কুষ্টিয়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

0
26

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলার আলমপুর ইউনিয়নের স্বস্তিপুর গ্রামে বজ্রপাতে তুফা প্রধান (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন । তারা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

সোমবার (৭সেপ্টেম্বর ) দুপুরে বৃষ্টির মধ্যে মাঠে সার ছিটানোর সময় বজ্রপাত হলে তোফাজ্জল হোসেন তুফা প্রধান গুরুতর আহত হন। পরে স্থানীয় কৃষকেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহত তোফাজ্জল হোসেন তুফা প্রধান স্বস্তিপুর গ্রামের মসজিদপাড়ার আব্দুল মান্নান প্রধানের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে স্বস্তিপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের পাশের মাঠে বৃষ্টির মধ্যে সার ছিটাচ্ছিলেন তুফা প্রধান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের কৃষকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। পথে তাঁর মৃত্যু হয়।

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রাম পুলিশের মাধ্যমে কিছুক্ষণ আগে বিষয়টি জানতে পেরেছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে আলামপুর ক্যাম্পের এএসআই ফরিদুল ইসলাম বলেন, কৃষক তোফাজ্জল হোসেনের তুফা প্রধানের মৃত্যু বজ্রপাতে হয়েছে। কারো কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছেন তারা।

Share this news as a Photo Card