লালন সাঁইয়ের তিরোধান দিবসের তিন দিনের অনুষ্ঠান শুরু ১৭ অক্টোবর

0
27

কুষ্টিয়া প্রতিনিধি

মরমী সাধক ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উদ্যাপন ও সার্বিক প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১২টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও কুষ্টিয়া লালন একাডেমির সভাপতি মোঃ তৌহিদ বিন-হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ ইয়াসমিন বেগম।

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব) (সার্বিক, শিক্ষা ও আইসিটি এবং উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় তিরোধান দিবস সুষ্ঠু ভাবে আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মরমী সাধক ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ছেউড়িয়ায় ১৭ অক্টোবর থেকে তিন দিনের অনুষ্ঠান শুরু হবে।

সভায় বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (শিল্পকলা) মোঃ হারুন-অর-রশীদ, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মোঃ হাসান ইমাম, কুষ্টিয়া স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর এবং সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি বর্গ।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ শাখা এবং রেভিনিউ মুন্সিখানা শাখা) রেশমা খাতুন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও স্থানীয় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন স্তরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

সভায় বক্তারা বলেন, বাউল সম্রাট লালন সাঁইয়ের অসাম্প্রদায়িক মানবধর্ম ও দর্শনের বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে এবং প্রতি বছরের ন্যায় এবারও দূর-দূরান্ত থেকে আগত বাউল, সাধু ও ভক্ত-অনুরাগীদের সার্বিক নিরাপত্তা ও সুবিধা নিশ্চিতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card