রায় এক কিলোমিটার পথ হেঁটে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হন। দুপুরের তীব্র রোদে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, শ্রমিক ও ফ্যাক্টরি কর্তৃপক্ষের মধ্যে মজুরি নিয়ে বিরোধ তৈরি হওয়ায় তারা সড়কে অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Share this news as a Photo Card