বুধবার, মে ৬, ২০২৬.
Home Blog Page 578

খোকসায় বিজয় দিবসের প্রস্তুতি সভায় অনুষ্ঠিত

0
Khoksa-Droho-7-p6

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত প্রস্তুতি সভার সভাপত্বি করেন উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ্ উদ্দীন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি হাজী সদর উদ্দিন খান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তারিকুল ইসলাম তারিক, সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী, থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা প্রমুখ।

হেফাজত নেতাদের নামের রাষ্ট্রোদ্রোহের মামলার তদন্ত পেলো পিবিআই

0
Droho-7-p5

দ্রোহ অনলাইন ডেস্ক

ভাস্কর্যবিরোধী বক্তব্য দেয়ার অভিযোগে হেফাজতে ইসলাম বাংলাদেশের ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাদের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতা মাওলানা মুহাম্মদ মামুনুল হক, মোহাম্মদ জোনায়েদ ওরফে জুনায়েদ বাবুনগরী ও সৈয়দ ফয়জুল করীমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে এ মামলাটি করেন মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআই ডিআইজিকে আগামী ৭ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এজাহারের দাবি করা হয়, মামলার আসামি মামুনুল হক গত ১৩ নভেম্বর রাজধানীর তোপখানা রোডের বিএমএ ভবনের মিলনায়তনে বলেছিলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করে তারা বঙ্গবন্ধুর সুসন্তান হতে পারে না। এই মূর্তি স্থাপন বন্ধ করুন। যদি আমাদের আবেদন মানা না হয়, আবারও তৌহিদী জনতা নিয়ে শাপলা চত্বর কায়েম হবে।

একই দিন অপর আসামী সৈয়দ ফয়জুল করীম ধোলাইরপালের কাছে গেন্ডারিয়া নামক স্থানে তার নসিহত শুনতে আসা সাধারণ মুসলমানদের হাত উঁচু করে শপথ পড়িয়ে নেন যে, আন্দোলন করব, সংগ্রাম করব, জেহাদ করব। রক্ত দিতে চাই না, দেয়া শুরু করলে বন্ধ করব না। রাশিয়ার লেলিনের ৭২ ফুট মূর্তি যদি ক্রেন দিয়ে তুলে সাগরে নিক্ষেপ করতে পারে তাহলে আমি মনে করি শেখ সাহেবের এই মূর্তি আজ হোক, কাল হোক খুলে বুড়িগঙ্গায় নিক্ষেপ করবে।

মোহাম্মদ জোনায়েদ ওরফে জুনায়েদ বাবুনগরী হাটহাজারীতে বলেন, মদিনা সনদে যদি দেশ চলে তাহলে কোনো ভাস্কর্য থাকতে পারে না।

তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, ভাস্কর্য নির্মাণ পরিকল্পনা থেকে সরে না দাঁড়ালে আরেকটি শাপলা চত্বরের ঘটনা ঘটবে এবং ওই ভাস্কর্য ছুড়ে ফেলা হবে।

মামলায় আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করে মামলার বাদী দাবি করেছেন, আসামীরা এ রূপ ভাস্কর্যবিরোধী বক্তব্য দিয়ে ইসলাম ধর্মকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা ও সুযোগ-সুবিধা লাভের হীনউদ্দেশ্যে বিদেশি শক্তির সাথে হাত মিলিয়ে ধর্মের লেবাসে সাধারণ মুসলমানদের উসকানি দিয়ে, ক্ষেপিয়ে তুলে রাষ্ট্র ও সমাজের মধ্যে ঘৃণা এবং শত্রুর ভাব সৃষ্টি করেছে। ফলে আসামিদের নির্দেশে ভাস্কর্য ও কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মিত ভাস্কর্যসহ দেশের বিভিন্ন জায়গায় ভাস্কর্য ভাঙা হচ্ছে। এ প্রচারণা ও উসকানি রাষ্ট্রদ্রোহিতার শামিল।

অপরদিকে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠা ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট আবদুল মালেক একই আদালতে মামুনুল হকের বিরুদ্ধে আরেকটি মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআই ডিআইজিকে আগামী ৭ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

উল্লেখ্য, গত শুক্রবার রাতের আঁধারে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে ফেলে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় মাদরাসার দুই ছাত্র ও দুই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- কুষ্টিয়া শহরের জুগিয়া পশ্চিমপাড়া ইবনে মাস্উদ (রা.) মাদরাসার হেফজ বিভাগের ছাত্র আবু বক্কর ওরফে মিঠুন (১৯) ও সবুজ ইসলাম ওরফে নাহিদ (২০) এবং শিক্ষক আল-আমিন (২৭) ও ইউসুফ আলী (২৬)। গ্রেফতার দুই মাদরাসাছাত্র পুলিশকে জানিয়েছেন, ইসলামি বক্তা মাওলানা মুহাম্মদ মামুনুল হক ও ফয়জুল করিমের বয়ান শুনে উদ্বুদ্ধ হয়ে তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেন।

বিজয় দিবসে প্রিয় কমলা মুক্তি পাচ্ছে

0
Priyo Kamala-Droho-7-p3

দ্রোহ বিনোদন ডেস্ক

ইমপ্রেস টেলিফিল্মের নতুন ছবি ‘প্রিয় কমলা’ মুক্তির দিন ধার্য করা হয়েছে।

বিজয় দিবসের দিন ১৬ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে দেশের বিভিন্ন সিনেমা হলে। একই সঙ্গে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে চ্যানেল আইতে বিকাল ৩টা ৫ মিনিটে।

শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ছবিটির শুটিং শেষ হয়েছে কয়েক দিন আগে।

এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস। মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত ছবিতে থাকছে দুটি গান। একটি রবীন্দ্রসংগীত, অন্যটি লিখেছেন ফরিদুর রেজা সাগর।

এতে অভিনয় প্রসঙ্গে বাপ্পী বলেন, ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এটি আমার প্রথম কাজ। দিনরাত শুটিং করেছি ছবিটির জন্য। আশা করছি গল্পপ্রধান ছবিটি দর্শকদের ভালো লাগবে।

এ ছবিতে অপু বিশ্বাস অভিনয় করেছেন একজন বীরাঙ্গনার চরিত্রে। এ প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের চরিত্র আমার এটিই প্রথম। প্রত্যেক বীরাঙ্গনাই একেকজন মুক্তিযোদ্ধা। সেই বীরাঙ্গনার চরিত্রে নিজে কাজ করাটা সত্যি সৌভাগ্যের। আশা করছি ছবিটির জন্য দর্শকদের সাড়া পাব।

শাহরিয়ার নাজিম জয় ছবিটি সম্পর্কে বলেন, যুদ্ধের সময় একেবারে অজপাড়াগাঁওয়ের এক নিটোল প্রেমের গল্প ‘প্রিয় কমলা’। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এবং সেই ভাষণের প্রভাব সেই গ্রামীণ জনপদের মানুষের ওপর পড়ে। সেই প্রেম কীভাবে যুদ্ধে পরিণত হয় সেটিই তুলে ধরা হয়েছে এ ছবিতে। পাশাপাশি সেই ঘটনাকে ২০২০ সালের সঙ্গে লিংক করিয়ে দেখিয়েছি।’

এ ছবিতে আরও অভিনয় করেছেন সোহেল খান, সেহাঙ্গল বিপ্লব, আজান, মালা প্রমুখ।

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরে আটকদের রিমান্ড শুনানী মঙ্গলবার

0
atok-kushtiaDroho-6-p8

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের ঘটনায় আটক দুই মাদ্রাসা শিক্ষার্থীসহ চার আসামীরকে কারাগারে পাঠানো হয়েছে। তবে মঙ্গলবার তাদের রিমান্ড শুনানী দিন ধার্য করেছে আদালত।

সোমবার দুপুর দেড়টায় কুষ্টিয়ার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক রেজাউল করীমের এজলাসে চার আসামিকে হাজির করে পুলিশ। পুলিশের দায়ের করা মামলায় আটক চার আসামীকে আদালতে হাজির করে পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হয়। আদালত এ বিষয়ে শুনানীর জন্য মঙ্গলবার দিন ধার্য করে আসামীদের কারাগারে প্রেরণের আদেশ দেন।

মামলাল তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক নিশিকান্ত দাস জানান, ভাস্কর্য ভাংচুরের ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের দঃবিঃ ১৫(৩) তৎসহ ৪২৭/৩৪ ধারায় মামলায় আসামীদের আদালতে সোপর্র্দ করে রিমান্ডের আবেদন করা হয়েছে। এর মধ্যে দুই মাদ্রাসা শিক্ষার্থীর ১০দিন এবং একই মাদ্রাসার শিক্ষকদ্বয়ের ৭ দিন করে রিমান্ড আবেদন করা হয়।

আদালতে সপর্দকরা আসামীদের মধ্যে রয়েছে – কুষ্টিয়ার জুগিয়ার মাদ্রাসা ইবনে মাসউদ (রা.) এর হেফজ বিভাগের ছাত্র ও মিরপুর উপজেলার শিংপুর গ্রামের সমশের মৃধার ছেলে আবু বক্কর ওরফে মিঠুন (১৯) এবং দৌলতপুর উপজেলার ফিলিফনগর গ্রামের সামছুল আলমের ছেলে সবুজ ইসলাম ওরফে নাহিদ (২০), একই মাদ্রাসার শিক্ষক ও মিরপুর উপজেলার ধুবইল গ্রামের আব্দুর রহমানের ছেলে মোঃ আল আমীন (২৭) এবং পাবনা জেলার দিয়াড় বামুন্দি গ্রামের আজিজুল মন্ডলের ছেলে মোঃ ইউসুফ আলী (২৭)।
উল্লেখ্য, কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে পৌরসভার অর্থায়নে নির্মানাধীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য শুক্রবার রাতে দুর্বৃত্তরা ভেঙ্গেফেলে। পরে ঘটনাস্থলে থাকা সিসিটিভির ফুজেট সংগ্রহ করে পুলিশ। শনিবার ও রবিবার পুলিশ অভিযান চালিয়ে কুষ্টিয়ার জুগিয়া এলাকার একটি মাদ্রাসার দুই ছাত্র এবং তাদের সহযোগিতা করার জন্য দুই শিক্ষককে গ্রেফতার করে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে দেশব্যাপী ইসলামপন্থি বিভিন্ন সংগঠনের প্রতিবাদের মধ্যেই এ ঘটনা নিয়ে কুষ্টিয়াসহ দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।

খোকসায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ২০ যাত্রী আহত

0
Rta-khoksaf-Droho-7-p1
দুর্ঘটনা কবলিত বাস

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসায় যাত্রীবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে পরে কম পক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত বাসে প্রায় ৩০ জন যাত্রী ছিল।

সেমাবার সকালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ী গামী যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো জ-১১-০০৩৯ নম্বর গাড়িটি উপজেলার মির্জাপুর গ্রামের মধ্যে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে চাষের জমিতে ছিটকে পরে। স্থানীয়রা দুর্ঘটনায় আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় আহত হয়েছেন বাসটির চালকের সহকারী রাকিব (৩৫), হুজুর আলী (৫০), আব্দুর রাজ্জাক (৩৫), লুৎফর শেখ লুতু (৫৫), আতর আলী (৫৫), বাবলু (৪৫), শরিফুল আলম (৫৫), মতিয়ার (৪০), আইন উদ্দিন (৮৫), আলতাফ হোসেন (৫৬), আমির (৮),টুম্পা (৩০) ও সদর উদ্দিন (৬০)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় গুরুতর আহত রাকিব ও আতর আলীকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।

দুর্ঘটনা কবলিত বাসের যাত্রী লুৎফর শেখ দ্রোহকে জানান, চালক ঠিক-ঠাক যাচ্ছিল। ঘটনা স্থলে পৌছানো মাত্রই ১০/১২ বছরের এক ছেলে বাইসাইকেল নিয়ে সড়ক পারের চেষ্টা করলে চালক ব্রেক করে। আর এতেই ঘটে বিপত্তি। মুহুত্যের মধ্যে বাসটি সড়ক থেকে প্রায় ২৫ গজ দূরে ছিটকে পরে।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ তাসনিম আলম ছায়েম দ্রোহকে জানান, আহতদের মধ্যে দু’জনকে রেফার্ড করা হয়েছে। কয়েকজন নিজেরাই উন্নত চিকিৎসার জন্য অন্যত্র চলে গেছেন। ১১ জন রোগী এ হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে তাদের অবস্থা স্থিতিশীল আছে।

খোকসা থানার এসআই ইমদাদ জানান, আহতদের মধ্যে চালকের সহযোগী এই হাসপাতালে এসেছিল। তাকে সনাক্ত করার জন্য তিনি অপেক্ষা করছেন। দুর্ঘটনা কবলিত বাসটি স্পটেই রয়েছে।

খোকসায় সড়ক দুর্ঘটনায় আহত দুই

0
Rta-khoksa-Droho-6-p10

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে গরু বোঝাই নসিমন উল্টে দুই ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে।

দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় উপজেলার শোমসপুর-কালীতলা সড়কে আমতলা নামক স্থানে। এ ঘটনায় নজরুল ইসলাম (৪৫) ও বাচ্চু (৩৫) নামের দুই গরু ব্যবসায়ী আহত হয়। তাদের বাড়ি খোকসা উপজেলার ধুষুন্ডা গ্রামে।

আহত গরু ব্যবসায়ীদের পরিবার সূত্রে জানা গেছে, গরু ব্যবসায়ীরা পাংশা হাটে গরু কেনা-বেচা শেষে সন্ধ্যায় বাড়ি ফিরছিল। আমতলায় এসে তাদের বহনকারী স্যালোইঞ্জিন চালিত নসিমনটি দুর্ঘটনার কবলে পরে। স্থানীয়রা আহত দুই ব্যবসায়ীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাতকারীদের শাস্তি পেতেই হবে – তথ্যমন্ত্রী

0
Hasan-mahud-Droho-6-p9

দ্রোহ অনলাইন ডেস্ক

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর আঘাতকারীদের শাস্তি পেতেই হবে।

রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ড. হাছান মাহমুদ একথা বলেন।

মন্ত্রী বলেন, যাদের কাছে ভাস্কর্য অগ্রহণযোগ্য, তাদের নিজের বা বাবার ছবিও রাখার কথা নয়। টেলিভিশনে তাদের চেহারা দেখানো এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা যে ভাস্কর্যবিরোধী পোস্ট দেন, তাদের বক্তব্য অনুযায়ী সেটিও তাদের কাছে গ্রহণযোগ্য হবার কথা নয়। অতএব এই সমস্ত বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। আমি তাদেরকে অনুরোধ জানাবো, দয়া করে ভাস্কর্য আর মূর্তি গুলিয়ে ফেলবেন না এবং মানুষকে ও আলেম সমাজকে বিভ্রান্ত করবেন না।

আজকে ভাস্কর্য আর মূর্তিকে এক বানিয়ে ফেলা হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভাস্কর্য পৃথিবীর সব দেশেই আছে এমনকি সৌদি আরবেও শাসকদের অবয়বসহ বহু ভাস্কর্য আছে। ইরানে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খোমেনীর ভাস্কর্যসহ বহু ভাস্কর্য আছে, তুরস্কে আছে। যারা পাকিস্তনী ভাবধারায় বিশ্বাস করে, পাকিস্তান ভেঙ্গে গেল বলে যারা বুক চাপড়ায় তাদের অনুসারিদের সেই পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ’র ভাস্কর্য আছে, কবি ইকবালের ভাস্কর্য আছে।

ড. হাছান বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে প্রায় এক লাখ মসজিদভিত্তিক মক্তব প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিজন আলেম সেখানে মাসে সাড়ে ৪ হাজার টাকার বেশি সরকারি ভাতা পাচ্ছেন, যা আরো বাড়বে। কওমী মাদ্রাসার স্বীকৃতির দাবি ১০০ বছরে কেউ পুরণ করেনি। বঙ্গবন্ধুকন্য এই কওমী মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছেন এবং এরপর সেখান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা সরকারি চাকুরিও পেয়েছে। এই উপমহাদেশে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি শতবর্ষের পুরনো। কেউ সেই দাবি পূরণ করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন।

ইসলামের কল্যাণের জন্য বাংলাদেশে আলেম সমাজের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা কিছু করেছেন, কেউ এতো কাজ করে নাই, সেকারণে গুটিকয়েক মানুষের কথায় আপামর জনগণ এবং আলেম সমাজের কেউ বিভ্রান্ত হবেন না উল্লেখ করেন তথ্যমন্ত্রী।

ড. হাছান বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার মিলিত রক্ত স্রোতের বিনিময়ে এই দেশ স্বাধীনতা অর্জন করেছে। সাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা ভেঙ্গে, অসাম্প্রদায়িক রাষ্ট্র রচনার জন্যই বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি। এখানে কাউকে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াতে দেয়া হবে না।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহওয়ার্দীকে আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে শ্রদ্ধা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের সভাপতি হোসেন শহীদ সোহওয়ার্দীর নেতৃত্বে যখন আওয়ামী লীগ সর্বপাকিস্তন কেন্দ্রীয় সরকার গঠন করে তখনই ১৯৫৬ সালে পাকিস্তানের সংবিধান রচিত হয়, তার আগে পাকিস্তানের কোনো সংবিধান ছিল না। আওয়ামী লীগ কেন্দ্রীয় সরকার গঠন করার পরই মাতৃভাষা দিবস হিসেবে ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রীয়ভাবে পালন করা শুরু হয় এবং রাষ্ট্রীয়ভাবে দেশের বিভিন্ন স্থানে শহীদ মিনার নির্মিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে হোসেন শহীদ সোহওয়ার্দীকে নেতা হিসেবে মানতেন এবং অগাধ শ্রদ্ধা রাখতেন।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা চিত্ত রঞ্জন দাস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, সাংবাদিক শাবান মাহমুদ, আওয়ামী লীগ নেতা এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনায় মাদ্রাসার ছাত্র-শিক্ষকসহ গ্রেফতার ৪

0
atok-kushtiaDroho-6-p8

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে রাতের আঁধারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গায় জড়িত মাদ্রাসার দুই শিক্ষার্থীকে আটক করা হয়। এই ঘটনার মদদ দেওয়ার অভিযোগে মাদ্রাসার দুই শিক্ষকও গ্রেফতার হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে, শহরের জুগিয়া পশ্চিমপাড়া ইবনে মাস্উদ (রা:) মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী কুষ্টিয়ার মিরপুর উপজেলার শিংপুর মৃধাপাড়া এলাকার সমসের মৃধার ছেলে আবু বক্কর ওরফে মিঠুন (১৯) ও এ মাদ্রাসার শিক্ষার্থী দৌলতপুর উপজেলার ফিলিপনগর গোলাবাড়ীয়া এলাকার সামছুল আলমের ছেলে সবুজ ইসলাম ওরফে নাহিদ (২০)।

এ ঘটনায় মদদ দেওয়ার অভিযোগে ওই মাদ্রাসার দুই শিক্ষক কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল গ্রামের আব্দুর রহমানের ছেলে আল আমিন (২৭) ও অপর শিক্ষক পাবনা জেলার আমিনপুর থানার দিয়াড় বামুন্দি গ্রামের আজিজুল মন্ডলের ছেলে ইউসুফ আলী (২৬)।

রবিবার বিকালে কুষ্টিয়া পুলিশ লাইনে এক সংবাদ সম্মেলনে খুলনা রেঞ্জের ডিআইজি খন্দকার মহিউদ্দিন সাংবাদিকদের কাছে চার জনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এ সময় অতিরিক্ত ডিআইজি এ.কে.এম নাহিদুল ইসলাম, কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে খুলনা রেঞ্জের ডিআইজি বলেন, স্পর্শকাতর এই ঘটনা ঘটার পর সিসিটিভি ফুটেজ এবং প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পুলিশের সব ইউনিটকে কাজে লাগিয়ে ২৩ ঘন্টার মধ্যে পুলিশ হামলা অংশ নেয়া ২ জন এবং তাদের মদদ দেওয়া ২ শিক্ষককে আটক করতে সক্ষম হয়েছে।

তিনি দৃঢ়তার সাথে বলেন, দেশের বিরুদ্ধে এবং দেশের রাষ্ট্রীয় সম্পদের উপর যে বা যারা আঘাত হানবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। এ ঘটনার পেছনে কারা আছে, কারা ইন্ধন দিয়েছে, নেপথ্যে কেউ জড়িত রয়েছে কিনা পুলিশ সে সব বিষয়ও খতিয়ে দেখছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে ২ জন ব্যক্তি সনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশ সুপার কুষ্টিয়ার নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপারগণসহ ডিবি, ডিএসবি ও কুষ্টিয়া মডেল থানা পুলিশ সন্মিলিতভাবে অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে কুষ্টিয়া মডেল থানাধীন জুগিয়া পশ্চিমপাড়া মাদ্রাসা ইবনে মাসউদ (রাঃ) এর জামাত বিভাগের ছাত্র আব্দুল্লাহ (১৫) এবং আব্দুর রহমান (১৭) উভয়ের পিতা মোস্তফা কামাল , সাং – মশান ( বাজাজের পার্শ্বে ) থানা – মিরপুর , জেলা – কুষ্টিয়া কে আটক পূর্বক জিজ্ঞাসাবাদ ও ভিডিও ফুটেজ দেখালে তারা তথ্য দেয় যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নির্মাণাধীন ভাস্কর্যটি কারা ভাংচুর করেছে। তারা একই মাদ্রাসার হেফজ বিভাগে পড়াশোনা করে।

পরবর্তীতে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ ও পুলিশ সুপার কুষ্টিয়ার নিদের্শনায় অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি কুষ্টিয়ার নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি টিম অভিযান পরিচালনা করে আবু বক্কর ওরফে মিঠুন (১৯) এবং একই মাদ্রাসার শিক্ষার্থী দৌলতপুর উপজেলার ফিলিপনগর গোলাবাড়ীয়া এলাকার সামছুল আলমের ছেলে সবুজ ইসলাম ওরফে নাহিদকে (২০) তাদের নিজ নিজ গ্রাম থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত’ থাকার কথা স্বীকার করে। মাওলানা মুহাম্মদ মামুনুল হক ও ফয়জুল করিমের বয়ানে উদ্বুদ্ধ হয়ে তারা এই ঘটনা ঘটিয়েছে বলে জানায়।

তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ০৫/১২/২০২০ ইং তারিখ রাত ২ টা ৫ মিনিটের সময় যখন মাদ্রাসার সবাই ঘুমিয়ে পড়ে তখন তারা দুজনে গোপনে মাদ্রাসা থেকে বের হয়ে পায়ে হেঁটে শাহীন কাউন্সিলরের বাসার সামনে দিয়ে কানাবিল মোড় পার হয়। এরপর কমলাপুর হয়ে মজমপুর রেললাইন ধরে ফজলুল উলুম মাদ্রাসার পাশ দিয়ে পাঁচ রাস্তার মোড়ে ভাস্কর্যের নিকট আসে। তারপর ভাস্কর্য নির্মাণ কাজে ব্যবহৃত বাঁশের মই দিয়ে উপরে উঠে নাহিদুল ইসলামের ব্যাগ থেকে হাতুড়ি বের করে আবু বকর মিঠুন ও সবুজ ইসলাম দু’জনে মিলে রাত ২ টা ৫ মিনিট থেকে রাত ২ টা ১৩ মিনিট পর্যন্তু নির্মাণাধীন ভাস্কর্যটির বিভিন্ন জায়গায় হাতুড়ি দিয়ে স্বজরে আঘাত করে ভাস্কর্যটির ক্ষতি সাধন করে পুনরায় পায়ে হেঁটে মাদ্রাসায় গিয়ে সঙ্গোপনে ঘুমিয়ে পরে। পরবর্তীতে সকাল তারা মাদ্রাসার শিক্ষক আল আমিন ও ইউসুফ আলীকে ভাস্কর্য ভাংচুরের বিষয়টি জানালে উক্ত দুই শিক্ষক তাদেরকে মাদ্রাসা থেকে দ্রুত পালিয়ে যেতে বলে।

আসামীদের স্বীকারোক্তির ভিত্তিতে উক্ত শিক্ষকদ্বয়কে মাদ্রাসা থেকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় পেনাল কোড ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) তৎসহ ৪২৭/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং -০৮। মামলাটি বর্তমানে তদন্তনাধীন রয়েছে।

প্রসঙ্গত শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে পৌরসভার উদ্যোগে প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য়ের মুখ ও হাতের অংশে ভাঙচুর করে দুর্বৃত্তরা। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে দেশব্যাপী ইসলামপন্থি বিভিন্ন সংগঠনের প্রতিবাদের মধ্যেই কুষ্টিয়ায় এ ঘটনা ঘটলো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙ্গে ফেলার এ ঘটনায় কুষ্টিয়াসহ দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।

ঝিনাইদহের মাড়ন্দি থেকে দেশীয় অস্ত্রসহ আটক ৪

0
Jhenidaf-Droho-6-p7

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্ধি ইউনিয়নের মাড়ন্দি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্রসহ চার জনকে আটক করা হয়।

রবিবার মাড়ন্দি গ্রামে সিদ্দিক মোল্লা ও মধু মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় সদর থানা পুলিশ ঘটনা স্থলে পৌচ্ছে দেশীয় অস্ত্র রামদা, ঢাল, চাইনিজ কুড়াল, শড়কিসহ মধু মোল্লা, সরোয়ার, শাহিন ও রিপনকে আটক করে।
৪ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। এসময় হয়।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, আধিপত্য বিস্তার কেন্দ্র করে সদর উপজেলার মাড়ন্দি গ্রামে সংঘর্ষে সৃষ্টি হয়। এ সময় তাদের তাটক করা হয়। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

দৌলতপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

0
DAULATPUR-KUSHTIA-Droho-6-p6

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনায় দৌলতপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার উপজেলা পরিষদ চত্বরে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর ম্যুড়ালের সামনে এসে প্রতিবাদ সভা করে।

উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাক্কির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) হায়দার আলী, মহিউল ইসলাম মহি, ফজলুল হক কবিরাজ, সরদার আতিউর রহমান আতিক, আব্দুল কাদের, চঞ্চল প্রমুখ।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়াবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে এমপি আমির হামজার পোষ্ট

কুষ্টিয়া প্রতিনিধি অপকর্মকারীদের বিরুদ্ধে রুখে দঁড়ানোর জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহবান জানিয়েছেন মুফতি আমির হামজা। একই সাথে তিনি কু্ষ্িটয়াবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছেন। সোমবার (৪ এপ্রিল) রাতে...

ঘুড়ি

ঘুড়ি। আগের মত আর রঙিন কাগজের ঘুড়ির দেখা মেলে না। এখন প্রচলন হয়েছে পলিনি পেপারের তৈরী ঘুড়ি। শিশুটি বোরো ধানের আইল দিয়ে ঘুড়ি হাতে...

খোকসায় রাস্তার গর্তে ভ্যান উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রাস্তা বর্ধিত করণের গর্তে ভ্যান উল্টে গিয়ে ঝন্টু দাস (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যান একশিশু ও...

খোকসায় রাষ্ট্রিয় মর্যাদায় বীব মুক্তিযোদ্ধার দাফন

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক কর্মী আব্দুল ওহাব (৭৩) কে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার সকালে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে...

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম...