শনিবার, নভেম্বর ২১, ২০২৬.
Home Blog Page 32

কুমারখালীতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে হাবিবুল্লাহ (৩৮) নামের এক আদম ব্যবসায়ীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ পুলিশ উদ্ধার করেছে।

শনিবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে ‘হাবিবুল্লাহ স্টিল ফার্নিচার’ নামের ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হাবিবুল্লাহ উপজেলার পান্টি গ্রামের হামিদ মুসল্লির ছেলে। তিনি দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিলেন। পরবর্তীতে দেশে ফিরে স্টিল ফার্নিচার ব্যবসার সাথে সাথে আদম ব্যবসার সাথে জড়িয়ে পড়েন। আদম ব্যবসাকে (বিদেশে জনবল পাঠানোর ব্যবসা) কেন্দ্র করে তার বিরুদ্ধে আদালতে কয়েকটি মামলাও বিচারাধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২৭ জুলাই) রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজ থাকলেও তার ব্যবহৃত মোবাইল ফোনটি সচল ছিল। নিহতের স্ত্রী ও একমাত্র সন্তান বেশ কিছুদিন ধরে ঝিনাইদহে বাবার বাড়িতে অবস্থান করছেন।

ঘটনার দিন সকালে দোকান থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোকানের বাঁশের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খোকসার বিলজানিতে আবার চুরির ঘটনা ঘটেছে

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বিলজানি রায়পাড়ায় ঘরের বেড়া কেটে স্বর্ণালংকার মোবাইল ফোন ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। এক কিলোমিটারের ব্যবধানে তিন বাড়িতে তিনটি ডাকাতি ও চুরির ঘটনো ঘটলো। তবে পুলিশের খাতায় একটিও রেকর্ড হয়নি।

সর্বশেষ বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। শুক্রবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত সোমবার রাতে উপজেলার কালিশংকরপুরে প্রবাসীদের বাড়িতে ডাকাতির ঘটনায় পুলিশ মামলা নেয়নি। ভুক্তভোগীরা জানায় ইতোমধ্যেই ডাকাতদলের প্রধানসহ একাধিক সদস্যদের বাড়ি পর্যন্ত পুলিশকে চিনিয়ে দেওয়া হয়েছে। কিন্তু পুলিশ তাদেরে আটকতো দূরের কথা মামলা রেকর্ড করেনি।

ভুক্তভোগী লক্ষণ রায় জানান, তার মেয়ে ও জামাতা আগের দিন বেড়াতে এসেছিলেন। রাতে বৃষ্টি শুরু হওয়ায় তারা (মেয়ে -জামায়) আর বাড়ি ফিরতে পারেননি। রাতে এখানে থেকে যান। পরিবারের সবাই রাতের খাবার পর নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন।

তিনি আরও জানান, চোরেরা তাদের ঘরের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে। এরপর নগদ ১০ হাজার টাকা, তার মেয়ের কানে পরা একটি স্বর্ণের দুল ও এক জোড়া রুপার তোরা নিয়ে যায়। এছাড়া পূজার কাজে ব্যবহৃত কিছু সামগ্রীও চুরি করে নিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন।

প্রতিবেশী প্রমিলা রায় বলেন, “চিৎকার শুনে এসে দেখি সবাই কান্নাকাটি করছে। পরে জানতে পারি নগদ টাকা, কানের স্বর্ণের দুল, পায়ের রুপার অলংকার এবং পূজার কিছু জিনিসপত্র চুরি হয়েছে।”

ভুক্তভোগী পরিবারের দাবি, নগদ টাকা, স্বর্ণ ও রুপার অলংকারসহ লাখ টাকার মালামাল চুরি হয়েছে।

এ বিষয়ে খোকসা থানা অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন বলেন, আমরা এখন পর্যন্ত এমন খবর পাইনি অভিযোগ পেলে দ্রæত ব্যবস্থা নেওয়া হবে।

পদ্মা নদীতে স্পিডবোট নিয়ে ঘুরতে গিয়ে যুবক গুলিবিদ্ধ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় গভীর রাতে পদ্মা নদীতে স্পিডবোট নিয়ে ঘুরতে গিয়ে শরিফুল ইসলাম ববি (৩৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে গোলাপনগর মনি পার্ক এলাকা থেকে এক কিলোমিটার দুরে পদ্মায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শরিফুল ইসলাম উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত আলম খন্দকারের ছেলে।

ঘটনার সময় তিনি মনি পার্কের মালিক মনিরুল ইসলাম মনির সঙ্গে ছিলেন। রাতেই গুলিবিদ্ধ ওই যুবককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও সেখান তাকে পাওয়া যায়নি।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে ভেড়ামারা উপজেলার গোলাপনগর পদ্মা তীরবর্তী এলাকায় অবস্থিত মনি পার্কের মালিক মনিরুল ইসলাম মনি চারজনকে সঙ্গে নিয়ে একটি স্পিডবোটের ট্রায়াল দিতে পদ্মা নদীতে যান।

এ সময় পার্ক এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দূরে পৌঁছালে অপর একটি স্পিডবোট থেকে তাদের লক্ষ্য করে গুলি ে ছোড়া হয়। এতে এক যুবক গুলিবিদ্ধ হন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান বলেন, হাসপাতালের ভর্তি রেজিস্টারে গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম পাওয়া গেলেও পরে তাকে ওয়ার্ডে খুঁজে পাওয়া যায়নি। হাসপাতালের জরুরি বিভাগের রেজিস্টারে ইনজুরির কারণ লেখা আছে গানশ্যুট।

শুক্রবার সন্ধ্যা ৭টায় গুলিবিদ্ধ যুবকের স্ত্রী বনি মুঠোফোনে বলেন, ওর (ববি) অবস্থা খুবই খারাপ। আমরা ঢাকায় যাচ্ছি। প্রায় পৌছে গেছি। এখন ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। সুস্থ হলে বলতে পারবো।

এদিকে গভীর রাতে দলবল নিয়ে পদ্মা নদীতে স্পিডবোট নিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র দাবি করেছে, পদ্মা নদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েকটি সশস্ত্র গ্রæপ সক্রিয় রয়েছে। চর দখল ও বালুঘাট নিয়ন্ত্রণ নিয়ে অতীতে এসব গ্রæপের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব সংঘর্ষে কয়েকজন নিহত হয়েছেন।

একই সূত্র আরও দাবি করেছে, নদীকেন্দ্রিক বিভিন্ন গ্রæপের পেছনে রাজনৈতিক প্রভাব রয়েছে। মনিরুল ইসলাম মনির সঙ্গে একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার আত্মীয়তার সম্পর্ক রয়েছে। এ বিষয়ে জানতে মনিরুল ইসলাম মনির মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

মনি গ্রæপের ডিএম জুয়েলের সঙ্গে যোগাযোগ করলে তিনি ছুটিতে আছেন জানিয়ে ঘটনা সম্পর্কে কিছু জানেন না বলে জানান। এছাড়া মনি পার্কের ম্যানেজার হুমায়নও কল রিসিভ করেননি।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, বিষয়টি তিনি জেনেছেন। ঘটনার যেটুকু বিস্তারিত তথ্য পার্ক-সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে পাওয়া গেছে এবং তা খতিয়ে দেখা হচ্ছে।

খোকসায় প্রবাসীদের বাড়িতে ডাকাতির পর ক্ষুদ্র ব্যবসায়ীর গোডাউনে লুট

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতে এবার এক ক্ষুদ্র ব্যবসায়ীর গোডাউনে বেড়া কেটে প্রায় সাড়ে ৩ লাখ টাকার প্লাস্টিকের পণ্য লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৮ জুলাই) দিনগত রাতে শিমুলিয়া ইউনিয়ন শিমুলিয়া শেখপাড়া গ্রামে ক্ষুদ্র ব্যবসায়ী হারুন শেখের বাড়ি সংলগ্ন গোডাউনে এ লুটের ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী একই গ্রামের বিরু শেখের ছেলে। ছেলের গোডাউনে লুটের পর আহজারি করতে করতে মা রেহানা খাতুন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

গত সোমবার (২৭ জুলাই) রাতে একই ইউনিয়নের কালিশংকর পুর গ্রামে তিনভাই প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনা স্থল থেকে এক কিলোমিটারের মধ্যে মঙ্গলবার দিনগত রাতে ক্ষুদ্র ব্যবসায়ীর প্লাষ্টিক পণ্যের গোডাউনের মালামাল লুটের ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ীর স্ত্রী নাছিমা খাতুন জানান, তার স্বামী “মেটাডোর” নামের একটি কোম্পানির খাতা কলম ও প্লাস্টি পণ্যের সাব এজেন্ট। গত মঙ্গলবার কোম্পানি থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকার বিভিন্ন পণ্য ডেলিভারী নিয়ে নিজ বাড়ির সাথে গো ডাউনে রাখেন। বুধবার সকালে মালামাল (পণ্য) ডেলিভারী দেওয়ার সময় দেখতে পায় রাতের আঁধারে দুর্বৃত্তরা তার গোডাউনের বেড়া কেটে প্রায় সব মালামাল লুট করে নিয়ে গেছে। পরে থানা পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।

তিনি আরও জানান, তার স্বামী হারুনের নিজস্ব পূজি না থাকায় প্রায় পাঁচটি সমিতি থেকে ঋণ নিয়ে ব্যবসা করে পরিবার পরিজনের জীবিকা নির্বাহ করছিলেন। এখন সে পূজি হারা হয়ে গেছে। সমিতির ঋণের কিস্তির টাকা পরিশোধ করবেন কী দিয়ে? আর সাতজনের পরিবারকে ভরণ পোষন দেবেন কি করে? ছেলে ব্যবসায়ীক ক্ষতি দেখে ইতোমধ্যে তার স্বাশুরী রেহানা খাতুন অসুস্থ হয়ে পরেছেন। শ্বাশুরীর চিকিৎসা করাবেন কি দিয়ে?

ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ী হারুন শেখ অভিযোগ নিয়ে থানায় যাওয়ায় তার সাথে কথা বলা যায়নি।

খোকসা থানা পুলিশের এসআই রাজু’র সাথে ঘটনা স্থলে দেখা হয়ে যায়। তিনি ওই ব্যবসায়ীর মালামাল লুটের বিষয় নিশ্চিত করে বলেন, পাটকাঠির বেড়া কেটে কিছু প্লাষ্টিকের পণ্য চোরে নিয়ে গেছে। কিন্তু চোররা এসব মালামাল বিক্রি করবেন কোথায়?

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে মাদক ও মালামাল উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পৃথক দুইটি স্থানে অভিযান চালিয়ে প্রায় ১২ লাখ টাকা মূল্যের মাদক ও অন্যান্য মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় জহুরুল হক (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

আটক জহুরুল হক কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারোমাইল এলাকার আদম আলী বিশ্বাসের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বহলবাড়িয়া এলাকায় রূপপুর থেকে কুষ্টিয়াগামী একটি সিএনজিতে তল্লাশি চালানো হয়। এসময় সিএনজি চালক জহুরুল হকের কাছ থেকে ৬৯ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি একটি সিএনজি ও নগদ ৭৮০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত আলামতের মোট মূল্য প্রায় ৭ লাখ ২১ হাজার ৪৮০ টাকা।

পরে আটক জহুরুল হকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মঙ্গলবার (২৮ জুলাই ) ভোর সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ রংমহল বিওপির টহল দল রংমহল মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭ বোতল ভারতীয় মদ ও ১ হাজার ৫৪০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধার হওয়া এসব মাদকের আনুমানিক মূল্য ৪ লাখ ৭২ হাজার ৫০০ টাকা।

বিজিবি জানিয়েছে,সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কুষ্টিয়ায় এনসিপির পূর্বনির্ধারিত ‘জুলাই পদযাত্রা’ স্থগিত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পূর্বনির্ধারিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।

সোমবার দলের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে দক্ষিণাঞ্চলের জেলা কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বিকাল ৩টা এবং কুমারখালী উপজেলায় সন্ধ্যা ৬টায় পদযাত্রার সময় পূর্বনির্ধারিত ছিল।

বিবৃতিতে বলা হয়েছে “এনসিপির দক্ষিণাঞ্চলে জুলাই পদযাত্রার শিডিউলে পরিবর্তন (উত্তরাঞ্চলে চলমান)। অনিবার্য কারণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের অধীন কুষ্টিয়া জেলার ভেড়ামারা ও কুমারখালী এই দুটি উপজেলায় মঙ্গলবার(২৮ জুলাই) জুলাই পদযাত্রা স্থগিতের সিদ্ধান্ত হয়েছে।

পরদিন বুধবার (২৯ জুলাই) যথারীতি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা শহরে বিকাল ৩টায় এবং মানিকগঞ্জ সদরে সন্ধ্যা ৬টায় জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে।”

উল্লেখ্য, উত্তরাঞ্চলে আগামীকাল মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা শহরে সকাল ১১টায় এবং হবিগঞ্জ সদরে বিকেল ৫টায় জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে।

এনসিপির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) নয়ন আহম্মেদ বলেন, অনিবার্য কারণে কেন্দ্রিয় সিদ্ধান্তে কুষ্টিয়ার দুই উপজেলায় আজকে অনুষ্ঠিত হতে যাওয়া পদযাত্রা স্থগিত করা হয়েছে। নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৬ জুলাই থেকে ‘গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা ২০২৬’ আয়োজন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

ট্রেন যাত্রী বাবা-ছেলেকে ছুরিকাঘাত পাল্টা-পাল্টি মামলা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া কোর্ট স্টেশনে ট্রেনের এক স্টাফের বিরুদ্ধে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগে মামলা হয়েছে। ভুক্তভোগী আব্দুর রহিম বাদী হয়ে ট্রেনের টিকিট পরীক্ষক (টিটিই) আব্দুল্লাহ আল মামুনকে একমাত্র আসামি করে পোড়াদহ রেলওয়ে থানায় মামলাটি দায়ের করেছেন।

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হুসাইন এ তথ্য নিশ্চিত করে জানান, মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মামলার এজাহারে বাদি আব্দুর রহিম উল্লেখ করেন, গত শনিবার দুপুরে কুষ্টিয়ার কোর্ট রেলওয়ে স্টেশন থেকে চুয়াডাঙ্গা যাওয়ার জন্য সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ওঠার সময় অতিরিক্ত ভিড়ের কারণে নির্ধারিত বগিতে উঠতে না পেরে অসুস্থ স্ত্রীকে পাশের কামরায় তুলতে যান। এ সময় টিটিই আব্দুল্লাহ আল মামুন তার স্ত্রীকে ধাক্কা দিলে প্রতিবাদকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে মামুন স্টোররুম থেকে ধারালো ছুরি এনে তার ও তার ছেলে শফিউল আউয়াল সুমনের ওপর হামলা চালান। এতে তারা দুজন গুরুতর আহত হন।

ঘটনার পর ক্ষুব্ধ যাত্রী ও স্থানীয়রা প্রায় দেড় ঘণ্টা সুন্দরবন এক্সপ্রেস আটকে রেখে বিক্ষোভ করেন। পরে প্রশাসনের আশ্বাসে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে ট্রেন অবরোধ, ভাঙচুর, মব সৃষ্টি এবং পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে কুষ্টিয়া মডেল থানায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী উপ-পরিদর্শক (এসআই) মলয় কুমার চক্রবর্তী। এতে আব্দুর রহিমের দুই ছেলে পলাশ ও শফিউল আউয়াল সুমনসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন- চুয়াডাঙ্গার সবুজপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে পলাশ ও শফিউল আউয়াল সুমন এবং কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার মামুন। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের মামলার এজাহারে বলা হয়েছে, শোভন শ্রেণির টিকিট কেটে কয়েকজন যাত্রী এসি বগিতে ওঠার চেষ্টা করলে ট্রেনের গার্ড ও টিটিই বাধা দেন। এ সময় এক নারী পয়ে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে অভিযুক্তরা ট্রেনের চেইন টেনে ট্রেন থামিয়ে দেন, ইঞ্জিন বন্ধ করে অবরোধ সৃষ্টি করেন এবং ট্রেনে ভাঙচুর ও কর্তব্যরত কর্মীদের খুঁজতে থাকেন। তাদের নিবৃত করার চেষ্টা করলে আসামিরা ওসিসহ এসআই আব্দুল আলীম,স্বপন কুমার মন্ডল ও পুলিশ সদস্য শামীম হোসেনের শরীরের বিভিন্নস্থানে এলোপাথাড়ি আঘাত করে। পরে পুলিশ লাইন ও ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। তিনজন আসামীকে আটক করে থানায় নেয়।

তবে আব্দুর রহিম দাবি করেন, তার স্ত্রী লিভার সিরোসিসে আক্রান্ত ও শারীরিকভাবে দুর্বল। এ কারণে ভিড় দেখে নিকটবর্তী বগিতে ওঠার চেষ্টা করেছিলেন।

তিনি অভিযোগ করেন, পাল্টা মামলায় তার দুই ছেলেসহ পরিচিতজনদের আসামি করা হয়েছে এবং থানায় তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে।

পুলিশের মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল্লাহ আল রশিদ জয় বলেন, আমার নবজাতক শিশু কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। আহত ব্যক্তিরা আমার নিকট আত্মীয় হওযায় দেখতে এসেছিলেন। তার দাবি, ওসিকে চিনতে না পেরে অনেকেই তার সাথে খারাপ আচরণ (মৌখিক) করে ফেলে। এখানে পুলিশকে শারীরিক ভাবে আঘাত করার কোনো ঘটনা ঘটেনি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর বলেন, ট্রেন অবরোধ, ভাঙচুর, মব সৃষ্টি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তবে ঘটনার বিষয়ে কথা বলতে টিকিট পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ছেলের টর্চ লাইনের আঘাতে পিতা খুন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে মহিষ বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে বাগবিতন্ডার একপর্যায়ে ছেলের টর্চলাইটের আঘাতে বানেজ উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রবিবার (২৬ জুলাই) রাত পৌনে ৯টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়–ইকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বানেজ উদ্দিন ওই এলাকার চৌকিদার (গ্রামপুলিশ) হিসেবে কর্মরত ছিলেন। অভিযুক্ত যুবকের নাম রাজীব (২৮)। তিনি নিহতের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বানেজ উদ্দিন সম্প্রতি একটি মহিষ বিক্রি করেন। রবিবার রাতে বিক্রির সেই টাকা দাবি করেন ছেলে রাজীব। তবে বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রাজীব তার হাতে থাকা ভারী একটি টর্চলাইট দিয়ে বাবার মাথায় আঘাত করে। এতে বানেজ উদ্দিন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা বানেজ উদ্দিনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার জন্য রওনা হন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই মহিষকুন্ডি এলাকায় তার মৃত্যু হয়।

দৌলতপুর থানার ভারপপ্রপ্ত কর্মকর্তা খালিদুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুষ্টিয়ায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা’র উদ্বোধন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার বেল সাড়ে ১০ টার সময় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে একটি বর্ন্যাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কালেক্টরেট চত্বর প্রদক্ষিণ করে মেলা চত্বরে গিয়ে শেষ হয়। এখানে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন-হাসান।

কুষ্টিয়া জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদ বিন-হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোঃ শওকত হোসেন ভূঁইয়া, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নার্সারী মালিক রুহুল আমিন, ছাত্র শ্রেষ্ঠ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন-হাসান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অধিক পরিমাণে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। গাছ শুধু লাগালেই হবে না। তার পরিচর্যা করতে হবে। সব কাজে চ্যালেঞ্জ থাকবেই। সেই চ্যালেঞ্জকে উৎরে উঠতে হবে। গাছের ফলমুল খেলে শরীর সুস্থ থাকবে। বাচ্চারা আমাদের ভবিষ্যৎ। তাই তাদেরকে গাছের বিষয়ে জানাতে হবে।

মেলায় ৩০টি স্টলে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পৃথক দুইটি স্থানে অভিযানে প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় কারেন্ট জাল, ভারতীয় মাদক ও বিড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৭ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে ভেড়ামারা উপজেলার বহালবাড়িয়া সড়কে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫৯০ কেজি ভারতীয় কারেন্ট জাল, ২৫টি চায়না জাল এবং ২৫ কেজি জালের সুতা জব্দ করা হয়। পরে মিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে সরকারি বিধি অনুযায়ী উদ্ধার হওয়া অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

এছাড়াও একই দিন ভোর সাড়ে ৪টার দিকে ধর্মদাহ বিওপির একটি টহল দল দৌলতপুর উপজেলার ধর্মদাহ মাঠে পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০০টি ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫০০টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৯৮ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করে।

জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য ৪৪ লাখ ৮৫ হাজার ৩৯০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ পণ্য পাচার ও অন্যান্য অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...