কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে দুটি পিস্তল, ২ রাউন্ড পিস্তলের গুলি এবং ১৬ রাউন্ড শর্টগানের গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বংশীতলা এলাকার জসিম ব্রিকস এর সামনে থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শালঘর মধুয়ার হাসেন আলী গোপালের ছেলে আরিফুল ইসলাম আরিফ (২৮) এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার দূর্বাচরা গ্রামের মোঃ রাহাদ আলীর ছেলে মোঃ আব্দুল্লাহ (২৮)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, অস্ত্র ও গুলিসহ একদল লোক এলাকায় অবস্থান করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানকালে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২টি পিস্তল, ২ রাউন্ড গুলি এবং ১৬ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রকিবউদ্দিন জনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি পিস্তল ও গুলিসহ আরিফ ও আব্দুল্লাহ নামের দুই যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।






