কিশোর রাজকে নতুন ভ্যান কিনে দিলো ছাত্রদল নেতা

0
35

কুষ্টিয়া প্রতিনিধি

মাত্র ১৪ বছর বয়স। যে বয়সে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সেই পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে কিশোর রাজ। বাবার দীর্ঘদিনের অসুস্থতার কারণে পড়াশোনা ছেড়ে সমিতির ঋণের টাকায় কেনা ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে সংসার চালাচ্ছিল সে। কিন্তু এক যাত্রী বেশধারী প্রতারকের কৌশলে মুহূর্তেই হারিয়ে যায় তার একমাত্র উপার্জনের সেই ভ্যানটি। এতে দিশেহারা হয়ে পড়ে পুরো পরিবার। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজের অসহায়ত্বের খবর ছড়িয়ে পড়ার পর মানবিক সহায়তায় এগিয়ে এলেন ছাত্রদল নেতা। কিনে দিলেন নতুন ভ্যান।

রাজ কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবাইল ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাসিন্দা। তার বাবা বাহাদুর মিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন। অসুস্থ বাবার চিকিৎসা, সংসারের খরচ এবং ঋণের কিস্তি পরিশোধের দায়িত্ব এসে পড়ে কিশোর রাজের কাঁধে। আর্থিক সংকটের কারণে লেখাপড়া বন্ধ করে স্থানীয় একটি এনজিও থেকে ঋণ নিয়ে কিস্তিতে কেনা ব্যাটারিচালিত ভ্যান চালানো শুরু করে সে। প্রতিদিনের আয় দিয়েই চলছিল চার সদস্যের পরিবারের ভরণপোষণ, বাবার চিকিৎসা এবং ঋণের কিস্তি।

কিন্তু গত শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ঘটে জীবনের সবচেয়ে বড় বিপর্যয়। ভেড়ামারা থেকে আসা এক ব্যক্তি মালামাল আনার কথা বলে রাজের ভ্যান ভাড়া নেন। দিনের বিভিন্ন সময় তাকে নিয়ে নানা জায়গায় ঘোরাঘুরি করার পর বিকালে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে এসে ওই ব্যক্তি রাজকে একটি দোকান থেকে পান কিনে আনতে বলেন। সরল বিশ্বাসে রাজ দোকানে গেলে ফিরে এসে দেখে, তার ভ্যানসহ যাত্রী উধাও।

হঠাৎ এমন ঘটনায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে রাজ। আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও ভ্যানের কোনো সন্ধান মেলেনি। পরিবারের একমাত্র উপার্জনের পথ হারিয়ে হতাশায় ভেঙে পড়ে সে ও তার স্বজনরা।

রাজের অসহায়ত্বের গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি অনেকের নজরে আসে। এরপর মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত। বাবার চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করলেও তিনি রাজের জন্য একটি নতুন ব্যাটারিচালিত ভ্যান কিনে দেওয়ার ব্যবস্থা করেন। তার উদ্যোগে ভ্যানটি রাজের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

মিরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাব্বির আহমেদ জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজের ঘটনা দেখে খন্দকার তসলিম উদ্দিন নিশাত বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন। তিনি দ্রæত একটি নতুন ভ্যান কিনে দেওয়ার নির্দেশ দেন। স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় ভ্যানটি রাজের হাতে তুলে দেওয়া হয়েছে, যাতে সে আবার পরিবারের দায়িত্ব পালন করতে পারে।

ছাত্রদল কর্মী সিয়াম খান বলেন, একজন কিশোরের জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে যাওয়ার বিষয়টি তাদের নাড়া দেয়। তাই মানবিক দায়িত্ববোধ থেকেই তারা রাজের পাশে দাঁড়িয়েছেন।

এলাকাবাসীও এই উদ্যোগের প্রশংসা করেছেন। তাদের মতে, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ এভাবে এগিয়ে এলে অনেক অসহায় পরিবারের মুখে হাসি ফোটানো সম্ভব।

কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোর রাজের অসহায়ত্বের খবর দেখে আমি খুবই মর্মাহত হই। মাত্র ১৪ বছর বয়সে পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে জীবিকা নির্বাহ করছিল সে। একমাত্র উপার্জনের ভ্যানটি প্রতারণার মাধ্যমে হারিয়ে যাওয়ায় পুরো পরিবার চরম সংকটে পড়ে। মানবিক দায়িত্ববোধ থেকেই রাজের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি দেশের বাইরে থাকলেও সহকর্মীদের মাধ্যমে তার জন্য একটি নতুন ব্যাটারিচালিত ভ্যান কিনে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। এটি কোনো দান নয়, একজন সংগ্রামী কিশোরকে আবার ঘুরে দাঁড়াতে সহায়তা করার ক্ষুদ্র প্রয়াস। সমাজের সামর্থ্যবান মানুষ এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ালে অনেক পরিবারের মুখে হাসি ফিরবে। একই সঙ্গে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কাছে আমার আহ্বান, চুরি হওয়া ভ্যানটি উদ্ধার এবং জড়িত প্রতারককে দ্রæত আইনের আওতায় আনা হোক।”

তবে নতুন ভ্যান পেলেও এখনও উদ্ধার হয়নি চুরি যাওয়া পুরোনো ভ্যানটি। প্রতারককেও শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। রাজ ও তার পরিবারের দাবি, নতুন ভ্যান পাওয়ায় তারা আবার কাজ শুরু করতে পারলেও চুরি হওয়া ভ্যানটি উদ্ধার এবং প্রতারকের শাস্তি নিশ্চিত করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে আর কোনো শ্রমজীবী মানুষ এমন প্রতারণার শিকার না হন।

নতুন ভ্যান হাতে পেয়ে আবারও স্বপ্ন দেখতে শুরু করেছে রাজ। পরিবারের দায়িত্ব পালনের পাশাপাশি একদিন আবারও পড়াশোনায় ফিরতে চায় সে। তার বিশ্বাস, মানুষের সহমর্মিতা ও ভালোবাসাই তাকে নতুন করে বাঁচার শক্তি দিয়েছে।

Share this news as a Photo Card