কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় শাহানাজ খাতুন (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের কাটদহচর এলাকার মাঠপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত শাহানাজ খাতুন ওই এলাকার ভ্যানচালক সায়েদ আলীর স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে থানায় আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে বাড়ির শোবার ঘরে বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় শাহানাজকে ঝুলতে দেখেন প্রতিবেশীরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। শাহানাজ ও তার স্বামী ওই বাড়িতে বসবাস করতেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।






