কুষ্টিয়ায় বিজিবির অভিযানে মাদক ও মালামাল উদ্ধার

0
19

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সীমান্তে পৃথক স্থানে অভিযান চালিয়ে প্রায় ২৯ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৮ আগস্ট ) ও শনিবার (২৯ আগস্ট) কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ১১টার দিকে কাথুলী বিওপির দায়িত্বপূর্ণ কাঠালতলা মাঠ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় দুই বোতল মদ ও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অন্যদিকে, শনিবার রাত ১২টা ৪০ মিনিটের দিকে ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ পাকুরিয়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় এক হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫৫০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, চার বোতল ফেয়ারডিল সিরাপ ও এক বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

একই দিন রাত সাড়ে ৩টার দিকে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ কাজিপুর নওপাড়া সুইচ গেট এলাকায় অভিযান চালিয়ে ৪০০ বোতল ফেয়ারডিল সিরাপ ও ৭ হাজার ৬০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়াও শনিবার সকাল ৬টার দিকে বিওপির দায়িত্বপূর্ণ গুরের পাড়া জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় এক হাজার ৭১০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত এসব মাদক ও মালামালের আনুমানিক বাজার মুল্য ২৮ লাখ ৮৫ হাজার ৪৫০ টাকা বলেও জানিয়েছেন বিজিবি।

বিজিবি আরও জানিয়েছে, সীমান্তে মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান ও নজরদারি চালিয়ে যাচ্ছে। সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card