কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে ঝাড়ু মিছিল করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া শহরে এ ঝাড়ু মিছিল করেন তারা।
মিছিলটি কুষ্টিয়া শহরের কোর্ট স্টেশনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড় শহীদ চত্বরে গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীদের হাতে ঝাড়ু দেখা যায়।
মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় মহিলা দলের নেত্রীরা মুফতি আমীর হামজার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন।
নেতাকর্মীরা বলেন, মুফতি আমীর হামজা আমাদের নেত্রী ফরিদা ইয়াসমিনকে অনির্বাচিত বলে আক্ষা দিয়েছেন। তাকে নিয়ে নোংরা কথাবার্তা ও কটুক্তি করেছে।
একজন নারী জনপ্রতিনিধিকে নিয়ে কটূক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের বক্তব্যের নিন্দা জানিয়ে তাঁরা সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এসময় কুষ্টিয়া শহর মহিলা দলের সভানেত্রী শিল্পীসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা নুরুজ্জামান অডিটোরিয়াম হলে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায অনুষ্ঠিত হয়। মিটিং এর প্রধান অতিথি বক্তব্যে মহিলা সংরক্ষিত সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে অনির্বাচিত বলে আক্ষাদেন।
ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য বলেন, আমরা কথা বললেই সব সময় আমাদের বক্তব্যকে উল্টে বিপরীত দিক ধরা হয়। আমি ১ লাখ ৮৩ হাজার ভোটে জয়লাভ করেছি। কিন্তু অনেক প্রোগ্রামে আমাদের মাইনাস করা হয়। প্রতিটি ইউনিয়নে সারের ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে। এ নিয়ে কুষ্টিয়া প্রশাসন একটি মিটিং করেছেন যেখানে সরকারি দলের নেতারা ছিলেন। নির্বাচিত এমপিদের বাদ দিয়ে অনির্বাচিত মহিলা সংরক্ষিত সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে করা হয়েছে।
মুফতি আমীর হামজা এমপি আরও বলেন, সংসদ সদস্যরা কমিটির উপদেষ্টা তাদের বাদ দিয়ে কমিটি বহিভূত ব্যক্তিদের নিয়ে প্রশাসন মিটিং করেন এটি দুঃখজনক। তারা বলেছেন সরকারি দলের ছাড়া আর কাউকে সারের ডিলারশিপ দেওয়া যাবেনা। এটা কখনোই মানা যায়না।
মুফতি আমীর হামজা তাদের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে বলেছেন, আপনারা কি ২৪ আগষ্ট দেখতে চান। আপনাদের কর্মকান্ডই তা প্রকাশ পাচ্ছে। এমন হলে দেশের জনগন আপনাদের ছাড়বেনা।






