কুমারখালী প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে হঠাৎ মাইকিং করে প্রতিকাপ চায়ের দাম বাড়িয়ে রং চা ৮ টাকা ও দুধ চায়ের দাম ২০ টকা করা হয়েছে।
ইতোমধ্যে মাইকিং এর এ ঘোষনা কার্যকর করে রং চা ৩ টাকা বাড়িয়ে ৮ টাকা ও দুধ চায়ে ৭ টাকা বাড়িয়ে ২০ টাকায় বিক্রি করা হচ্ছে। এ নিয়ে শহরের চা-পানকারীদের মধ্যে দেখা দিয়েছে প্রতিক্রিয়া। বিষয়টি এখন রীতিমতো ‘টক অব দ্য টাউনে’ পরিনত হয়েছে।
রবিবার রাতে কুমারখালী পৌর বাজারে ‘চা ব্যবসায়ী সমিতি’র নামে মাইকিং করে চায়ের নতুন দাম ঘোষণা করা হয়। পরদিন সোমবার সকাল থেকেই কয়েকটি দোকানে নতুন দামে চা বিক্রি শুরু হলে বিপাকে পড়েন নিয়মিত চা-পানকারীরা। অনেকেই নতুন দাম শুনে দোকানিদের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন।
কলেজ মার্কেট এলাকার চা বিক্রেতা আলতাফ হোসেন বলেন, রাতে মাইকিং হয়েছে। এখন থেকে এক কাপ রং চা ৮ টাকা ও এক কাপ দুধ চা ২০ টাকায় বিক্রি করতে হবে। তাই সকাল থেকেই নতুন দামেই চা বিক্রি শুরু করেছি।
তবে দাম বৃদ্ধির বিষয়ে আপত্তি জানিয়েছেন শহরের প্রবীণ চা বিক্রেতাদের কেউ কেউ। বড় মসজিদ গলির চা বিক্রেতা শুকুর সেখ বলেন, “এক লাফে ৮ টাকা ও ২০ টাকা করা ঠিক হয়নি। দাম বাড়ানো হলেও আরেকটু কম রাখা উচিত ছিল।”
হলবাজারের প্রবীণ চা বিক্রেতা ওসমান সেখ বলেন, “পাকিস্তান আমল থেকে চা বিক্রি করছেন। একসময় এক পয়সা, দুই পয়সা কাপ চা বিক্রি করেছি। এখনো চা বিক্রি করছি। বেশি দামে চা বিক্রির জন্য মাইকিং করা হয়েছে, তা শুনেছি। তবে কে বা কারা করেছে, জানি না।”
তিনি জানান, তিনি এখনো আগের দামেই চা বিক্রি করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গুড় বাজার এলাকার চা বিক্রেতা আব্দুর রফিক এবং প্রধান সড়কের আরেক চা বিক্রেতা স্বপনের উদ্যোগে চায়ের দাম বৃদ্ধির বিষয়ে শহরে মাইকিং করা হয়েছে। তাদের দোকানে গিয়ে দুজনকেই পাওয়া যায়নি। এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।
অন্যদিকে, চায়ের দাম বৃদ্ধির পক্ষে যুক্তি দিয়েছেন থানা মোড়ের চা বিক্রেতা সমীর চাকী। তিনি বলেন, “চা পাতির দাম বেড়েছে। কাঠ-খড়ির দামও বেশি। তাই চায়ের দাম বাড়ানো দরকার।”
স্থানীয় চা-পানকারীরা বলছেন, চায়ের দাম বাড়ানো নিয়ে আপত্তি থাকলেও তার চেয়েও বেশি প্রশ্ন উঠেছে কারা, কীভাবে এবং কোন কর্তৃত্বে মাইকিং করে নতুন দাম নির্ধারণ করল তা নিয়ে। কারণ, দীর্ঘদিন ধরে কুমারখালীর বিভিন্ন চায়ের দোকানে ভিন্ন ভিন্ন দামে চা বিক্রি হয়ে আসছে।
হঠাৎ করে মাইকিংয়ের মাধ্যমে চায়ের দাম বৃদ্ধির এমন ঘোষণা শহরজুড়ে ব্যাপক আলোচনা তৈরি করেছে। সকাল থেকে চায়ের দোকানগুলোতে নতুন দাম নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিষয়টি এখন কুমারখালীর মানুষের কাছে পরিণত হয়েছে আলোচিত ‘টক অব দ্য টাউনে’।






