ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

0
24

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে তানিয়া জাহান (২০) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

সোমবার (১০ আগস্ট) রাত ১১টার পর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া এলাকায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তানিয়া প্রবাসী আক্তারুল হকের মেয়ে। সে বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে অংশ নিয়েছিলেন। ফলাফল প্রকাশের পর দুই বিষয়ে অকৃতকার্য হওয়ায় অভিমানে এমন সিদ্ধান্ত নেন বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।

তানিয়ার মা কবিতা খাতুন জানান, সন্ধ্যার পর তিনি দুই মেয়ের সঙ্গে ছিলেন। রান্না শেষে স্বামীর সঙ্গে কথা বলছিলেন। তানিয়া তার পঞ্চম শ্রেণির ছোট বোন সাদিয়াকে পড়াচ্ছিলেন। সাদিয়া ঘুমিয়ে পড়ার পর তানিয়া নিজ কক্ষে যান এবং দরজা বন্ধ করে দেন। বিদ্যুৎ চলে যাওয়ার পর আবার এলে তাকে খাবার খাওয়ার জন্য ডাকতে সাড়া না পেয়ে কক্ষে ঢুকে মা ও প্রতিবেশীরা তাকে মৃত অবস্থায় পান। বাড়িতে ডাক্তার এসে মৃত্যু নিশ্চিত করেন।

বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম বলেন, তানিয়া স্কুলের ২০২৩-২৪ সেশনের মানবিক বিভাগের ছাত্রী ছিলেন। গত বছর তিনি পরীক্ষায় অংশ নেননি। এবার দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন। তার মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।

কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুস সালাম জানান, এসএসসি ফলাফলে অকৃতকার্য হয়ে অভিমানে সে আত্মহত্যা করেছেন।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, মরদেহ থানায় এনে কুষ্টিয়া সদর হাসপাতালে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Share this news as a Photo Card