কুষ্টিয়া প্রতিনিধি
পুশ-ইন, অবৈধ সীমান্ত পারাপার ও চোরাচালান প্রতিরোধে কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। এর অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকায় মাইকিং, আলোচনা সভা ও জনসচেতনতামূলক সমাবেশ করা হচ্ছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজিবি জানায়, গত মঙ্গলবার থেকে সীমান্তবর্তী জনগণকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করা এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধ পারাপারে সহযোগিতা না করার বিষয়ে সতর্ক করা হচ্ছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় সন্দেহজনক ব্যক্তি বা দলের চলাচল, পরিচয় গোপন করে অবস্থান, ভারত থেকে কাউকে পুশ-ইনের চেষ্টা কিংবা কোনো ভারতীয় নাগরিকের অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের ঘটনা নজরে এলে দ্রæত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা টহল দলকে জানানোর আহ্বান জানিয়ে মাইকিং করা হচ্ছে।
এ ছাড়া সীমান্ত এলাকায় অপ্রয়োজনে ঘোরাফেরা না করা, অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তিকে বাড়িতে আশ্রয় না দেওয়া এবং মাদক, অস্ত্র, মানবপাচার ও চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য স্থানীয়দের সচেতন করা হচ্ছে।
বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির পাশাপাশি সীমান্তবর্তী জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সীমান্ত এলাকায় সন্দেহজনক কোনো ব্যক্তি, বস্তু বা কর্মকান্ড দেখা গেলে দ্রæত বিজিবিকে অবহিত করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) আরও জানায়, সীমান্ত সুরক্ষা, পুশ-ইন ও অবৈধ পারাপার প্রতিরোধ এবং মাদক ও চোরাচালান দমনে গোয়েন্দা তৎপরতা, নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি বিবেচনায় এসব কার্যক্রম আরও জোরদার করা হবে।
অবৈধ সীমান্ত পারাপার কিংবা এ কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তাকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় গোপন রেখে তাকে পুরস্কৃত করার ঘোষণাও দিয়েছে বিজিবি।
এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, “গত মঙ্গলবার থেকে কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তের মানুষকে সচেতন করতে আলোচনা সভা ও মাইকিং করা হচ্ছে, যা চলমান রয়েছে। এ ধরনের সচেতনতামূলক প্রচার-প্রচারণা মাঝেমধ্যেই করা হয়। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন। সন্দেহজনক কোনো ঘটনা চোখে পড়লে দ্রæত বিজিবিকে জানানোর জন্য সীমান্তবাসীর প্রতি আহ্বান জানান তিনি।






