দ্রোহ অনলাইন ডেস্ক
খুলনার পুরাতন জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়ার তিন ঘন্টার মধ্যে হাজতি ইমন মাঝিকে গ্রেপ্তার করেছে কারা কর্তৃপক্ষ|
বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া সেকেলার বটতলা এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়| পরে রাতেই তাকে পুনরায় কারাগারে নেওয়া হয়|
বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে কারাগারের পূর্ব পাশের দেয়াল টপকে পালিয়ে যান ইমন মাঝি| তিনি নগরীর সোনাডাঙ্গা থানায় দায়ের করা একটি চুরির মামলায় গত ১৩ জুন থেকে হাজতি হিসেবে কারাগারে ছিলেন|
খুলনা জেলা কারাগারের জেল সুপার আবু ছায়েম জানান, পালানোর ঘটনা জানার সঙ্গে সঙ্গেই কারারক্ষীদের একাধিক দল অভিযান শুরু করে| একটি দল ইমন মাঝির বাড়িতে অবস্থান নেয়| কিছুক্ষণ পর তিনি বাড়িতে এলে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে আটক করা হয়| কারাগার থেকে পালানোর ঘটনায় খুলনা সদর থানায় পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে|






