বোরকা পরে চুরি করতে আসা যুবককে রাতভর নির্যাতন

0
27

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে বোরকা পরে চুরি করার অভিযোগ তুলে ইসরাইল (৩০) নামে এক যুবককে সারা রাত ধরে নির্যাতন চালানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় নির্যাতনের শিকার ওই যুবককে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নির্যাতনের শিকার ওই যুবকের পরিবারের পক্ষ থেকে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বোরকা পরে চুরি করার কথা প্রচার করা হলেও পুলিশের দাবি, ঘটনাটি রহস্যজনক। বিষয়টি শুধু চুরির অভিযোগের মধ্যে সীমাবদ্ধ নয়। দুই পরিবারের মধ্যে আগে থেকেই বিরোধ চলে আসছিল। এছাড়াও চুরির অভিযোগের পক্ষে প্রাথমিকভাবে সুনির্দিষ্ট কোনো আলামত পাওয়া যায়নি।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আড়িয়া গ্রামের সদর মন্ডলের বাড়িতে বোরকা ও নারীদের পোশাক পরে প্রবেশ করেন ইসরাইল।

স্থানীয়দের দাবি, তিনি ঘরের ভেতর থেকে মোবাইল ফোন চুরির চেষ্টা করছিলেন। এ সময় ওই বাড়ির সদস্যরা তাকে দেখে আটকানোর চেষ্টা করেন।

এক পর্যায়ে ইসরাইল দৌড়ে পালানোর চেষ্টা করলে বাড়ির সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে ধরে ফেলেন। পরে তার পরনের বোরকা খোলা হলে তিনি পুরুষ বলে নিশ্চিত হন স্থানীয়রা। এরপর তাকে সারারাত ধরে বেধড়ক মারপিট করা হয়। নির্মম নির্যাতনে তার হাঁটু ভেঙ্গে যায় এবং কোমড়সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। খবর পেয়ে রবিবার সকালে ভুক্তভোগী ওই যুবকের পরিবারের সদস্যরা সেখানে গিয়ে উপস্থিত হয়। এসময় তারা নির্মম নির্যাতনের ঘটনায় চরম ক্ষোভ জানিয়ে সেখান থেকে ওই যুবককে উদ্ধার না করেই চলে আসে এবং পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে দৌলতপুর থানার পুলিশ সেখানে যায়। এর আগেই গুরুতর আহত অবস্থায় ওই যুবককে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

পা ও কোমরে গুরুতর আঘাত লাগায় পরে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়দের অভিযোগ, ইসরাইলের বিরুদ্ধে এলাকায় আগেও একাধিক চুরির অভিযোগ রয়েছে। সন্দেহ এড়াতে তিনি নারীদের পোশাক ও বোরকা পরে চুরির চেষ্টা করেছিলেন বলেও তারা দাবি করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, ওই যুবককে নারীদের পোশাক পরা অবস্থায় চোরের অপবাদ দিয়ে স্থানীয়রা বেধড়ক মারধর করেছেন। এতে তার পা ও কোমরে বেশ ভালোভাবে আঘাত লাগে।

ওসি আরও বলেন, দুই পরিবারের মধ্যে আগে থেকে দ্ব›দ্ব চলে আসছিল। সেই কারণেও ঘটনাটি ঘটতে পারে। যারা চুরির অভিযোগ করেছেন, তারা চুরির কোনো সুনির্দিষ্ট আলামত দেখাতে পারেননি। নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী ওই যুবকের ভাই সিমারুল বাদী হয়ে রবিবার দুপুরে ওই বাড়ির মালিক সদর মন্ডলসহ ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।

Share this news as a Photo Card