কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া সীমান্তে পৃথক দুই অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ তিন তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)। একই সাথে সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির সূত্রে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (০৫ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে ৪৭ বিজিবির জামালপুর বিওপির একটি চৌকস টহল দল দৌলতপুরের পাকুড়িয়া পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে।
এ সময় ভারতীয় ২ বোতল মদ ও একটি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—দৌলতপুর উপজেলার বোদ্ধনাতলা গ্রামের মুক্তার হোসেনের ছেলে মোঃ খালেকুল সাইফুল (১৭), চরদিয়া গ্রামের ফেরদৌস আলমের ছেলে মোঃ আব্দুল আলিম (১৭) এবং একই গ্রামের নিয়াজ উদ্দিনের ছেলে মোঃ জান্নাত ইসলাম (১৬)। জব্দকৃত মদ ও মোটরসাইকেলের সিজার মূল্য প্রায় ৮৩ হাজার টাকা।
অপরদিকে, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ধলা বিওপির অপর একটি টহল দল ধলা মাঠ এলাকায় অভিযান চালায়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ২ কেজি ৯শ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১০ হাজার ১৫০ টাকা।
আটককৃতদের বিরুদ্ধে এবং জব্দ করা মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্ণেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং এই কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






