ভেড়ামারায় পুকুর থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

0
18

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় একটি পুকুর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর বয়স আনুমানিক ৫০ থেকে ৬০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চাঁদগ্রাম এলাকার একটি মাঠের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চাঁদগ্রাম এলাকার একটি পুকুরে এক নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ভেড়ামারা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশের ধারণা ওই নারীর বয়স ৫০ থেকে ৬০ বছর এবং উচ্চতা প্রায় পাঁচ ফুট। মরদেহটি দুই থেকে তিন দিন আগের হতে পারে।

স্থানীয় এনামুল হক বলেন, পুকুরে অজ্ঞাত নারীর মরদেহ ভাসতে দেখে তাঁরা পুলিশকে খবর দেন। মৃত্যুর আগে ওই নারীকে এলাকায় কখনো দেখা যায়নি।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, পুকুর থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের জন্য পুলিশের টিম কাজ করছে।

Share this news as a Photo Card