ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর শ্রমিকদের বিক্ষোভ

0
36

কুষ্টিয়া প্রতিনিধি

ঠিকাদারি ও আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে সরাসরি চাকরি স্থায়ীকরণ, শ্রম আইন অনুযায়ী ন্যায্য অধিকার ও কর্মসংস্থানের নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে কুষ্টিয়ার দৌলতপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) শ্রমিকরা বিক্ষোভ করেছেন। দাবি আদায় না হলে দেশের সব রিজিয়নে সর্বাত্মক অবরোধসহ আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে দৌলতপুর উপজেলার শিল্পনগরী আল্লারদর্গায় অবস্থিত বিএটিবির কার্যালয়ের সামনে সড়কে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

‘বিএটিবি ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফ শ্রমিক কল্যাণ ইউনিয়ন’-এর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে শ্রমিকরা বিভিন্ন দাবিতে ¯েøাাগান দেন। সংগঠনের নেতারা জানান, ২০১০ সাল থেকে দীর্ঘ ১৬ বছর ধরে তাঁরা বিএটিবির মাঠপর্যায়ের বিভিন্ন স্থায়ী প্রকৃতির কাজ করে আসছেন। এর মধ্যে তামাকচাষি নির্বাচন, চুক্তি সম্পাদন, বীজ ও সার বিতরণ, মাঠ পর্যবেক্ষণ, তামাক সংগ্রহ এবং কোম্পানির বিভিন্ন তথ্যপ্রযুক্তিভিত্তিক অ্যাপ পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।

শ্রমিক নেতাদের অভিযোগ, অতীতে এসব পদে স্থায়ী জনবল নিয়োজিত থাকলেও অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে বহুজাতিক কোম্পানিটি ধীরে ধীরে এসব কাজ ঠিকাদারি ও আউটসোর্সিং ব্যবস্থার আওতায় নিয়ে আসে। দীর্ঘদিন একই ধরনের স্থায়ী কাজ করলেও তাদের চাকরির ন্যূনতম নিরাপত্তা নেই। একই সঙ্গে শ্রম আইন অনুযায়ী প্রাপ্য বাৎসরিক লভ্যাংশ (ডব্লিউপিপিএফ) থেকেও তাদের বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

Share this news as a Photo Card