কাবাডি খেলায় হেরে প্রতিপক্ষের খেলোয়ারকে ছুরিকাঘাত

0
29

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতায় কাবাডি খেলায় হেরে গিয়ে প্রতিপক্ষ দলের শিক্ষার্থীদের হামলা ও ছুরিকাঘাতে রাফিউস সালেহ রক্তিম (১৬) নামে এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে।

প্রাথমিক ভাবে জানা গেছে, এ ছুরিকাঘাতের ঘটনার সাথে কুষ্টিয়ার অন্তত চারটি শিক্ষা প্রতিষ্ঠানের কিশোর গ্যাংয়ের সদস্যরা জড়িত রয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য অভিযান শুরু করেছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতায় এ ঘটনা ঘটে।

আহত ছাত্র রক্তিম কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা এলাকার মুন্সি সালামের ছেলে। সে দহকুলা মহম্মদ শাহী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। তার মা রাশেদা খাতুন ওই স্কুলের শিক্ষিকা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কুষ্টিয়া স্টেডিয়ামে দহকুলা মহম্মদ শাহী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও জেলা কালেক্টরেট স্কুলের মধ্যে কাবাডি খেলা অনুষ্ঠিত হচ্ছিল। খেলায় দহকুলা মাধ্যমিক বিদ্যালয় ৪৪-২৮ পয়েন্টে জয়লাভ করে। পরাজয়ের পর জেলা কালেক্টরেট স্কুলের কয়েকজন শিক্ষার্থী ক্ষুব্ধ হয়ে ওঠে।

খেলা শেষ হওয়ার পর প্রতিপক্ষ দলের শিক্ষার্থীরা ১২ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় রক্তিমের ওপর হামলা চালায় এবং পিঠে ছুরি দিয়ে আঘাত করে। এ সময় হামলায় রক্তিম ছাড়াও মাছুম নামে আরও একজন আহত হয়। পরে শিক্ষক ও সহপাঠীরা আহত রক্তিমকে উদ্ধার করে দ্রæত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে নিয়ে যায়। বর্তমানে সে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে। মাছুমকেও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন বলেন, ছুরিকাঘাতে আহত এক স্কুল শিক্ষার্থীকে ঘটনার পর পরই হাসপাতালে আনা হয়। তার পিঠে ছুরিকাঘাত করা হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে সে শঙ্কামুক্ত।

ঘটনার প্রত্যক্ষদর্শী দহকুলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক খন্দকার নজরুল ইসলাম বলেন, খেলার শেষ পর্যায়ে প্রতিপক্ষ দলটি যখন হেরে যাচ্ছিল, তখন তারা উত্তেজিত হয়ে পড়ে। ৪৪-২৮ পয়েন্টে আমাদের বিজয়ের পর তারা অতর্কিত এ হামলা চালায়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, ”কাবাডি খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষ দলের স্কুল শিক্ষার্থীদের হামলার সময় এই ছুুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমি নিজে হাসপাতালে গিয়ে আহত ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি। ইতোমধ্যে ঘটনার সাথে জড়িতদের বিষয়ে তথ্য পাওয়া গেছে। পুলিশ সংশ্লিষ্টদের আটকের জন্য অভিযান চালাচ্ছে। আশা করি খুব দ্রæত ঘটনার সাথে জড়িততদেও গ্রেফতার করা সম্ভব হবে। এছাড়া পুনরায় যাতে এ ঘটনাকে কেন্দ্র করে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য ঘটনার পর বৃহস্পতিবার দহকুলা মহম্মদ শাহী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও জেলা কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের সাথে বৈঠক করা হয়েছে।” এ ঘটনায় থানায় এজাহার দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।

Share this news as a Photo Card