স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসা পৌরসভায় গত অর্থ বছরে এডিবি’র বরাদ্দের আংশিক সাড়ে ২৬ লাখ টাকার চারটি প্যাকেজে উন্নয়ন কাজ বাস্তবায়নের জন্য ই-জিপি লটারি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২টায় খোকসা পৌরসভার সভাকক্ষে এ লটারি অনুষ্ঠিত হয়।
সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থ বছরে এ পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য প্রায় ৭৩ লাখ টাকা এডিবি বরাদ্দ দেওয়া হয়। তার মধ্যে প্রথম কিস্তির চারটি প্যাকেজের ২৬ লাখ ৫০ হাজার টাকা টেন্ডার আহ্বান করা হয়। পৌর সভার তালিকা ভুক্ত ৩৩ জন ঠিকাদার এ টেন্ডারে অংশগ্রহণ করেন।
লটারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোছা. তাসমিন জাহান। সভাপতিত্ব করেন সহকারী প্রকৌশলী মামুনুর রশিদ।
উল্লেখ্য, এডিবি’র বরাদ্দের সমুদয় টাকার উন্নয়ন প্রকল্প গত ২০২৫ সালের ৩০ জুনের মধ্যে বাস্তবায়নের জন্য সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু উন্নয়ন কাজ শেষ করার নির্ধারিত সময়ের ১৩ দিন পর টেন্ডারের পক্রিয়া শুরু করা হলো। বরাদ্দের অবশিষ্ট টাকার উন্নয়ন কাজ বাস্তবায়নের জন্য পরবর্তিতে টেন্ডার আহবান করা হবে।






