রবিবার, নভেম্বর ২২, ২০২৬.
Home Blog Page 47

গড়াই নদী গোসলে নেমে দুই পরীক্ষার্থীর মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষা শেষে গড়াই নদীতে গোসল করতে নেমে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২০ মে) বিকালে হাটশ হরিপুর ইউনিয়নের হরিপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো একই এলাকার সাইফুল ইসলামের ছেলে অপুর্ব ইফতি তাইফ (১৮) ও নুরুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম (১৯)। দুজনই চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলো।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানানা, তাইফ দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুল এবং সাকিবুল কুষ্টিয়া জিলা স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে চলতি বছরে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করছিল। বুধবার তাদের ব্যবহারিক বাদে শেষ পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ করে দুই বন্ধু গড়াই নদীতে গোসলে নামে। তবে দুজনের কেউই সাঁতার জানতো না। এ সময় নদীতে ডুব দিলে তাইফ মাথা উঁচু করে উঠতে পারলেও সাকিব নদে তলিয়ে যায়। এক পর্যায়ে তাইফও তলিয়ে যায়। বিষয়টি স্থানীয়রা টের পেলে তাঁদের দু’জনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ইকবাল হাসান জানান, বিকাল সাড়ে চারটার দিকে দুই শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় আগেই তাদের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সেতুর টোল বন্ধের দাবিতে সড়ক অবরোধ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে সৈয়দ মাছ-উদ-রুমী সেতুতে টোল বন্ধের দাবিতে আয়োজিত মানবন্ধনে হামলার অভিযোগ উঠেছে ঠিকাদারের লোকদের বিরুদ্ধে। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে সেতুর টোলপ্লাজা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এরপর বিকাল ৫টা ২০ মিনিট থেকে মানববন্ধনকারীরা কুমারখালী বাসস্টান্ড সংলগ্ন গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

এসময় বিক্ষোভকারীরা সড়কের ওপর কয়েকটি টায়ারে আগুন জ্বালিয়ে রাখেন। ফলে সড়কের দুইদিকে কয়েক কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন কোরবানির গরু বোঝায় ট্রাকসহ শতশত যানবহন। পরে প্রশাসনের আশ্বাসে সন্ধ্যা পৌনে ৭টায় কর্মসূচি প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা।

সওজ সূত্রে জানা গেছে, ২০০৪ সালে ৩৫ কোটি টাকা ব্যয়ে গড়াই নদীর ওপর সেতুটি নির্মাণ করে সওজ। ২০২৪ সালের ৫ আগস্ট টোল আদায় বন্ধের দাবিতে টোল্লাজায় আগুন লাগিয়ে দেওয়া হয়। এর কয়েকদিন পর (১৩ আগষ্ট) সওজ কর্তৃপক্ষ টোল আদায় করতে গেলে বৈষম্যবিরোধী ছাত্রজনতা বাধা দেয়। এরপর থেকে সেতুতে টোল আদায় বন্ধ ছিল। এতে সেতু থেকে গত ২১ মাসে অন্তত ১৮ কোটি টাকার বেশি রাজস্ব হারিয়েছে সরকার।

আবার টোল চালু করতে গত ১০ মার্চ নতুন করে দরপত্র আহবান করে সওজ। এতে ২৩ কোটি ৭৫ লাখ টাকায় সেতুতে টোল আদায়ের ঠিকাদারি পেয়েছে কুষ্টিয়ার প্রতিষ্ঠান খ্রি স্টার এগ্রো ইন্ডাস্ট্রিজ। গত সোমবার রাত থেকে দুই-তিন চাকার যানবহন বাদ রেখে টোল আদায় শুরু করেন ঠিকাদারের লোকজন।

কুষ্টিয়া জাতীয় নাগরিক পার্টির ( এনসিপি) যুগ্ম সমন্বয়কারী কে এম আর শাহীন বলেন, ‘অবৈধ টোল বন্ধের দাবিতে আমাদের শান্তিপূর্ণ মানববন্ধন চলছিল। কিন্তু ঠিকাদরের সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়ে মাইক ও ব্যানার ছিনিয়ে নিয়ছেন। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

অভিযোগ অস্বীকার করে ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি আশরাফ হোসেন বলেন, জনগণের দাবির প্রেক্ষিতে দুই-তিন চাকার যানবাহন বাদ দিয়ে বৈধভাবে টোল তোলা হচ্ছে। কিছু লোকজন এসে মানবন্ধন করেছে। আমরা তাদের সহযোগীতা করেছি। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

এরপর প্রতিবাদে বিকাল ৫টা দিকে সড়কের কুমারখালী বাসস্টান্ড সংলগ্ন গোলচত্বর এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েক’শ বৈষম্যবিরোধী ছাত্রজনতা। সড়কের দুইদিকে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ যানযট।

এ সময় নাম প্রকাশ না করা শর্তে একজন মাইক্রো চালক বলেন, ঘণ্টাব্যাপী যানজটে আটকে আছি। দুইদিকে শতশত গাড়ির মানুষ ভোগান্তিতে পড়েছেন। আমরাও চাই টোল বন্ধ হোক। তবে এভাবে ভোগান্তি করে নয়।

জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির সদস্য সচিব মো. আসাদুজ্জামান আলী বলেন, ‘ ৫ আগষ্টের পর টোল বন্ধ ছিল। টোল বন্ধ আপামার জনগণের দাবি। তবে কিছু প্রশাসনের আমলা, রাজনৈতিক নেতারা জনগণের সঙ্গে প্রতারণা করে আবার টোল চালু করেছে। কিন্তু আমরা সাধারণ জনগণের পক্ষে আবার আন্দোলনে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

এরপর সন্ধ্যায় আন্দোলন কারীরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল করতে দেখা যায়।

মানববন্ধনে হামলার অভিযোগ অস্বীকার করে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, টোল বন্ধের আন্দোলনে প্রায় দেড়ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে প্রশাসনের আশ্বাসে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দেন। বর্তমান যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ইউএনও ফারজানা আখতার বলেন, অবরোধের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আন্দোলন যৌক্তিক দাবিকে সম্মতি জানানো হয়েছে। তবে লিখিতভাবে কিছু দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসান বলেন, মন্ত্রণালয়ের নির্দেশে টোল আদায় চলছে। সকল ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনওকে নির্দেশনা দেওয়া হয়েছে।

মাদ্রাসার অধ্যক্ষের ছেলের হয়ে পরীক্ষা দিতে গিয়ে তিন শিক্ষক আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চুয়ামল্লিকপাড়া রেজওয়ানুল উলুম দাখিল মাদ্রাসা কেন্দ্রে তখন চলছে এসএসসি (দাখিল) স্তরের জীববিজ্ঞান পরীক্ষা। হলের ভেতরে পরীক্ষার্থীরা যখন প্রশ্নের উত্তর মেলাতে ব্যস্ত, ঠিক তখনই কেন্দ্রের বাইরে চলছিল এক অবিশ্বাস্য ও অভিনব জালিয়াতির উৎসব। তবে শেষ রক্ষা হয়নি। খোদ শিক্ষকদের দিয়ে পরীক্ষা দেওয়ানোর ঘটনা মাঝপথেই ভেঙে দেয় র‌্যাবের একটি দল।

গল্পের মূল চরিত্রের পরীক্ষার্থী মো. নাসিরুল্লাহ (১৬)। সে মহিষকুন্ডি মুসলিম নগর দাখিল মাদ্রাসার শিক্ষার্থী। তবে তার সবচেয়ে বড় পরিচয়, সে ওই মাদ্রাসারই অধ্যক্ষ মো. আব্দুল ওহাব বিশ্বাসের ছেলে। বাবার ক্ষমতার দাপট আর অবৈধ অর্থের জোরে পরীক্ষা পাসের এক অদ্ভুত ছক কষা হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, নাসিরুল্লাহর জীববিজ্ঞান পরীক্ষার খাতা হলের ভেতরে নয়, বরং কেন্দ্রের বাইরে বসে লিখে দিচ্ছিলেন তিন শিক্ষক!

এ জড়িত আটক শিক্ষকরা হলেন- মো. বজলুর রহমান (৪৮), মো. নুরুল ইসলাম (৪৫) এবং মোছা. মাতোয়ারা খাতুন মায়া (৪০)। এই তিন শিক্ষকের কেউই ওই কেন্দ্রের অফিশিয়াল ডিউটিতে ছিলেন না। তারা কেবল তাদের সুপারের ছেলের খাতা লিখে দিতেই অবৈধভাবে কেন্দ্রে এসেছিলেন। দীর্ঘদিন ধরেই অর্থের বিনিময়ে তারা এমন অনৈতিক কাজ করে আসছিলেন বলে জানা গেছে।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে যখন তারা বাইরে বসে খাতা লিখছিলেন, তখনই হাতেনাতে তাদের ধরে ফেলে র‌্যাব-১২ এর একটি আভিযানিক দল।

শিক্ষকদের এই ‘কীর্তি’ ফাঁসের পর পরীক্ষা কেন্দ্র ও এর আশেপাশে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রভাবশালীদের একটি মহল তড়িঘড়ি করে এসে অভিযুক্ত শিক্ষকদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি সামাল দিতে দ্রæত ঘটনাস্থলে ছুটে আসেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাস।

তদন্তে নেমে বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাস জানান, তদন্তে জানা গেছে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও বাইরে থেকে খাতায় লিখে এনে জমা দেওয়ার মতো গুরুতর অনিয়ম এখানে ঘটেছে। আজকেও র‌্যাবের হাতে তিন শিক্ষক আটক হওয়ার বিষয়টি সত্য প্রমাণিত হয়েছে।

তাৎক্ষণিকভাবে অভিযুক্ত শিক্ষার্থী নাসিরুল্লাহকে বহিষ্কার করা হয়। তবে শিক্ষকরা কেন্দ্রের বাইরে আটক হওয়ায় তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া না গেলেও, কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এদিকে আটকের পর ওই তিন শিক্ষক নিজেদের বাঁচাতে সব দোষ চাপিয়েছেন মাদ্রাসার সুপারের ঘাড়ে। তাদের দাবি, তারা স্বেচ্ছায় এই জালিয়াতি করেননি; মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আব্দুল ওহাব বিশ্বাস তার ছেলের জন্য এই কাজ করতে তাদের বাধ্য করেছিলেন।

নিজের ক্ষমতার অপব্যবহার করে শিক্ষকদের জালিয়াতিতে বাধ্য করা এবং ছেলের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া সেই ‘অধ্যক্ষ’ বাবা এখন পলাতক রয়েছেন। অভিযোগের বিষয়ে জানতে তার মুঠোফোনে একাধিকবার কল করার চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া গেছে। বর্তমানে আটক তিন শিক্ষক র‌্যাবের হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ভিজিএফের কার্ড বাটোয়ারা : ইউনিয়ন পরিষদে হামলা ভিডিও ভাইরাল

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে চাহিদামতো সামাজিক নিরাপত্তা কর্মসূচির (ভিজিএফ) চালের কার্ড না পেয়ে দেশীয় অস্ত্র নিয়ে একটি ইউনিয়ন পরিষদে হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে।

মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটেছে। তবে সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে বুধবার সকাল থেকে এ নিয়ে হইচই শুরু হয়।

সিসিটিভি ফুটেজে ঘটনার সময় ইউপি চেয়ারম্যানের সঙ্গে হাতাহাতি ও রামদা হাতে ইউনিয়ন পরিষদের সচিবের দিকে তেড়ে যেতে দেখা গেছে।

ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের দাবি, ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনিস মন্ডল, প্রচার সম্পাদক কনিজ ও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নজরুল ইসলাম এই হামলার নেতৃত্বে ছিলেন। তার ভাষ্য, মূলত ভিজিএফ চালের কার্ডের একটি অংশ জামায়াত নেতাদেরকে দিতে বলায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই ফুলবাড়িয়া ইউনিয়নে কোরবানির ঈদকে সামনে রেখে ভিজিএফের চাল বিতরণের কার্ড ভাগবাটোয়ারা নিয়ে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাদের মধ্যে দ্ব›দ্ব চলে আসছিল। কয়েক দফায় বসেও সুরহা না হলে মঙ্গলবার ইউনিয়ন পরিষদের ভেতরে উত্তেজনা সৃষ্টি হয়।

চেয়ারম্যানের সঙ্গে হাতাহাতির পর স্থানীয় বিএনপির নেতারা দেশীয় অস্ত্র নিয়ে পরিষদ কার্যালয়ে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় পরিষদের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং চেয়ার-টেবিল ভাঙচুরের ঘটনাও ঘটে।

ফেসবুকে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনিস মন্ডল, প্রচার সম্পাদক কনিজসহ বেশ কয়েকজন রামদা হাতে নিয়ে ইউনিয়ন পরিষদের সচিব মোস্তফা হালিম সিদ্দিকী দিকে তেড়ে যায়। তাকে মারধর করে। এর আগের একটি ভিডিওতে দেখা যায়, বৈঠক চলাকালীন কয়েকজন চেয়ার থেকে উঠে গিয়ে চেয়ারম্যানকে মারতে তেড়ে যায়। এ সময় হাতাহাতির ঘটনা ঘটে। সেখানে ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঈদ উপলক্ষ্যে ইউনিয়ন পরিষদে ৬’শ ভিজিএফ চলের কার্ড পেয়েছি। স্থানীয় বিএনপি নেতারা চান তারাই সব কার্ড ভাগবাটোয়ারা করে নিবেন। যেহেতু স্থানীয় সংসদ সদস্য জামায়াত নেতা। এছাড়া এমপির প্রতিনিধি রয়েছেন। তাই তাদেরকে একশ কার্ড দিতে বলেছিলাম।

মঙ্গলবার দুপুরে বিএনপির স্থানীয় নেতাদের সাথে এ বিষয়ে কথা বলার সময় তারা আমার দিকে তেড়ে আসেন। পরে আমি ইউনিয়ন পরিষদ থেকে চলে যাওয়ার পর বিএনপি নেতা আনিস মন্ডল, কনিজ, যুবদল নেতা নজরুল ইসলামসহ ১০ থেকে ১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে একটি প্রাইভেটকার ও মটরসাইকেলে এসে পরিষদে হামলা চালায়। চেয়ার-টেবিল ভাঙচুর করে। এ সময় রামদা নিয়ে তারা সচিবের দিকেও তেড়ে যায়। সচিবকে মারধর করে।

নুরুল ইসলাম বলেন, এ ঘটনায় উপজেলা প্রশাসন কিংবা পুলিশ প্রশাসন থেকে তেমন কোন সহযোগিতা পাইনি। তাই মামলার বিষয়ে আপাতত ভাবছি না।

ইউনিয়ন পরিষদের সচিব মোস্তফা হালিম সিদ্দিকী বলেন, ভিজিএফের কার্ড এসেছে ৬১৬টি। এর মধ্যে বিএনপি দাবি করে সাড়ে ৪’শ। তাদেরকে দেড়শ কার্ড নিতে বলা হয়েছিল। কিন্তু বিএনপি নেতারা জামায়াতকে কোন কার্ড দিতে দেবে না। আমার গলায় অস্ত্র ঠেকিয়ে রেখেছিল। বিষয়টি আমি আমার উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। তারা পরবর্তী নির্দেশনা দিবেন।

এ বিষয়ে কথা বলতে ফুলবাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আনিসুজ্জামানের মুঠোফোনে বারংবার কল দিলেও রিসিভ করেননি।

তবে ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনিস মন্ডল এমন অভিযোগ অস্বীকার করে বলেন, চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। এতদিন পলাতক ছিলেন। গ্রামের একজন যুবককে বিদেশে পাঠানোর নাম করে ১০ লাখ টাকা নিয়ে ফেরত দিচ্ছেন না। সেই টাকার ব্যাপারে কথা বলতে গিয়েছিল।

ফুটেজে দেখা যাচ্ছে হাতে রামদা নিয়ে সচিবের দিকে তেড়ে যাচ্ছেন- এমন প্রশ্নে আনিস বলেন, ঠেকানোর জন্য আমি অন্য একজনের হাত থেকে রামদা কেড়ে নিয়েছিলাম। তাই আমার হাতে দেখতে পেয়েছেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিদুল ইসলাম বলেন, এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি নিয়ে আমরাও তদন্ত করছি।

এ বিষয়ে স্থানীয় সরকার উপ-পরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, বিষয়টি আমি জেনেছি। তাৎক্ষণিক ইউএনওকে যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

পিএসসির চলমান সংস্কার কার্যক্রম শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

0

কুষ্টিয়া প্রডিনিধি

কুষ্টিয়য় গতিশীল ও আধুনিক কমিশন (বাংলাদেশ সরকারী কর্ম কমিশন) গঠনে চলমান সংস্কার কার্যক্রম শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সচিব ড. মো: সানোয়ার জাহান ভূঁইয়া।

স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল- ইসলামের সভাপতিত্বে এবং বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের প্রকল্প পরিচালক যুগ্ম সচিব মো: আসাদুজ্জামানের (এনডিসি) সঞ্চালনায় সেমিনারে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার শিকদার মোঃ হাসান ইমাম, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর প্রমুখ বক্তব্য রাখেন।

সেমিনারে জেলার বিভিন্ন পর্যায়ের বিসিএস ক্যাডারের কর্মকর্তাবৃন্দ ছাড়াও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সচিব ড.মো:সানোয়ার জাহান ভূঁইয়া বলেন, পিএসসিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি একটি আস্থার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পিএসসিতে বিভিন্ন সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এজন্য ধারাবাহিকভাবে নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। প্রশ্নপত্র প্রণয়ন রথকে শুরু করে প্রিলিমিনারি এবং মৌখিক পরীক্ষায় শতভাগ নিরপেক্ষতা বজায় রেখে ফলাফল মূল্যায়ন করা হচ্ছে। যাতে করে প্রকৃত মেধাবীরা তাদের মেধার মূল্যায়নের সুযোগ পান। ইতোমধ্যেই বিসিএস পরীক্ষায় মৌখিক পরীক্ষার নাম্বার ২০০ থেকে কমিয়ে ১০০ নির্ধারণ করা হয়েছে। আগামীতে মৌখিক পরীক্ষার নাম্বার আরো কমানো যায় কিনা সেই চিন্তা ভাবনাও চলছে। প্রয়োজনিয় সংস্কারের পাশাপাশি স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার কারণে এখন আর অতীতের মত বিসিএসসহ পিএসসির অধীনে যেসব পরীক্ষা অনুষ্ঠিত হয় সেসব পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ থাকছে না।

সেমিনারে অংশগ্রহণকারীরা গতিশীল ও আধুনিক বাংলাদেশ সরকারী কর্ম কমিশন গঠনে তাদের সুচিন্তিত মতামত প্রদান করেন।

ভারসাম্য দৌড়

0

মুখে চা চামচ। তার উপর মার্বেল রেখে দৌড়ে যেতে হবে ৫০ মিটার। প্রথম অথবা দ্বিতীয় হলে মিলবে বিজয়ের মালা। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতার ভারসাম্য দৌড়ে অংশ নেওয়া শিশুরা। কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকরি মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে মঙ্গলবার তোলা ছবি।

কুষ্টিয়ায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘ভূমি সেবা মেলা ও ভূমি সেবা সপ্তাহ।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টার সময় কুষ্টিয়া সদর উপজেলা ভূমি অফিস চত্বরে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই মেলার আনুষ্ঠানিক সূচনা করা হয়। এর আগে ভূমি সেবা মেলা উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ বিন-হাসান। আগামী ২১ মে পর্যন্ত টানা তিন দিন ব্যাপী চলবে এই মেলা।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ আধুনিক ও ডিজিটালাইজড করার মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার ফলে জনগণের সময় ও হয়রানি যেমন কমবে, তেমনি ভূমির মালিকানা সুরক্ষিত হবে। দালালের দৌরাত্ম্য রুখে দিয়ে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ডিজিটাল স্মার্ট ভূমি সেবা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।” ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এই বিশেষ সেবা মেলার আয়োজন করেছে কুষ্টিয়া জেলা প্রশাসন এবং কুষ্টিয়া সদর উপজেলা ভূমি অফিস।

উদ্বোধনী অনুষ্ঠানে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবদুল ওয়াদুদ, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রনব কুমার সরকার, কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিনসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা বৃন্দ। তিন দিনব্যাপী এই মেলায় সাধারণ নাগরিকদের জন্য এক ছাতার নিচে একাধিক সেবার ব্যবস্থা রাখা হয়েছে।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, প্রথম দিনেই সেবাগ্রহীতাদের উপচে পড়া ভিড় ছিল। মেলা থেকে সরাসরি যেসব সেবা দেওয়া হচ্ছে, সেগুলোর মধ্যে রয়েছে- দ্রæততম সময়ে অনলাইনে নামজারির জন্য বিশেষ বুথ স্থাপন করা হয়েছে। ঘরে বসেই কীভাবে অনলাইনের মাধ্যমে খাজনা বা ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যায়, সে বিষয়ে সরাসরি ওয়ান-স্টপ সার্ভিস দেওয়া হচ্ছে। ডিজিটাল রেকর্ড রুমের মাধ্যমে খতিয়ানের অনুলিপি পাওয়ার সহজ উপায় শেখানো হচ্ছে।

মেলায় সরাসরি নাগরিকদের জন্য সরকারের ‘ভূমি সেবা হটলাইন ১৬১২২’ এবং বিদেশ থেকে যোগাযোগের জন্য +৮৮ ০৯ ৬১২৩ ১৬১২২ নম্বরটির ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে, যাতে যে কেউ যেকোনো স্থান থেকে ভূমির আইনি পরামর্শ পেতে পারেন। ব্যানারে উল্লিখিত সরকারি ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের অফিশিয়াল পেজের কিউআর কোড প্রদর্শন করা হয়েছে মেলা প্রাঙ্গণে।

এর মাধ্যমে তরুণ প্রজন্ম এবং সাধারণ নাগরিকরা সহজেই ভূমি সেবা সংক্রান্ত মোবাইল অ্যাপ ও তথ্য ডাউনলোড করতে পারছেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সেবা নিতে আসা সাধারণ মানুষের সাথে কথা বলেন। তিনি কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন, মেলায় আসা কোনো নাগরিক যেন সেবা না পেয়ে বা অসন্তুষ্ট হয়ে ফিরে না যান।

মেলাটি আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। সংশ্লিষ্ট মহল আশা করছেন, এই মেলার মাধ্যমে কুষ্টিয়াবাসীর ভূমি সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা ও ভীতি দূর হবে এবং একটি নতুন ও আধুনিক ভূমি সংস্কৃতির সূচনা ঘটবে।

‘আল্লাহ! আমার বাবাকে ফিরিয়ে দাও’

0

ধানরক্ষায় গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার

বিকেল থেকে মেঘ জমেছিল আকাশে। তখনই জমিতে কেটে রাখা ধানের আঁটির সাজানোর কথা মনে পড়ে হজরত আলী প্রামাণিকের। সেই ধানের আঁটি যখন স্তুপাকারে জড়ো করছিলেন, তখনই শুরু হয় তুমুল বজ্রপাত। সঙ্গে বৃষ্টি। এ সময় গগনবিদারী শব্দে একের পর এক বজ্রপাত হয়। সেই বজ্রপাতে নিজের জমিতেই লুটিয়ে পড়েন হজরত আলী।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তী হাজরা গ্রামে গুরুতর আহত হন হজরত আলী। অচেতন অবস্থায় তাঁকে নেওয়া হয় প্রায় ৬ কিলোমিটার দূরের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানেই চিকিৎসক মৃত ঘোষণা করেন এই কৃষককে।

হজরত আলী প্রামাণিক জয়ন্তী হাজরা ইউনিয়নের জয়ন্তী হাজরা প্রামের মৃত আক্কেল আলী প্রামাণিকের ছেলে। তাঁকে মৃত ঘোষণার অল্পক্ষণের মধ্যেই হাসপাতালে পৌঁছায় তাঁর দুই শিশু সন্তান ও স্ত্রী। বাবার মৃত্যু সংবাদ পেয়ে সেখানেই ভ্যানে বসে কাঁদছিলো হজরত আলীর ৬ বছরের কান্না কুলসুম। সে ইতোমধ্যে জেনে গেছে, প্রাণপ্রিয় বাবা আর কোনোদিন ফিরবেন না। তাঁর বুকফাটা কান্না সামলাতে বুকে আগলে নেয় বড় ভাই বাবন প্রামাণিক। পঞ্চম শ্রেণি পড়ুয়া বাবনের কণ্ঠে তখন বাবার প্রাণভিক্ষার আকুতি। বাবন বলছিলো, ‘আল্লাহ! আমার বাবাকে ফিরিয়ে দাও।’

নিহত হজরত আলীর ভাতিজা বাপ্পীর (২০) দেওয়া তথ্যানুযায়ী, তাঁর চাচা বিকালে মেঘ দেখে জমিতে কেটে রাখা ধানের আঁটি গুছিয়ে রাখতে যান। তখনই বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। তখন সন্ধ্যা প্রায় সাড়ে ৬টা বাজে। এ সময় অচেতন অবস্থায় চাচাকে উদ্ধার করেন। দ্রæত সময়ের মধ্যে একটি অটো রিস্কায় করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সাতটার দিকে জরুরি বিভাগের চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।

একই সময়ে বজ্রপাতে আহত হয়েছেন শিমুলিয়া ইউনিয়নের কালিশংকপুরে আজিজুলের চতুর্থ শ্রেণির ছাত্রী অন্তরা (১০), বিলজানি গ্রামের আনিস মোল্লার স্ত্রী গৃহবধূ ডলি খাতুন (২০) ও খোকসা-পাংশার সীমান্তবর্তী হলুদবাড়িয়া গ্রামের রুবেল হোসেনের স্ত্রী গৃহবধূ সমা পারভিন (২৫)। তাদের তিনজনই এখন খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরির বিভাগের চিকিৎসক শারমিন আকতার রিমা বলেন, বজ্রপাতে আহত কৃষককে হাসপাতালে আনা হয়েছিলো। কিন্তু হাসপাতালে পৌঁছার অনেক আগেই তাঁর মৃত্যু হয়েছে। চিকিৎসকেরা কোনো চেষ্টাই করতে পারেননি। অন্য তিনজনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জয়ন্তী হাজরা ইউপির চেয়ারম্যান সকিব খান টিপু বলেন, বজ্রপাতে মারা যাওয়া কৃষক হজরত আলী খুব সহজ-সরল জীবনযাপন করতেন। তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খোকসায় সড়ক দুর্ঘটনা তিনজন আহত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা বাস স্ট্যান্ডের পশ্চিমে পিকাপ মোটরসাইকেল ও পাখি ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে আহত দুই তরুনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। এই ঘটনায় কমপক্ষে চারজন আহত হয়েছেন।

রবিবার বিকাল ৩টা ২০ মিনিটের দিকে খোকসা বাস স্ট্যান্ডের ৫০০ মিটার পশ্চিমে এই দুর্ঘটনা ঘটে। আহতরা উপজেলার হেলারপুর গ্রামের মামুনের ছেলে হৃদয় (১৬), তার বন্ধু ও একই মোটর সাইকেলের আরহী মন্টুর ছেলে সাইদুল (১৭) ও একই গ্রামের পাখি ভ্যানের চালক বাছের শেখের ছেলে নজরুল ইসলাম (৪৫)। মোটর সাইকেলের অপর আহত আরহীর পরিচয় জানা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে তিন তরুন একটি মোটরসাইকেল চালিয়ে কুষ্টিয়া-রাজবাড়ী সড়ক পার হওয়ার চেষ্টা করে। এ সময় রাজবাড়ী গামী একটি পিকাপ ভ্যান (ঢাকা মেট্রো – ন – ২৩-১৬৬২) মোটর সাইকেলটিতে আঘাত করে। এ ঘটনায় তিন যুবক ছিটকে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পাখি ভ্যানের উপর আছড়ে পরে। ভ্যান চালকও গুরুতর আহত হন। দুর্ঘটনার সাথে সাথে মোটর সাইকেলের অপর এক আরহী আহত সাথীদের ফেলে তার মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। আহত দুই তরুন ও ভ্যান চালককে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হয়। আহত তরুনদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শামিন আলম লিমা জানান, দুর্ঘটনায় আহত দু’জন তরুনের অবস্থা সংকটাপন্ন। তাই তাদের জেলা সদরে রেফর্ড করা হয়েছে।

খোকসার সুবীর সরকার শাপলা কাব এ্যাওয়ার্ড অর্জন করেছে

0

প্রেস বিজ্ঞপ্তি

কুষ্টিয়ার খোকসার শিশু শিক্ষার্থী সুবির সরকার স্কাউটস এর শাপলা কাব এ্যাওয়ার্ড অর্জন করেছে।

জাতীয় পর্যায়ে স্কাউটের শাপলা কাব এ্যাওয়ার্ড অর্জন কারী সুবির কুষ্টিয়ার খোকসা -জানিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। সে ৫ম শ্রেণির ছাত্র। জেলা ও উপজেলা পর্যায়ে কাবের বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহন করে এই শিক্ষার্থী বিশেষ ভূমিক রেখে এ গৌরব অর্জন করতে সক্ষম হয়।

সুবীর সরকার তার বাবার চাকরির সুবাদে খোকসার নিমতলার ভাড়া বাসায় বসবাস করে। তার বাবা স্বপন কুমার সরকার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলোজিস্ট (ডেন্টাল) হিসেবে কর্মরত আছেন। তার মায়ের নাম রতœা রানী রায়।

সুবীর সরকার শাপলা কাব এ্যাওয়ার্ড অর্জন করায় বাংলাদেশ স্কাউটস, খোকসা উপজেলার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...