স্টাফ রিপোর্টার
সাবেক শিক্ষিকা হিরুন্নাহার হিরু (৬৫)’র দাফন সম্পন্ন হয়েছে। তিনি দীর্ঘদিন নিরাময় অযোগ্য বøাড ক্যান্সার রোগের সাথে যুদ্ধ করেছিলেন।
বুধবার (১৫ জুলাই) বিকালে কুষ্টিয়ার খোকসার সন্তষপুর কবর স্থানে শ্বশুর ও শ্বাশুরীর কবরের পাশে প্রয়াত সাবেক শিক্ষিকা হিরুন্নাহার হিরুর দাফন করা হয়। সাবেক এই শিক্ষিকা খোকসা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও খোকসা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিস -উজ- জামান স্বপনের স্ত্রী। তিনি একপুত্র ও এককন্যা সন্তানের জননী।
বুধবার সকালে সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক শিক্ষিকা হিরুন্নাহার হিরু মৃত্যু বরণ করেন। তিনি কুষ্টিয়া সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষিকা ছিলেন।
এদিন দুপুরে কুষ্টিয়া থেকে মরহুমার মৃতদেহ গ্রামের বাড়ি সন্তষপুরে আনা হয়। মরহুমাকে একনজর দেখতে শোকার্ত নারী পুরুষের ঢল নামে। বিকালে সন্তষপুর কবর স্থানের পাশে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এসময় কুষ্টিয়া জেলা ও খোকসা-কুমারখালী উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রশাসনিক কর্মকর্তারা ও সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন। পরে মরহুমাকে তার শ্বশুর ও শ্বাশুরীর কবরের পাশে সমাহিত করা হয়।






