কুষ্টিয়া প্রতিনিধি
বাইচের নৌকার ঢোল-কাঁসরের শব্দের সাথে মাল্লাদের বৈঠার ছলাত ছলাত ধ্বনী বিলের পাড়ের হাজারো মানুষকে উল্লসিত করে তুলেছিলো।
শনিবার বিকালে কুষ্টিয়ার কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের পুরাতন চড়াইকোলের বহলবাড়িয়া বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকাল থেকে শুরু হওয়া দুই দিনের এই বাইচের আয়োজনের মূল উদ্দেশ্য ছিল-হারানো ঐতিহ্যকে ফিরিযে আনা। এলাকাবাসীদের বিনোদন দেওয়া।
রঙ-বেরঙের ডিঙি নৌকা। গায়ে রঙিন গামছা বাঁধা মাল্লারা। ঢোল-কাঁসর আর বাঁশির তালে তালে সমান তালে বৈঠা চালান তারা। আর পাড়ে দাঁড়িয়ে দর্শকদের করতালি আর “হেইও” ধ্বনি।
কুষ্টিয়া সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র অন্তর বিশ্বাস বলেন, শহরে এসব দেখা যায় না। ছোটবেলায় দাদার কাছে বাইচের গল্প শুনেছি। আজ নিজ চোখে দেখলাম। খুব ভালো লাগছে।

চড়াইকোল গ্রামের ষাটোর্ধ্ব আজিবর মোল্লা বলেন, আমরা ছোটবেলায় এই বিলেই বাইচ খেলেছি। মাঝখানে কয়েক বছর বন্ধ ছিল। আবার শুরু হওয়ায় পুরোনো স্মৃতি মনে পড়ে গেল।
প্রতিযোগিতায় অংশ নেওয়া মূয়র নৌকার ব্যবস্থাপনা পরিচালক আল মামুন বলেন, ঢাকায় চাকুরি করি। খেলার জন্য গ্রামে এসেছি। অনেক কষ্ট করে নৌকা সাজিয়েছি। মানুষের এত সাড়া পাব ভাবিনি। চাই প্রতি বছর যেন এমন আয়োজন হয়।
বহলবাড়িয়া বিলে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজনের কথা বললেন আয়োজক কমিটির সদস্য সচিব ওয়াশিম আকরাম। তিনি বলেন, আমাদের ছেলেরা যেন খেলাধুলা আর সংস্কৃতির মধ্যে থাকে। মাদকের দিকে না যায়। সে জন্যই এই বাইচ। অন্তত ১০ হাজার মানুষের সমাগম হয়েছে। মানুষের সাড়া দেখে আমরা অনুপ্রাণিত। সামনে আরও বড় করে করার ইচ্ছা আছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী বলেন, একটি বাইচ শুধু খেলা নয়। এটি গ্রাম বাংলার সংস্কৃতি, ঐতিহ্য আর মানুষের মিলনমেলা। এমন উদ্যোগ সারা জেলায় ছড়িয়ে দেওয়া উচিত।






