স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। রক্তদানে উৎসাহিত করা এবং নবীর আদর্শকে স্মরণ করতেই এই ব্যতিক্রমী আয়োজন।
বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের গোসাইডাঙ্গী ঈদমাঠ থেকে প্রতিযোগিতার শুভ সূচনা হয়। বিভিন্ন গ্রামীণ সড়ক প্রদক্ষিণ করে দৌড় শেষ হয় আমবাড়িয়া নতুন বাজারে। স্বেচ্ছাসেবী সংগঠন আমবাড়ীয়া বøাড ডোনার্স সোসাইটির উদ্যোগে আয়োজিত এই ম্যারাথনে নানাবয়সি প্রায় শতাধিক প্রতিযোগী অংশ নেন।
আয়োজকরা জানান, তরুণদের মাদক থেকে দূরে রাখতে এবং সমাজে রক্তদানের সচেতনতা বাড়াতেই এমন আয়োজন। দৌড় শেষে বিজয়ীদের হাতে নগদ অর্থ তুলে দেন অতিথিরা। প্রথম স্থান অধিকার করেন জেলা দলের রোহান মন্ডল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমবাড়ীয়া বøাড ডোনার্স সোসাইটির সভাপতি হাফেজ মো. আব্দুল আলিম। এসময় উপস্থিত ছিলেন আমবাড়িয়া ইউনিয়ন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির আবু সায়েম মোল্লা, গোসাইডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সানাউল্লাহ, গোপকগ্রাম মডেল ফাজিল মাদ্রাসার প্রভাষক মো. সুমন হোসেন প্রমুখ।






