কুষ্টিয়া প্রতিনিধি
গড়াই নদীতে মাছ ধরারর সময় টিনের প্লেন সিটের তৈরী ডিঙি উল্টে পানিতে ডুবে পরিমল মন্ডল (৩৮) নামের এক আদিবাসী জেলে মারা গেছে।
সোমবার (২৪ আগষ্ট) বিকালে কুমারখালী পৌরসভার এম এন বাঁধ এলাকা থেকে ওই আদিবাসী জেলের মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি খোকসা উপজেলার মোড়াগাছা ইউনিয়নের হিলালপুর আদিবাসী পল্লীর অভিমান্য মন্ডলের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বিকালে এম এন বাঁধ এলাকায় টিনের তৈরি ডিঙি নৌকায় পরিমল মন্ডল লম্বা সূতোয় অসংখ্য বড়শি নদীতে ফেলে মাছ ধরছিল। হঠাৎ স্রোতে ডিঙি নৌকা উল্টে যায়। আর বড়শির সূতো তার শরীরে পেঁচিয়ে গেলে তিনি নদীতে ডুবে যান। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে নদী থেকে তাকে উদ্ধার করে। সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এম এন বাঁধ এলাকার চটপটি বিক্রেতা আলম শেখ জানান, এক জেলে টিনের প্লেন সিটের তৈরী ডিঙি নৌকায় নদীতে মাছ ধরছিল। বিকাল ৫টার দিকে হঠাৎ নৌকা উল্টে জেলে নদীতে পড়ে যায়। এ সময় তার শরীরের বড়শি পেঁচিয়ে যাওয়ায় তিনি আর উঠতে পারেননি। পরে স্থানীয়রা নদীতে নেমে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পরিমলের বাবা অবিমান্য মন্ডল বলেন, বিকাল ৩টার দিকে ডিঙি নৌকায় মাছ ধরতে নদীতে নেমেছিল। ফেসবুকে একজনের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসি। এসে দেখি আমার ছেলে আর নেই। তাঁর ভাষ্য, শরীরে বড়শির সূতো পেঁচিয়ে যাওয়ায় পরিমল নদীতে ডুবে মারা গেছে।
কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, মাছ ধরার সময় ডিঙি নৌকা উল্টে এবং শরীরে বড়শির পেঁচিয়ে নদীতে ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। নৌ – পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।






