বিরোধী দল লংমার্চের নামে জ্বালানি অপচয় ও জনদুর্ভোগ সৃষ্টি করছে- প্রতিমন্ত্রী ইসরাক

0
28

স্টাফ রিপোর্টার

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বিরোধী দলের লংমার্চকে জ্বালানি অপচয় ও জনগণের ভোগান্তি সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন। তিনি প্রশ্ন করে বলেন, সরকারের প্রথম ছয় মাসে বিরোধী দল হিসেবে তারা কতটুকু সফল হয়েছে, তা পর্যালোচনা করা উচিত।

শনিবার (৫সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার খোকসা মুক্তিযোদ্ধাদের সমাবেশে সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। পরে তিনি খোকসা জানিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে যোগদান করেন।

প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, আমি মনে করি বিরোধী দলের লংমার্চ কর্মসূচিটা অযথাই জনগণের ভোগান্তি সৃষ্টি করবে এবং জাতীয় সম্পদ নষ্ট করবে। তারা প্রথম দিকে বলেছিল লংমার্চ হবে জ্বালানি সংকটের কারণে অথচ এখন এই লংমার্চ গিয়ে দাঁড়িয়েছে গণরায় বাস্তবায়নের দাবিতে। হিসাব বলছে লংমার্চে প্রায় ১ লক্ষ লিটার জ্বালানি তেল পোড়ানো হবে।

তিনি আরও বলেন, “জনগণ একটা সংস্কার চায় এবং আমরা গণরায়ের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের পক্ষেও প্রচার করেছি। সেই সংস্কার আমরা সংবিধান সংশোধনের মাধ্যমেই করব। কিন্তু যারা ওই দ্বিতীয় শপথ নিল, যেটা সম্পূর্ণ অবৈধ, সেই শপথ নেওয়ার মাধ্যমে তো তাদের প্রথম শপথ অবৈধ হয়ে যায়। যারা আইনের বিষয়ে, সংবিধানের বিষয় বিশেষজ্ঞ। তারা স্পষ্ট কওে বলতে পারবেন। আমরাও সংবিধান সংশোধনের মাধ্যমেই সংস্কারটা করতে চাচ্ছি।

বিরোধী দলের সমালোচনা করে প্রতিমন্ত্রী আরও যোগ করেন, “সংবিধান সংশোধনী কমিটিতে বিরোধী দলকে আহ্বান জানানো হয়েছে, তারা এখন পর্যন্ত সেখানে অংশগ্রহণ করছে না। আবার ওইদিকে তারা লংমার্চের নামে একটা জনগণের ভোগান্তি সৃষ্টি করছে, জ্বালানি সংকটের সময় তারা অযথা জ্বালানি পোড়াচ্ছে।

শনিবার দুপুরে খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। মুক্তিযোদ্ধাদের সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ফজলুল হক। বিকালে খোকসা জানিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত আলোচনা সভায় যোগদান করেন। এ সভায় সভাপতিত্ব করেন খোকসা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান।

দিনব্যাপী অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা অধক্ষ্য সোহরাব উদ্দিন, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, খোকসা পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন প্রমুখ।

Share this news as a Photo Card