গরু চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত

0
37

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গ্রামে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক দুই সন্দেহভাজনের মধ্যে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বাদুরগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

এক বিধবা নারী জানান, গভীর রাতে তার বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে ওই দু’জন প্রবেশ করেন। তিনি টের পেয়ে চিৎকার দিলে আশে-পাশের গ্রামবাসীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলে। এ সময় উত্তেজিত জনতা দুজনকে গণধোলাই দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয়ের এজনের মৃত্যু হয়। শনিবার সকালে মারাত্মক আহত অন্য জনকে পুলিশ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন জানান, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। ঘটনার বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card