কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী থানা পুলিশ চেকপোস্ট বসিয়ে দুইটি চোরায় গরুসহ আন্ত:জেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ।
মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর সৈয়দ মাছ – উদ – রুমী সেতুর টোলপ্লাজা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও তিন চোর পালিয় গেলেও একটি ট্রাক ( ঢাকা মেট্রো – ড – ১১- ৭৮৯৯) জব্দ করেছে পুলিশ। পরে গরুর প্রকৃত মালিক সনাক্ত হলে জব্দকৃত গরু তাদের কাছে হস্তান্তর করা হবে। বুধবার ( ১৬ সেপ্টেম্বর) বিকালে ট্রাকসহ আসামিদের কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন – মানিকগঞ্জের শিবালয় উপজেলার জয়নাল ব্যাপারীর ছেলে মো. জসিম (৪০), ফরিদপুর সদর উপজেলার মাতুয়ার ডাঙ্গীর মেহের জোয়ার্দারের ছেলে সোলেমান জোয়ার্দার (৩৬) ও রাজবাড়ীর পাংশা উপজেলার দত্ত মাজাইলের আব্দুল মজিদের ছেলে সবুজ হোসেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, জব্দৃকত গরুর প্রকৃত মালিক কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার গৌস্বামী দুর্গাপুর ইউনিয়নের আসাননগর গ্রামের মোয়াজ্জেম মন্ডলের ছেলে সানোয়ার মন্ডল (৬০)। তিনি পেশায় কৃষক।
মঙ্গলবার রাত তিনটার দিকে বাইরে থেকে বসতঘরের দরজায় খিল লাগিয়ে গোয়ালঘরের তালা কেটে একটি গাভী ও এক ষাঁড় গরু ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যায় চক্রটি। গরুর বাজার মূল্য প্রায় এক লাখ ৭০ হাজার টাকা। গরু গুলো ট্রাকে ত্রিপলে ঢেকে নিয়ে যাওয়া হচ্ছিল।
কৃষক সানোয়ার মন্ডল বলেন, ‘রাত ৩টার দিকে ঘুম ভেঙে দেখি ঘরের দরজায় বাইরে থেকে খিল লাগানো। প্রতিবেশীদের সহয়তায় বাইরে এসে দেখে গোয়ালঘরের দরজা খোলা। গরু দুটি নেই। চারিদিকে খোঁজাখুঁজি করেও গরু পাইনি। সকালে বড় মেয়ে ফোন দিয়ে বলল গরু কুমারখালী থানায়।’
কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে রাতে টোলপ্লাজা এলাকায় চেকপোস্ট চলছিল। হঠাৎ সন্দেহজনক ভাবে একটি ট্রাকে তল্লাশী শুরু করলে তিনজন লাফ দিয়ে পালিয়ে যায়। তবে ট্রাকে দুইটি গরুসহ অপর তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে চক্রটি চুরির কথা স্বীকার করে। পরে গরু, ট্রাক ও আসামিদের ইবি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।






