সড়কের মোড়ে কাফনের কাপড়ের পুটলি দেখে আতঙ্ক

0
21

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে গভীর রাতে সড়কের তিন রাস্তার মোড়ে সাদা কাপড়ের (কাফনের কাপড়) পুটলি রেখে পাশে মোমবাতি জ্বালিয়ে রাখার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুটলিটি দেখতে পেয়ে ওই সড়ক দিয়ে চলাচলকারী পথচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুটলিটি রাস্তা থেকে সরিয়ে নেয়।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার হোসেনাবাদ-ফিলিপনগর সড়কের মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ স মিলস সংলগ্ন তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সড়কের ওপর সাদা কাপড়ে মোড়ানো একটি পুটলি পড়ে থাকতে দেখেন পথচারীরা। কাপড়ের গায়ে রক্তের মতো লাল দাগ ছিল। পুটলির ভেতরে সিঁদুর, একটি পুতুল ও মাটির তৈরি কিছু জিনিসপত্র ছিল বলে জানান তারা। পুটলিটির পাশে একটি মোমবাতিও জ্বলছিল। গভীর রাতে এমন দৃশ্য দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে থাকা স্থানীয় বাসিন্দা হুসাইন আহম্মেদ বলেন, ‘রাতে কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম। রাস্তার মোড়ে দেখি একটি সাদা পুটলিকে ঘিরে কয়েকজন দাঁড়িয়ে আছেন। পরে পুলিশ এসে পুটলিটি সরিয়ে নেয়। প্রথমে এ ঘটনায় আতঙ্ক তৈরি হয়। সাদা কাপড়ের পাশে মোমবাতি জ্বলছিল এবং কাপড়ের গায়ে লাল রঙের মতো দেখা যাচ্ছিল।’

আরেক স্থানীয় বাসিন্দা ওমর ফারুক বলেন,‘হয়তো কেউ কালোজাদু করে এসব রেখে যেতে পারে। তবে ঘটনা দেখে অনেকেই রাতে ভয় পেয়েছেন।’

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুটলিটি সড়ক থেকে সরিয়ে নেয়। তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে এসব জিনিস সেখানে রেখে গেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, কেউ আতঙ্ক তৈরি করতে এমনটি করে থাকতে পারে। কালোজাদু বা কুফরিও হতে পারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুটলিটি সড়ক থেকে সরিয়ে দিয়েছে।’

ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Share this news as a Photo Card