এমপি আমির হামজার গাড়িতে হামলার ঘটনায় মামলা করেছে জামায়াত

0
22

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং এমপির গাড়ি ভাঙচুরের ঘটনায় থানায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীসহ ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে এজাহার দায়ের করা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া মডেল থানায় এমপি আমির হামজার ব্যক্তিগত সহকারি মমিন বিশ্বাসবাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় এজাহারটি দেন।

থানায় জমা দেওয়া অভিযোগে গণঅধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদকে এবং সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে ।

এর আগে শনিবার (১৫ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের ছয়রাস্তা মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি এবং গণঅধিকার পরিষদের শীর্ষ নেতাদের নিয়ে মুফতি আমির হামজার একটি বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছিল জেলা গণঅধিকার পরিষদ।

এ সময় কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা তার রাজনৈতিক কর্মসূচি শেষে গাড়িযোগে নিজ বাড়ি ফেরার পথে শহরের ছয়রাস্তা মোড় এলাকায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল অতিক্রম করছিলেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং এমপি আমির হামজার গাড়িতে হামলা চালানো হয়। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

পরবর্তীতে একইদিন রাত সাড়ে ৮ টার দিকে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা গণঅধিকার পরিষদ কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে।

এ ঘটনার বিষয়ে এমপি মুফতি আমির হামজা অভিযোগ করেন, কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ও সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদের নেতৃত্বে একদল নেতাকর্মী লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে তার গাড়িতে হামলা চালায়।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর জানান, জামায়াতের পক্ষ থেকে একটি এজাহার পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card