বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

0
21

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই ইমদাদুল হক বাদাল (৫২) নিহত হয়েছেন।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা বাদালতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমদাদুল হক ওই এলাকার সুলতান বাদালের ছেলে। এ ঘটনায় তার বড় ভাই বজলুর রহমান বাদলের বিরুদ্ধে হত্যাকান্ডের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। রবিবার সন্ধ্যায় এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই বজলুর রহমান দেশীয় অস্ত্র (হাসুয়া) দিয়ে ছোট ভাই ইমদাদুলকে আঘাত করেন। এতে তিনি মারাত্মক জখম হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোয়াজ আলী বলেন, নিহত ইমদাদুল হক বাদাল কৃষি কাজ করতেন। জমি নিয়ে আপন ভাইয়ের হাতে খুন হওয়ার বিষয়টি দুঃখজনক।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card