কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৮ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার হয়েছে।
বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা মাঠ নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে।
এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৮ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ এবং ৪ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১২ লক্ষ ১৯ হাজার ২শ টাকা।
একই রাত আনুমানিক ১১ টা ৫০ মিনিটের সময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আকন্দপাড়া মাঠ নামক স্থানে বিজিবি’র একটি টহল দল অভিযান পরিচালনা করে।
অভিযানে মালিকবিহীন অবস্থায় ৯৯০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, এক হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৩৫৫ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৬ লক্ষ্য ১৯ হাজার ৫২৫ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ৪৭ বিজিবি সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের অনুপ্রবেশ, চোরাচালান, অবৈধ পারাপারসহ সকল প্রকার সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিতভাবে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। সীমান্তে সুরক্ষা নিশ্চিতকরণ এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






