স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় একটি ব্যাটারির দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে সৃষ্ট আগুনে দুই ব্যবসায়ীর প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে খোকসা পৌর বাজারের প্রধান সড়কের ইমরান ব্যাটারী এন্ড পার্টস হাউজ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মহুত্যের মধ্যে পাশের একটি লেপ-তোষকের দোকান ও পেয়াজ ব্যবসায়ীর ঘরে আগুন ছড়িয়ে পরে। বাজারের নৈশ প্রহরীরা ছুটে গিয়ে খোকসা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের সদস্যরা প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন। ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ইমরান ব্যাটারী এন্ড পার্টস হাউজের মালিক মো. ইউনুস আলী জানান, রাত আনুমানিক ২টার দিকে বাজারের নাইট গার্ড মো. আলাউদ্দিন তাকে জানায় দোকানে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। বিক্রির জন্য আনা ব্যাটারি ও পাখি ভ্যানের বিভিন্ন যন্ত্রাংশসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল ছিল। আগুনে সব পুড়ে গেছে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তিনি ধারণা করছেন।
পার্শ্ববর্তী লেপ-তোষকের ব্যবসায়ী সোহেল বলেন, রাতে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি দোকানে এসে আগুন নেভানোর কাজে শুরু করি। আমার দোকানের দেড় লাখ টাকার কাপড় পুড়ে গেছে এবং অনেক মালামাল ভিজে নষ্ট হয়ে গেছে।
খোকসা ভায়ার সার্ভিসের কর্মকর্তা রশোন আলী জানান, অগ্নিকান্ডে দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি দোকান থেকে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা এবং অপর দোকান থেকে প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
খোকসা উপজেলা নির্বাহী অফিসার খালিদ বিন মনসুর ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, খবর পেয়ে সরেজমিনে পরিদর্শন করেছি। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা করা হবে।






