কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় একদিনে কুকুরের কামড়ে নারী-পুরুষ ও শিশু-বৃদ্ধসহ ২২ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বাহিরচর ইউনিয়নের ৬৮ পাড়ায় ১২ জন এবং মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর এলাকায় ১০ জন আক্রান্ত হন।
সোমবার সকাল পর্যন্ত দুই ইউনিয়নে আক্রান্ত ২২ জন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
আক্রান্তদের মধ্যে রয়েছেন জহুরুল (৬৮ পাড়া), আব্দুল হান্নান (ক্লিক মোড়), নায়েব আলী মোল্লা (৬৮ পাড়া), ডাবলু মোল্লা (৬৮ পাড়া), জাহাঙ্গীর, রুবিনা, হালিম, বাবুল, রজিনা, রিয়াদুল, বাইজিদ ও মানিক।
মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর ও আশপাশের এলাকায় আক্রান্ত ১০ জন হলেন মো. হালিম (৪০), বাইজিদ (৫), বাপ্পি (২৮), মোছা. রিজিয়া খাতুন (৫৫), মো. ফিরাজুল (৪৫), মোছা. জামেলা খাতুন (৪০), মো. বাবলু (৫৫), মো. নাজমুল (২৩), মোহাম্মদ নুর (৬) ও মোছা. খাদিজা (১০)।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয়েছে। সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদানের পর ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে আক্রান্ত একজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
বাহিরচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম বিজলী মালিথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আক্রান্তদের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, একটি কুকুরের কামড়ে ইউনিয়নের ১২ জন আক্রান্ত হয়েছে বলে জানতে পেরেছি। গণহারে কুকুরের কামড়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আমিরুল আরাফাত বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নে বর্তমানে কুকুরের কামড়ের বিষয়টি জনগণের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বেওয়ারিশ কুকুর নিধনের বিষয়ে মহামান্য হাইকোর্টের নির্দেশনা (রিট পিটিশন) চলমান থাকায় প্রশাসনের পক্ষ থেকে বেওয়ারিশ কুকুর নিধনের বিষয়ে তাঁরা কোন পদক্ষেপ নিতে পারছেন না বলে উল্লেখ করেন।
তিনি আরও জানান, সোমবার সকালে কুকুরের কামড় খেয়ে আক্রান্ত একজন ব্যক্তি তাঁর দফতরে ছুটে এসেছিলেন। তাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।






