বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬.
Home Blog Page 9

শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি শিক্ষক আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়। গোলাম কিবরিয়া লালন প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।

স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার বেলা ৩টার দিকে বিদ্যালয়ের দশম শ্রেণির বাংলা ক্লাস চলাকালে সম্প্রতি জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া বাংলা ভাষণের প্রসঙ্গ ওঠে। এ সময় ওই শিক্ষক প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, ওই সময় শিক্ষক প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি নিয়ে ক্লাসে অসন্তোষ তৈরি হয়। ক্লাস শেষে শিক্ষার্থীরা বাড়িতে গিয়ে অভিভাবকদের কাছে ঘটনাটি জানালে তা এলাকায় ছড়িয়ে পড়ে।

বুধবার সকালে বিদ্যালয় চত্বরে কয়েকজন অভিভাবক ও স্থানীয় বাসিন্দা জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরে শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং বিদ্যালয়ের পরিবেশ উত্তপ্ত করার অভিযোগে প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক লালনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, বিষয়টি তিনি মঙ্গলবার রাতে জানতে পারেন। বুধবার সকালে বিদ্যালয়ের সাবেক সভাপতিসহ সংশ্লিষ্টদের নিয়ে ওই শিক্ষককে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

তার ভাষ্য, শিক্ষক গোলাম কিবরিয়া লালন কটূক্তির অভিযোগ অস্বীকার করেছেন। তবে তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে বাংলা ভাষার উচ্চারণ কিছুটা অস্পষ্ট হয়েছে এমন বক্তব্য দিয়েছেন বলে জানান প্রধান শিক্ষক। পরে পুলিশ এসে শিক্ষক লালনকে আটক করে নিয়ে যায়।

ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাস্তা ও ড্রেনের মাঝের গর্ত মরণ ফাঁদে পরিণত হয়েছে

0

স্টাফ রিপোর্টার

পাকা রাস্তা ও ড্রেনের মাঝে পৌনে ২ শ মিটার লম্বা বিপদ জনক গর্ত রেখে দুই ঠিকাদার নির্মান কাজ শেষ করেছে। এই গর্ত স্কুল গামী শিশু শিক্ষার্থীসহ পথচারীদের মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এই গর্তে পরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর হাত ভেঙ্গে ছিলো। এক মাস চিকিৎসা পরেও সে সুস্থ্য হতে পারেনি। গর্ত নিয়ে উপজেলা প্রকৌশল বিভাগ পৌরসভার ঠিকাদারের বিরুদ্ধে মাটি বিক্রিসহ নানা অভিযোগ করেন।

কুষ্টিয়ার খোকসা উপজেলা সদরের বাস স্ট্যান্ডের পূর্ব দিক থেকে খোকসা-একতারপুর ভায়া বনগ্রাম আরসিআইপি রোর্ডের নলেপাড়ার মোড় পর্যন্ত মাত্র ৭১৫ মিটার রাস্তাটি জল-কাঁদায় চলাচলের অনুপযোগী হয়ে পরে। সম্প্রতি এলজিইডি আরসিসি রাস্তা নির্মান ও পৌরসভা পাকা ড্রেন নির্মান করায় জলকাদা কমেছে কিন্তু সদ্য নির্মানকরা পাকা রাস্তা ও ড্রেনের মাঝের দীর্ঘ গর্ত মৃত্যু ফাঁদে পরিনত হয়েছে। পাকা রাস্তা ও ড্রেনে মাঝে প্রায় দুই ফুট গভীর, তিন ফুট প্রশস্ত (চওড়া) ও পৌনে ২শ মিটার লম্বা গর্ত রেখে ঠিকাদারী প্রতিষ্ঠান গুলো নির্মান কাজ শেষ করেছে। নতুন রাস্তার সোল্ডার ও ড্রেনের গর্তে মাটি দাবি জানিয়েছিলে সরকারি বিদ্যালয় গুলোর প্রধান শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা।

এই গর্তে পরে প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছে স্কুল গামী শিশুরাসহ স্থানীয়রা। ছুটির পর বাড়ি ফেরার সময় বিদ্যালয়ের সামনের গর্তে পড়ে পঞ্চম শ্রেণির মেধাবী ছাত্র সালসাবীলের (১২) ডান হাত ভেঙ্গে যায়। একমাস চিকিৎসার পরেও সে হাতটি সোজা করতে পারছে না। সে খোকসা জানিপুর সরকারি মর্ডেল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। তার বাবা আইনাল হোসেন একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি।

খোকসা জানিপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় প্রায় ৮ শ শিক্ষার্থী যাতায়াতের এক মাত্র রাস্তা এটি। এ ছাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৯শ শিক্ষার্থীর সিংহভাগ, দুইটি কেজি স্কুল ও একাধিক মাদ্রাসর কয়েকশ শিশু শিক্ষার্থী যাতায়াত করে রাস্তাটি দিয়ে। কিন্তু রাস্তারটির পশ্চিম দিকে সোল্ডারে মাটি দেওয়া হয়নি। অন্যপাশে গভীর গর্তের কারনে দাঁড়ানোর জায়গা নেই। স্কুল শুরুর আগে ও ছুটির পরে এ রাস্তায় ট্রাক বা বড় যাবাহন ঢুকলে শিশুরা গর্তে নেমে যেতে বাধ্য হয়।

অভিভাবকরা মনে করছেন, রাস্তা ও ড্রেনের মাঝের গর্ত ভরাট না করায় কোটি টাকা ব্যয়ের প্রকল্প দুটি স্কুল গামী শিশু শিক্ষার্থীসহ এলাকাবাসীর মরণ ফাঁদের সৃষ্টি হয়েছে। যে কোন সময় প্রাণহানীর মত বড় দুর্ঘটনা ঘটতে পারে।

খোজ নিয়ে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর ৭১৫ মিটার রাস্তাটির ২৫০ মিটার আরসিসি ও ৪৬১ মিটার কার্পেটিং করার জন্য ৭১ লাখ টাকা বরাদ্দ দেয়। নাসির এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কে কার্য়াদেশ দেওয়া হয়। অন্যদিকে পৌসভার এলজিসিআরআরপি (কভিট -১৯) প্রকল্পের অধীন রাস্তার পূর্ব পাশের উৎস্য মুখ থেকে স্কুল মোড় পর্যন্ত ১৯৮ মিটার ড্রেন নির্মানে ৩১ লাখ টাকা বরাদ্দ দেয়। রেশমা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ড্রেন নির্মানের কাজ পায়। ইতোমধ্যে ঠিকাদারের পক্ষে বাবু এন্টারপ্রাইজ ড্রেন নির্মান কাজ শেষে করেছে। ঠিকাদারদের চুড়ান্ত বিল কর্মকর্তাদের টেবিলে।

গতকাল মঙ্গলবার তখন বিকাল ৪টা। সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় সবে ছুটি হয়েছে। শিশুরা যে-যার মত বাড়ি ফিরছে। এ সময় এ রাস্তায় একটি পাখি ভ্যান ঢুকে পরে। শিশু শিক্ষার্থীরা দুর্ঘটনা এড়াতে রাস্তা ও ড্রেনে মাঝের গর্ত ডিঙ্গিয়ে ড্রেনর উপর দিয়ে হাটা শুরু করলো।

রাস্তা থেকে গর্তে পরে হাত ভেঙ্গে যাওয়া পঞ্চম শ্রেণির মেধাবী ছাত্র সালসাবীল (১২) এর সাথে কথা বলা হয়। সে জানায়, একটি স্যালোইঞ্জিন চালিত নসিমন গাড়ি দেখে ভয়ে রাস্তা থেকে গর্তে নেমে পরে। সেখানে থেকে পরে গিয়ে তার হাতের একটি হাড় ভেঙ্গে যায়। বেশ কয়েকদিন আগে তার হাতের ব্যান্ডেজ খোলা হয়েছে। সে হাত সোজা করতে পারছে না। প্রতিদিন ব্যাথার ওষুধ খাচ্ছে।

মন্টু মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও স্থানীয় বাসিন্দার আলীম রেজা আকু বলেন, রাস্তা ও ড্রেনের মাঝের গর্ত স্কুল-কলেজ গামী শিশু-কিশোর জন্য মৃত্যু কূপে পরিণত হয়েছে। যে কোন মূহুত্যে প্রাণহানীর মত বড় দুর্ঘটনা ঘটতে পারে।

তিনি আর বলেন, এবারে নির্মানের সময় রাস্তাটি শরু করে ফেলা হয়েছে। এছাড়া নিন্মমানের নির্মান সামগ্রী ব্যবহার করা হয়েছে। এস্কেভেটর দিয়ে ড্রেনের মাটি কেটে তোলা হয়। এখান থেকে গর্তের সৃষ্টি হয়েছে। কিছু মাটি বিক্রি করা হয়। আর কিছু মাটি লুট হয়েছে। গর্ত ভরাট না করায় রাস্তাটি বিপদ জনক হয়ে উঠেছে।

কাজের মান নিয়ে প্রশ্নো তোলেন সাবেক এই অধ্যক্ষ, তিনি ল্যাব টেষ্টের মাধ্যমে নির্মান সামগ্রীর মান যাচায় করার দাবিও করেন। কার গাফিলতির কারণে সদ্য নির্মান করা পাকা রাস্তা ও ড্রেনর মাঝে ২শ মিটার লম্বা গর্ত রয়েছে তারও তদন্তের দাবি করেন।

বৃদ্ধ আব্দুল আজিজ চতুর্থ শ্রেণিতে পড়া নাতি ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। স্কুলের প্রধান গেটের সামনে তার সাথে দেখা। তিনি আক্ষেপ করে বলেন, “যারা রাস্তা আর ড্রেন নির্মান করেছেন তারাই তো মাঝখানে গর্ত করেছেন। সামান্য মাটি দেওয়া হলে দুই স্কুলের পাশের রাস্তাটি ঝুঁকিপূর্ণ হত না। আগে রাস্তায় পানি জমলেও আসা যাওয়া করা যেতো। এখন খাদে (গর্তে) মধ্যে নেমে যাওয়া লাগছে।”

খোকসা জানিপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহেরা সুলতানা রুনা বলেন, স্কুলের সামনে সদ্য নির্মান করা ড্রেন ও রাস্তার মাঝে গর্ত রেখে কাজ শেষ করেছে এলজিইডি ও পৌরসভার ঠিকাদার। এই গর্ত স্কুল গামী ছাত্র-ছাত্রীদের মরণ ফাঁদে পরিণত হয়েছে। তিনিও দ্রুত রাস্তা ও ড্রেনের মাঝের গর্ত ভরাটের দাবি জানান।

খোকসা জানিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যাললের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, দুইটি সরকারী বিদ্যালয়ের মাঝের রাস্তাটি অনেকটাই শরু করে ফেলা হয়েছে। এ ছাড়া মাঝ খানে গর্ত রেখে কাজ শেষ করায় এটি মৃত্যু কূপে পরিণত হয়েছে। রাস্তার পশ্চিম পাশ গ্রাউন্ড লেভেল থেকে রাস্তাটি প্রায় ১ ফুট উচু হওয়ায় ছাত্র-ছাত্রী ও পথচারীদের জন্য বিপদ জনক হয়ে উঠেছে। তিনি রাস্তা ও ড্রেন নির্মানের সময় পৌরসভা ও উপজেলা প্রকৌশলীর কাছে অভিযোগ করে ছিলেন। কিন্তু কাজ হয়নি। তিনি রাস্তা ও ড্রেনের মাঝের গর্ত ভরাট ও পশ্চিম পাশে মাটি দেওয়ার জন্য জোর দাবি জানান।

বাবু এন্টার প্রাইজের স্বত্বাধীকারী আরিফুল ইসলাম বাবু বলেন, ড্রেনের বেড কাটার মাটি রস্তার পাশে গাদি দিয়ে রাখা হয়েছিলো। এলজিইডির ঠিকাদার সব মাটি রাস্তার বেডে দিয়ে দিয়েছে। ফলে সে আর মাটি ভরাট করতে পারেনি। এ ছাড়া সিডিউলে মাটি ভরাট নেই।

এলজিইডির ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক নাসির উদ্দিন বলেন, কাজটা তিনজন ঠিকাদার করছেন। তিনি এলজিইডির রাস্তা করেছেন। পৌরসভার একজন ড্রেন করেছে অন্য আর একজন মাটির কাজ করবেন। কাজের মান নিয়ে অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাস্তা পৌর সভার, এলজিইডি কাজে করে দিয়েছে। কাজের মান ভালো হয়েছে বলেও তিনি দাবি করেন।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের খোকসার উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন বলেন, তাদের ঠিকাদার মাটি কাটেনি। পৌর সভার ঠিকাদার এস্কেভেটর দিয়ে ড্রেনের মাটি কেটেছে। তারাই ট্রাকে করে মাটি মাটি বিক্রি করেছে। এ ছাড়া এলজিইডি কোন প্রকল্পে মাটির কাজ করে না। এই কর্মকর্তা কাজের মান নিয়ে করা অভিযোগ অস্বীকার করেন।

খোকসা পৌরসভার প্রকৌশলী মামুনুর রশিদ টিপু বলেন, ড্রেনের বেড কাটার পর অতিবৃষ্টির কারনে কিছুটা গর্ত হয়েছে। পৌর কর্তৃপক্ষ মাটি দিয়ে রাস্তা ও ড্রেনের মধ্যকার গর্ত ভরাট করার জন্য প্রকল্প নিয়েছে। অল্প সময়ের মধ্যে ভরাট কাজ করা হবে।

তিনি আর বলেন, এলজিইডি রাস্তা করেছে। তারা রাস্তার সোল্ডারে মটি দেবে এটাই সত্য। কিন্তু তাদের ঠিকাদার রাস্তার সোল্ডারের মাটি না দিয়ে চলে গেছে।

উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন তিনি নতুন এসেছেন। সব প্রকল্পে গুলো চেনেনা। সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলীর সাথে কথা কলার পরামশ্য দেন।

পাটকাঠির গাদা সরাতে বেডিয়ে এলো দেশী তৈরী আগ্নেয় অস্ত্র

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় নদীর ভিতরে রাখা কৃষকের পাটকাঠির গাদা সরাতে গিয়ে বেডিয়ে এলো দেশী তৈরী আগ্নেয় অস্ত্র ও এক রাউন্ড তাজা গুলি।

পুলিশ ও স্থানীয়রা বলছে, সম্প্রতি ডাকাতির প্রস্তুতি কালে গ্রামবাসীর হাতে আটক ডাকাত সদস্যদের ফেলে যাওয়া আগ্নেয় অস্ত্র হতে পারে এটি।

বুধবার দুপুর ২টার দিকে উপজেলার জানিপুর ইউনিয়নের চরবিহারিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনের সিরাজপুর হাওড় নদীর ভিতরের পাটকাঠির গাদা সরাতে গিয়ে আগ্নেয় অস্ত্রটি উদ্ধার করা হয়। অস্ত্রে মধ্যে এক রাউন্ড গুলি লোড ছিলো বলে নিশ্চিত করেছে থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক জানান, কৃষক স্বপন ঘোষ কয়েকজন শ্রমিক নিয়ে নদীর থেকে নিজের পাটকাঠি তুলছিলো। এক পর্যায়ে পাঠকাঠির গাদার ভিতর থেকে একটি দেশী তৈরী আগ্নেয় অস্ত্র বেড়িয়ে আসে। তিনি স্থানীয়দের ডেকে ঘটনাটি দেখান। পরে খবর পেয়ে থানা পুলিশ আগ্নে অস্ত্রটি জব্দ করে থানা নিয়ে আসে।

খোকসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মোশারফ হোসেন জানান, সম্প্রতি বিহারিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতি কালে গ্রামবাসী একদল ডাকাতকে ধাওয়া করে। তারা নদীর কচুরি পানার মধ্যে আশ্রয় নেয়। এক পর্যায়ে প্রায় ১০ ঘন্টা অভিযান চালিয়ে নদীর কুচুরি পানার ভেতর থেকে একে একে ডাকাত দলের সাতজনকে আটক করা হয়। সেদিন ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশরা অস্ত্রের সন্ধানে নদীতে তল্লাসি চালায়। কিন্তু তারা ব্যর্থ হয়ে অভিযান শেষ করে। সেই ডাকাত সদস্যদের ফেলে যাওয়া আগ্নেয় অস্ত্র ও গুলি হতে পারে বলে মনে করছেন তিনি।

কুমারখালীতে পাচারকালে সার জব্দ করলেন কৃষকরা

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে পাচারকালে ১০ বস্তা টিএসপি ও ১০ বস্তা ইউরিয়া সার জব্দ করেন স্থানীয়রা কৃষকরা।

সোমবার দুপুরে উপজেলার শিলাইদহ ইউনিয়নের নাউতি ভবানীপুর এলাকা থেকে এইসব সরকারি সার জব্দ করেন তারা।

পরে জব্দকৃত সার হেফাজতে নিয়ে প্রকৃত মালিকের সন্ধানে নামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এরপর
যাচাই – বাছায় শেষে সন্ধা ৭টার দিকে শিলাইদহ ইউনিয়নের বিসিআইসি ডিলার মো. মকুল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও জব্দকৃত সার ন্যায্যমূল্যে উপস্থিত কৃষকদের মাঝে বিক্রি করা হয়।

অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৬ ধারায় আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) নাভিদ সারওয়ার। আদালত পরিচালনায় সহযোগীতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন ও থানা পুলিশ। ন্যায্যমূল্যে বিক্রির অর্থ নিয়ম মেনে সরকারি কষাগারে জমা দেওয়া হবে বলে আদালত সুত্রে জানা গেছে।

এলাকাবাসী ও অভিযান সুত্রে জানা গেছে, সোমবার দুপুরে শিলাইদহ বাজার এলাকায় অবস্থিত বিসিআইসির ডিলার মো. মকবুল হোসেনের দোকান থেকে ২০ বস্তা সার পলিথিনে ঢেকে খোকসার শোমসপুর বাজার এলাকার আব্দুল আলিমের দোকানে পাচার করা হচ্ছিল। কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী এক ইউনিয়নের সার অন্য ইউনিয়নে নেওয়া বা বিক্রির কোনো সুযোগ নেই। এরপর পথিমধ্যে ভ্যানসহ সার আটক করে প্রশাসনকে খবর দেন কৃষকরা। পরে অভিযান চালিয়ে ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত সার ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে বিক্রি করেন ভ্রাম্যমাণ আদালত। গত ১৬ সেপ্টেম্বর একই অপরাধে ওই ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ।

স্থানীয় কৃষক মকবুল হোসেন বলেন, ‘আমার এলাকার সার খোকসা পাচার হচ্ছিল। প্রতিদিনই ভ্যানে এমন সার পাচার হয়। সন্দেহজনক ভাবে ভ্যান থামিয়ে পাচারের প্রমাণ মিললে প্রশাসনকে জানানো হয়।’

অভিযুক্ত ভ্যানচালক মো. জাকির হোসেন জানান, তিনি শিলাইদহ বাজারের ডিলার পয়েন্ট থেকে ৩০ হাজার টাকা দিয়ে ১০ বস্তা ইউরিয়া ও ১০ বস্তা টিএসপি সার কিনেছেন। সারের প্রকৃত মালিক খোকসার শোমসপুর বাজারের ব্যবসায়ী আব্দুল আলিম। সেখানে যাওয়ার পথে লোকজন আটক করেছেন।

শোমসপুর বাজারের ব্যবসায়ী আব্দুল আলিম বলেন, ‘মাঝেমধ্যে শিলাইদহের ডিলারের কাছ থেকে সার কিনে কৃষকদের কাছে বিক্রি করা হয়। আজ ৩০ হাজার টাকায় ২০ বস্তা কিনেছিলাম। আমার ভুল হয়েছে।’

তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি ঘটনাস্থলে থাকা শিলাইদহের বিসিআইসি ডিলার পয়েন্টের ব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম।

এ সব তথ্য নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, ‘নিয়ম অমান্য করে এক ইউনিয়নের সার অন্য ইউনিয়নে বিক্রির অভিযোগে ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও জব্দকৃত ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে বিক্রি করা হয়েছে। একই ধরনের অপরাধের জন্য ১৬ সেপ্টেম্বর ওই ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছিল। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

প্রিজনভ্যান থেকে পালালো শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আদালতে হাজিরা দিয়ে কারাগারে ফেরত নেওয়ার পথে প্রিজন ভ্যান থেকে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী রাজা ওরফে বাদশা ওরফে পিচ্চি রাজা নামে এক আসামি পালিয়ে গেছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, ওই আসামিকে সকাল ৬টা ৫০ মিনিটে কোর্ট পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছিল। আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরার পথে প্রিজন ভ্যান থেকে আসামি পালিয়ে যায়।

ওই কর্মকর্তা জানান, ফেরার পথে নাওজোর হাইওয়ে থানার কাছাকাছি কোনো একটি স্থানে টয়লেটে যাওয়ার কথা বলে আসামিকে ভ্যান থেকে নামানো হয়। পরে সেখান থেকে সে পালিয়ে যায় বলে পুলিশ সদস্যদের কাছ থেকে তারা জানতে পারেন।

কারাগার সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম আরও বলেন, আসামি তাদের হেফাজত থেকে বের হওয়ার পর ঘটনাটি ঘটেছে। তাই এ ঘটনায় পুলিশের পক্ষ থেকেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কারাগার কর্তৃপক্ষের এ ঘটনায় কোনো সম্পৃক্ততা নেই।

চলতি বছরের ১৯ মে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী রাজা ওরফে বাদশা ওরফে পিচ্চি রাজাকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর একবার পিচ্চি রাজাকে গ্রেফতার করা হয়েছিল। সে সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করার তথ্য দিয়েছিল পুলিশ।

লুটপাট ও জবরদখলের ঘটনাগুলো ‘বিচ্ছিন্ন বিষয় নয়’: টিআইবি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ঢাকার মিরপুরে ‘এমপির পৃষ্ঠপোষকতায়’ স্বাস্থ্যকেন্দ্রে লুটপাট, ভাঙচুর ও জবরদখল, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, কিশোরগঞ্জে জলমহাল দখল নিয়ে ক্ষমতাসীনদের সংঘর্ষের মতো ঘটনাগুলোকে ‘বিচ্ছিন্ন বিষয়’ হিসেবে দেখছে না ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

জড়িতদের দৃষ্টান্তমূলক জবাবদিহিসহ সারাদেশে বিএনপিতে আত্মশুদ্ধি অভিযানের আহ্বান জানিয়ে বেসরকারি সংস্থাটি বলছে, এসব ঘটনা সরকার ও ক্ষমতাসীন দলের জন্য ‘অশনিসংকেত’।

মিরপুর ১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার একটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, যা সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ৫০ বছর ধরে গরিব, অসহায় মা ও শিশুদের জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে।

বৃহস্পতিবার গভীররাতে ভারী যন্ত্রপাতি দিয়ে সংস্থাটির কার্যালয়ের একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা ভেঙে ফেলা হয়। হামলাকারীরা জমিটির সামনে ‘সমমনা দোকানদার সমিতি লি.’ এর সাইনবোর্ড লাগিয়ে দিয়ে চলে যান। সংস্থাটির অভিযোগ, হামলার সময় তাদের অফিসের সামগ্রীসহ টিকাদানের প্রচুর সামগ্রী লুটপাট হয়েছে।

এ ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির দিকে আঙুল তুলেছেন এনসিপি নেতা আসিফ মাহমুদসহ অনেকেই।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “জাতীয় সংসদের সংরক্ষিত আসনের একজন সদস্যের পৃষ্ঠপোষকতায় পুলিশের উপস্থিতিতে শত শত মানুষের সামনে অর্ধশত বছর ধরে গরিব অসহায় মা ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদানকারী একটি দাতব্যপ্রতিষ্ঠান ধ্বংস করে ক্ষমতাসীন দল কোন ধরনের দৃষ্টান্ত স্থাপন করছে?

ঢাকার মিরপুর ১ নম্বর সেকশনে গুঁড়িয়ে দেওয়া বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ এর কার্যালয় ও স্বাস্থ্যকেন্দ্রের সামনে দোকান খুলে বসেছে কিছু মানুষ।

“রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানের মাধ্যমে কর্তৃত্বপরায়ণ চোরতন্ত্রের পতনের প্রেক্ষাপটে ঐতিহাসিক নির্বাচনের জনরায়ে ক্ষমতায় অধিষ্ঠিত দলের নেতাকর্মীদের এ জাতীয় কর্মকাণ্ড দেশবাসীর কাছে কী বার্তা দিচ্ছে?

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “কর্তৃত্ববাদী চোরতন্ত্রের পতনের পর বিজয়ের দাবিদার হিসেবে অগাস্ট ২০২৪ থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীদের একাংশের বিরুদ্ধে সারাদেশে দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ব্যাপক অভিযোগ ওঠে।

“রাজনৈতিক পটপরিবর্তনে তৃণমূলসহ বিভিন্ন পর্যায়ের দলটির অনেক নেতাকর্মী বেপরোয়া আচরণ শুরু করেন, যা গণমাধ্যম, পর্যবেক্ষক ও রাজনৈতিক মহলে উদ্বেগের সঙ্গে আলোচিত হচ্ছে।

“আওয়ামী সরকারের পতনের পরপরই ঢাকার সায়দাবাদ, মহাখালী ও গাবতলীর মতো, চট্টগ্রাম, সিলেট ও খুলনাসহ দেশের প্রধান প্রধান বাস টার্মিনাল, ফুটপাত, বাজার, জলমহাল, বালুমহাল, হাটবাজার, ক্যাবল সংযোগ ও ইন্টারনেট, বর্জ্য সংগ্রহ সংক্রান্ত ব্যবসা এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে অনুরূপ চাঁদাবাজি ও দখলবাজির হাতবদলকে বিএনপির নেতাকর্মীদের একাংশ মহোৎসবে পরিণত করেছেন । যা কেন্দ্র করে নিজেদের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা ও অন্তর্ঘাত অনেক ক্ষেত্রে নির্লজ্জভাবে সহিংস রূপ ধারণ করছে।”

ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীর নিউ গিনি প্রপার্টিজে শনিবার রাত সাড়ে ১০টার দিকে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ‘ব্রাউনফিশ’ স্টুডিও ছাড়াও ওই আবাসন প্রকল্পের অফিস ও আশপাশের স্থাপনায় হামলা হয়।

কিশোরগঞ্জের জলমহাল নিয়ে বিরোধে বিএনপির দুই পক্ষ শুক্রবার সংঘর্ষে জড়ায়।
এর আগে শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় জলমহাল নিয়ে বিরোধে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “এগুলো কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, বরং ২০২৪ এর আগস্টের পর থেকে সংঘটিত ঘটনাবলীর ধারাবাহিকতা মাত্র। যা সরকারের যাবতীয় ভালো উদ্যোগ ও সদিচ্ছাকে ম্লান করে জনগণের কাছে নেতিবাচক বার্তা উপস্থাপন করার জন্য যথেষ্ট।

“এক্ষেত্রে সরকারি দল যদি তাদের দুর্নীতিবিরোধী নির্বাচনী অঙ্গীকারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এখনই কার্যকর আত্মশুদ্ধিমূলক পদক্ষেপ গ্রহণ না করে, তবে অদূর ভবিষ্যতে এই দখলবাজি ও চাঁদাবাজির নিয়ন্ত্রণের আর সুযোগ বা ক্ষমতা তারা চাইলেও পাবেন না। অন্তত নিকট অতীতের দৃষ্টান্ত সেটাই বলছে।”

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে রবিবার সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল রবিবার সকালে গণমাধ্যমকে এ কথা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইটটি রবিবার সকাল ৮টা ২১ মিনিটে ঢাকায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার প্রমুখ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

এর আগে প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট স্থানীয় সময় ২৫ সেপ্টেম্বর রাত ১১টা ৩০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়।

দুবাইয়ে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় রাত ২টা ১৫ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে আসে।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান উপলক্ষ্যে নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী শান্তি, গণতন্ত্র, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, মানবিক বিষয় এবং টেকসই উন্নয়নসহ বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরেন।

নিউইয়র্কে চারদিনের সফরে প্রধানমন্ত্রী ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছিল বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

ঢাকা ফেরার আগে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক শান্তির বিষয়গুলো গুরুত্ব পায়।

মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রী ইউএনজিএ-সংশ্লিষ্ট আটটি কর্মসূচি, ইউএনজিএর সাইডলাইনে চারটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান এবং ১১টি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। এ ছাড়া তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করেন।

প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও সফরকালে আটটি উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে চারটি অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন। এগুলোর মধ্যে ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স, ফার্স্ট স্পাউসেস’ ডায়ালগ এবং মাতৃ ও শিশু স্বাস্থ্য ও মিডওয়াইফারি বিষয়ক একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান।

মামলার বাদির বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের মামলা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় মামলার বাদি ৬৫ বছর বয়সি এক বৃদ্ধা নারীকে থানায় তুলে নিয়ে এসে সন্ত্রাস বিরোধী আইনের মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ।

রবিবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের নলকুলা গ্রামের বাড়ি থেকে নুর জাহান বেগম নামের ওই বৃদ্ধা নারীকে ধরে নিয়ে থানায় নিয়ে আসে পুলিশ।

জানা গেছে, নিজের বাড়ি ও গুদামে আগুন দেওয়ার ঘটনায় ৬দিন আগে আদালতে একটি মামলা দায়ের করেন নুর জাহান বেগম। সেই মামলায় স্থানীয় আওয়ামী লীগ ও কৃষকদলের ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-৩০ জনকে আসামী করা হয়। কয়েকদিন ধরে স্থানীয় বিএনপি নেতারা মামলা তুলে নেওয়ার জন্য ওই নারী এবং তাদের পরিবারের সদস্যদের ওপর অব্যাহতভাবে চাপ সৃষ্টি করে আসছে বলে অভিযোগ।

রবিবার সকালে ওসি সাহেব কথা বলবেন বলে জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ও পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের একটি যৌথ দল রান্নার প্রস্তুতি নেওয়ার সময় ওই নারীকে তুলে নিয়ে যায়। পরে দুপুরে তাকে কৃষক দলের কার্যালয় ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় সম্পৃক্ত থাকার অভিযোগ এনে সন্ত্রাস বিরোধী আইনের মামলার আসামি দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেয়।

জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৭ টা ৪০ মিনিটের দিকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন পাটিকাবাড়ি ইউনিয়নের ১ নং নলকুলা ’কৃষক দলের অফিস’ ভাংচুর এবং অফিসের মধ্যে থাকা নেতা-কর্মীদের মারপিট করে গুরুতর জখম করার অভিযোগ ওঠে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় হাবিবুর রহমান নামের একজন বাদি হয়ে পরের দিন ১৬ সেপ্টেম্বর ৭৫ জনকে এজাহার নামীয়সহ অজ্ঞাতনামা আরো ১০০-১২০ জনকে আসামি করে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা নং ১৭। ধারা ৬(৮)/৯/১০/১২/১৩ সন্ত্রাস বিরোধী আইন ২০০৯। এই মামলায় নুর জাহান বেগমের ছেলে পাটিকাবাড়ি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রুহুল আমিনকে ২ নং আসামি এবং বেড়াতে আসা নাতি ছেলে হারুন অর রশিদকে এজাহারভুক্ত ৩২ নং আসামি করা হয়েছে। ছেলে রুহুল আমিন পলাতক থাকলেও নাতি ছেলে হারুন অর রশিদকে পুলিশ ওই দিনই গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।

বৃদ্ধা নুর জাহান বেগমের মেয়ে সেলিনা আক্তার শিল্পী জানান, “সপ্তাহ দুয়েক আগে সামাজিক ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আমাদের বাড়িতে ও গুদামে অগ্নিসংযোগ এবং লুটপাট চালায় এলাকার একদল মানুষ। পরে কৃষকদলের স্থানীয় অফিসে নিজেরাই ভাংচুর করে এলাকার আরো মানুষের বাড়ি-ঘরে হামলা ও লুটপাট চালানো হয়।

বিএনপির পাশাপাশি আওয়ামী লীগের কিছু লোকজন এ ঘটনায় জড়িত বলে দাবি শিল্পীর। তিনি বলেন, তার মা বাদী হয়ে ২১ সেপ্টেম্বর কুষ্টিয়া আদালতে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত এলাকার কিছু মানুষকে আসামী করে মামলা দায়ের করেন। মামলাটি পিবিআইকে তদন্ত করছে।”

শিল্পী জানান, মামলা করার পর থেকে হুমকি দেওয়া হচ্ছিল বিভিন্ন ভাবে। এরপর রবিবার সকালে মা রান্নাবাড়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় সকালে একদল পুলিশ বাড়িতে ঢুকে পড়ে। তারা মাকে বলেন, ‘আপনি আদালতে গুদাম পুড়ানোর মামলা করেছেন। মামলার বাদী আপনি। এ কারনে ওসি সাহেব আপনার সাথে কথা বলবেন। আমাদের সাথে চলুন। এই বলে কয়েকজন নারী পুলিশ তাকে গাড়ীতে তোলে। এরপর নিয়ে যায়। এরপর কোথায় তাকে রাখা হয়েছে তা জানি না। বাড়িতে ১৫ বছর বসয়ী আমার অটিজম এক কন্যা রয়েছে। মাসহ আমরা তিনজন বাড়িতে ছিলাম।’

নুরজাহানের ছেলে রুহুল আমিন ফোনে বলেন, ‘আমি চাকুরি করি। কোন দল করি না। আমাকে যুবলীগ ট্যাগ দিয়ে মিথ্যা মামলা করা হয়েছে। তারা আমার বাড়ি ও গুদামে আগুন দিয়েছে। আমি পলাতক। পুলিশ আমার বৃদ্ধ মাকে ধরে নিয়ে গেছে। তার কোন খবর পাচ্ছি না।’

নুরজাহান বেগমকে কেন থানায় নিয়ে আসা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি এসএম মামুনুর রশিদ বলেন, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন পাটিকাবাড়ি ইউনিয়নের ১ নং নলকুলা ’কৃষক দলের অফিস’ ভাংচুর এবং অফিসের মধ্যে থাকা নেতা-কর্মীদের মারপিট করে জখমের ঘটনার তদন্তে মামলার তদন্তকারী কর্মকর্তা নুরজাহান বেগমের সম্পৃক্ততা পেয়েছে। সেজন্য তাকে গ্রেপ্তার করে সস্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত ওই মামলার আসামি হিসেবে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।

বয়োবৃদ্ধ ওই নারী কৃষক দলের অফিস ভাংচুরের ঘটনায় কিভাবে সম্পৃক্ত থাকতে পারেন এ প্রশ্নের জবাবে ওসি বলেন, আপনারা তাকে (ওই নারীকে) যতটা বৃদ্ধ ভাবছেন, আসলে তিনি ততটা না। যথেষ্ট সবল আছেন। উনি (ওই নারী) আসামিদের কৃষক দলের অফিস ভাংচুর করতে জিনিস-পত্র জেগান দিয়ে সহযোগিতা করেছেন।

কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে পরে এ বিষয়ে জানাতে পারবেন।

কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহম্মেদের কাছে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বলেন, কাজটি সঠিক হয়নি। পুলিশ যদি এ কাজ করে থাকে তাহলে অবশ্যই এটি নিন্দনীয়।

ইসলামের সঙ্গে ফকির লালনের কোনো বিরোধ নাই – ফরহাদ মজহার

0

“ফকির লালন শাহ: বাংলার ভাব ও ভাষার ঐশ্বর্য” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি

বিশিষ্ট কবি, চিন্তক, গবেষক ও নবপ্রাণ আন্দোলেন প্রতিষ্ঠাতা ফরহাদ মজহার বলেছেন, ‘আমাদের এখানে চারটা এমপির মধ্যে তিনই জামায়াতের। জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই। তাদের মধ্যে বড় বড় নেতা যাঁরা, এখন নাই। তাঁরা যদি জীবিত থাকতেন, তাঁরা ভিন্নভাবে ফকির লালনকে নিতেন। যাঁরা নাই। তাঁরা অনেক বিচেক্ষণ ছিলেন। তাঁরা কিন্তু বুঝতেন যে, ইসলামের সঙ্গে ফকির লালনের কোনো বিরোধ নাই। ফকির লালন কোনো ইসলাম সংস্কারের জন্যে আসে নাই। তিনি শরিয়ত-মারফতের তর্ক তোলেন নাই। তিনি তাঁর একটা পথ তুলেছেন। এটাকে বলি নদীয়রার ভাবের ভুবন। এটা দর্শন চর্চা, ভাব চর্চা, রসও চর্চার অংশ।’

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউরিয়ায় লালন একাডেমি মিলনায়তনে ‘ফকির লালন শাহ বাংলার ভাব ও ভাষার ঐশ্বর্য’ শীর্ষক সেমিনারে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলছেন। ” মানুষ ভজলে সোনার মানুষ হবি” প্রতিপাদ্যে এ সেমিনারের আয়োজন করে জেলা প্রশাসন ও লালন একাডেমি।

কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেন, ‘এই ভাব চর্চা, রসও চর্চা তার আগে ছিল তন্ত্র। তন্ত্র থেকে রস, রস থেকে ভাব। এই তিনটা স্তর বাংলায় ভাবের মূল। যা অসাধারণ একটা কাজ। এই জায়গা যদি আমরা যেতে পারি। আমাদের পুরোনো গুরুমশাই যাঁরা ছিলেন, অধিকাংশই কিন্তু দেহ রেখেছেন। তাঁরা কিন্তু আর জীবিত নাই। আমরা যাঁরা কিছু সংখ্যক মানুষ তাঁদের কাছ থেকে অল্প কথা শুনেছি। অল্প কিছু শিক্ষা পেয়েছি। তাঁদের কথা আমরা বলি, আপনারা রাগ করেন। কিন্তু যদি আপনারা আমাদের কথা মনযোগ দিয়ে অন্তত না শোনেন, আমরা কিন্তু বিব্রতর মধ্যে পড়ি। তাহলে আমরা কেউ কিন্তু এই মাজারকে রক্ষা করতে পারবোনা।’

ফরহাদ মজহার আরও বলেন, ‘ফকির লালন শাহ তাঁর ভাব এবং ভাষার দ্বারা বাংলা ভাষায়, আরবি ভাষায়, ফারসি ভাষায়, যে অপূর্ণ ব্যবহার দেখিয়েছেন, এটা অপূর্ণ। যদি সেটা সাহিত্যের দিক থেকে দেখা যায়। আমরা যাঁরা ধর্মপ্রাণ ভাই – বোনেরা আছি। তাঁরা অনেক সময় আপত্তি করেন। যে, ওই যে একটা নাম আছে, “পাড়ে কে যাবি লোকের নৌকাতে আয়।” এই গানের মধ্যে তাঁরা একবারও খেয়াল করেন না। গানের শুরুতে লেখা আছে রূপকাষ্ঠের নৌকা। তিনি রূপক অর্থে বুঝিয়েছেন।”

তিনি বলেন, ‘ভাবগত তর্ক গুলো আছে আমাদের মাঝে। ফকিরদের মাঝে আছে। আমাদের সমাজের মধ্যে আছে। থাকুক, অসুবিধা কি? কিন্তু আমরা যেন কারো অনুভূতিকে আহত না করি। আঘাত না করি।

যাতে এই সাঁইজির ধাম, ফকির লালন নিজেই বিপদের মধ্যে পড়েন। আমি কিন্তু সেই বিপদের সম্ভাব্য বিভিন্ন মাঝে ইতোমধ্যে দেখতে পেয়েছি।”

অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সেমিনারে ফকির লালন শাহের জীবন, কর্ম ও দর্শনের উপর আলোচনা করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও লেখক অধ্যাপক আ আল মামুন, ফোকলোর বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সুস্মিতা চক্রবর্তী, আলোকচিত্রী ও সাবেক শ্রম সংস্কার কমিশনের সদস্য তাসলিম আখতার, জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম প্রমুখ।

আলোচকরা বলেন, ফকির লালন শাহ কেবল বাউল সম্রাট নন, তিনি বাংলার ভাব ও ভাষার ঐশ্বর্যের প্রধান রূপকার। তাঁর গান ও দর্শনে মানবতা, অসাম্প্রদায়িকতা ও মানুষের মুক্তির কথা উঠে এসেছে। লালনের সহজ ভাষা বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে অনন্য মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে।

সেমিনারে জেলা প্রশাসনের কর্মকর্তা, লালন একাডেমির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, গবেষক, সাংবাদিক ও লালন অনুরাগীরা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া থানা থেকে লুট হওয়া পিস্তল-গুলি উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে পরিত্যক্ত অবস্থায় থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, ১৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও একটি পিস্তলের কভার উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শনিবার দিনগত ৮টার দিকে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাড়াদি গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কুমাখালী উপজেলা কয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাড়াদি গ্রামের মো. মোবারক আলীর (৭০) বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বাড়ির দক্ষিণ ভিটার উত্তর দুয়ারী দোচালা টিনের খোলা ঘরের মাটির গর্তে ভিতর থেকে একটি পিস্তল, ১৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন এবং একটি পিস্তলের কভার উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, উদ্ধার হওয়া পিস্তলটি ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ৫ আগষ্ট কু্ষ্িটয়া মডেল থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে একটি।

কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক জানান, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...