কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া সীমান্তের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।
রবিবার (০৯ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (০৮ আগস্ট ও রবিবার (০৯ আগস্ট) পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় মদ, গাঁজা, স্কাফ সিরাপ, ফেয়ারডিল সিরাপ, ডেক্সামেথাসন ট্যাবলেট, পাতার বিড়ি ও জিরাসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের মোট আনুমানিক মূল্য ১০ লাখ ৭১ হাজার ১০০ টাকা।
বিজিবি জানায়, শনিবার কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ কাজিপুর, জামালপুর ও রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে কাজিপুর বর্ডারপাড়া মাঠ থেকে ৫ বোতল ভারতীয় মদ, ২০০ প্যাকেট পাতার বিড়ি ও ১২ কেজি জিরাসহ শাকিব ইসলাম (২৪) নামে একজনকে আটক করা হয়।
একই দিনে জামালপুর বিওপির নিচপাড়া মাঠ এলাকা থেকে ৭ বোতল স্কাফ সিরাপ ও ২ বোতল ফেয়ারডিল সিরাপসহ বাক্কার (৩৮) নামে আরও একজনকে আটক করা হয়। এছাড়া জয়পুর মাঠপাড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২ কেজি ভারতীয় গাঁজাও উদ্ধার করা হয়।
পরদিন রবিবার কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ রংমহল, জামালপুর ও শুভরাজপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও ১৬ কেজি ভারতীয় গাঁজা, ৫০ বোতল ভারতীয় মদ এবং ৩ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






