মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬.
Home Blog Page 6

ডিবি পুলিশের অভিযানে দুটি পিস্তল- গুলিসহ দুইজন আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে দুটি পিস্তল, ২ রাউন্ড পিস্তলের গুলি এবং ১৬ রাউন্ড শর্টগানের গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বংশীতলা এলাকার জসিম ব্রিকস এর সামনে থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শালঘর মধুয়ার হাসেন আলী গোপালের ছেলে আরিফুল ইসলাম আরিফ (২৮) এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার দূর্বাচরা গ্রামের মোঃ রাহাদ আলীর ছেলে মোঃ আব্দুল্লাহ (২৮)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, অস্ত্র ও গুলিসহ একদল লোক এলাকায় অবস্থান করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানকালে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২টি পিস্তল, ২ রাউন্ড গুলি এবং ১৬ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রকিবউদ্দিন জনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি পিস্তল ও গুলিসহ আরিফ ও আব্দুল্লাহ নামের দুই যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি ভারতীয় মদ ও মোটরসাইকেলসহ ৩ জনকে আটক করেছে

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সীমান্তে পৃথক দুই অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ তিন তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)। একই সাথে সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির সূত্রে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (০৫ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে ৪৭ বিজিবির জামালপুর বিওপির একটি চৌকস টহল দল দৌলতপুরের পাকুড়িয়া পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে।

এ সময় ভারতীয় ২ বোতল মদ ও একটি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—দৌলতপুর উপজেলার বোদ্ধনাতলা গ্রামের মুক্তার হোসেনের ছেলে মোঃ খালেকুল সাইফুল (১৭), চরদিয়া গ্রামের ফেরদৌস আলমের ছেলে মোঃ আব্দুল আলিম (১৭) এবং একই গ্রামের নিয়াজ উদ্দিনের ছেলে মোঃ জান্নাত ইসলাম (১৬)। জব্দকৃত মদ ও মোটরসাইকেলের সিজার মূল্য প্রায় ৮৩ হাজার টাকা।

অপরদিকে, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ধলা বিওপির অপর একটি টহল দল ধলা মাঠ এলাকায় অভিযান চালায়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ২ কেজি ৯শ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১০ হাজার ১৫০ টাকা।

আটককৃতদের বিরুদ্ধে এবং জব্দ করা মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্ণেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং এই কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

খোকসার ওসির সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা থানার নবাগত অফিসার ইনচার্জ মুহাম্মদ জায়েদুর রহমানের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে খোকসা থানার ওসির অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপজেরার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অপরাধ দমন, পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা এবং স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় হয়। এ সময় উপস্থিত ছিলেন সাইদুল ইসলাম প্রবীণ, হুমায়ুন কবির, নাহিদুজ্জামান শয়ন, মোঃ সবুজ আলী, শামীম হোসেন, আসলাম হোসেন, আমীর হামজা, রানা প্রমুখ আলোচনায় অংশ নেন।

নবাগত ওসি খোকসার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এলাকার মানুষের সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সাম্প্রতিক ছাত্র আন্দোলন এবং আন্দোলনে আহত হয়ে পঙ্গুত্ববরণকারীদের স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, মুহাম্মদ জায়েদুর রহমান এর আগে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
।

দৌলতপুরে মন্দিরের হিসাব রক্ষকের বাড়িতে চুরি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে মন্দিরের হিসাবরক্ষক অনাথ দাসের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

রবিবার দিবাগত রাতে বাড়ির লোকজন ঘুমিয়ে থাকার সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে মেয়ের বিয়ের জন্য তৈরি করে রাখা স্বর্ণালংকার, পূজার চাঁদার টাকা, নগদ টাকা ও পরিবারের সদস্যদের স্বর্ণালংকার নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

সোমবার সকালে ঘুম থেকে উঠে ঘরের অবস্থা দেখে চুরির বিষয়টি টের পান অনাথ দাস ও তার পরিবারের সদস্যরা। এ সময় তিনি দেখতে পান, ঘরের ওয়ারড্রব, ড্রেসিং টেবিল ও শোকেসের ড্রয়ার খোলা। জামাকাপড় ও বিভিন্ন আসবাবপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। পরে খোঁজ করে মেয়ের বিয়ের জন্য তৈরি করে রাখা স্বর্ণালংকার, দুর্গাপূজার জন্য তোলা চাঁদার টাকা, বাড়ির নগদ টাকা ও স্ত্রীর স্বর্ণালংকার না পাওয়ায় বিষয়টি নিশ্চিত হন তিনি। চোর বাড়ির দেয়াল টপকিয়ে ঢুকে থাকতে পারে বলে অনাথ দাস ও তাঁর পরিবারের ধারণা।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর দাসপাড়া এলাকায় শ্রী শ্রী সর্বজননী মন্দিরের পাশে। রবিবার দিবাগত রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ভুক্তভোগী অনাথ দাস ওই মন্দিরের হিসাবরক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। দুর্গাপূজা উদ্যাপন কমিটির হিসাবরক্ষক হওয়ায় পূজার বিভিন্ন খরচের জন্য স্থানীয়ভাবে তোলা চাঁদার টাকা তাঁর কাছে রাখা ছিল। চুরি হওয়া টাকার মধ্যে চাঁদার ৬১ হাজার ৫০০ টাকাও রয়েছে বলে জানিয়েছেন তিনি।

এছাড়া চলতি বছরের ডিসেম্বর মাসে তার একমাত্র মেয়ে অর্পিতা দাসের বিয়ে দেওয়ার কথা রয়েছে। মেয়ের বিয়ের জন্য আগে থেকেই স্বর্ণালংকার তৈরি করে রেখেছিলেন তিনি। সেই গহনাও চুরি হয়েছে। অনাথ দাসের মথুরাপুর বাজারে জুতা ও স্যান্ডেলের একটি দোকান রয়েছে।

অনাথ দাস বলেন, রাতে খাওয়াদাওয়া শেষে ঘুমিয়ে পড়ি। রাত ২টার দিকে আমার স্ত্রী একবার ঘুম থেকে উঠে বাড়ির সবকিছু দেখে আবার শুয়ে পড়েন। তখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি ঘরের আসবাবপত্র এলোমেলো। পরে খোঁজ করে দেখি মেয়ের বিয়ের জন্য তৈরি করে রাখা গহনা, পূজার জন্য তোলা চাঁদার ৬১ হাজার ৫০০ টাকার বাক্স, বাড়ির নগদ টাকা ও স্ত্রীর গহনা কিছুই নেই। সব মিলিয়ে প্রায় ৫ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি হয়েছে।

ঘটনার খবর পেয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের দৌলতপুর উপজেলা শাখার আহ্বায়ক বাবু দেবনাথ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের একজন ভাইয়ের বাড়িতে চুরির ঘটনা শুনে সকালে আমি এখানে এসেছি। এসে শুনেছি, তাঁর মেয়ের বিয়ের জন্য তৈরি করা গহনা, পূজার জন্য তোলা ৬১ হাজার টাকার বেশি চাঁদার টাকা, বাড়ির নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। চুরি যাওয়া মালামাল উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, ‘চুরির খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এনসিপির মূখ্য সমন্বয়কের ওপর হামলার ঘটনায় থানায় অভিযোগ হয়নি

0

পূর্ব নির্ধারিত বিক্ষোভ মিছিল-সমাবেশে পুলিশের বাঁধা

কুষ্টিয়া প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার একদিন পেরিয়ে গেলেও এখনো থানায় মামলা হয়নি।

রবিবার সন্ধ্যায় হামলার পর রাত ৯টা থেকে দেড়টা পর্যন্ত থানায় মামলার জন্য অপেক্ষা করেন এনসিপি কুষ্টিয়ার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনি ও সদস্য সচিব সুলতান মারুফ তালহাসহ দলটির নেতাকর্মীরা।

এদিকে পুলিশের বাঁধার মুখে কুষ্টিয়া পাবলিক লাইব্রেুরি মাঠে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে পারেনি দলটির নেতা-কর্মীরা।

এ বিষয়ে জানতে চাইলে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে ওসির এ দাবি প্রত্যাখ্যান করেছেন এনসিপি কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক জান্নাতুল ফেরদৌস টনি। সোমবার বিকেলে তিনি বলেন, আমরা মামলার জন্য রবিবার রাত ৯টা থেকে ৩-৪ ঘণ্টা অপেক্ষা করেছি। ওসি ও এসপি সাহেবের সঙ্গে একাধিকবার কথা হয়েছে। কিন্তু তারা গড়িমসি করে আমাদের মামলা নেননি।

সোমবার অভিযোগ নিয়ে আর থানায় গিয়েছেন কিনা, জানতে চাইলে এনসিপির এই নেতা বলেন, এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা মামলার বিষয়ে আগাবো।

রবিবার রাতে অজ্ঞাত আসামি করে মামলা করতে চেয়েছিলেন জান্নাতুল ফেরদৌস টনি। সোমবারও একই সিদ্ধান্ত কিনা, এ প্রসঙ্গে টনি বলেন, রাতে আমরা অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করতে চেয়েছিলাম। আমরা ঘটনার সময়কার ভিডিও ফুটেজ দেখছি। দলীয়ভাবে যে সিদ্ধান্ত আসে, সেই মোতাবেক মামলা করব।

দলীয় সূত্র জানায়, রবিবার (৪ অক্টোবর) রাতে কুমারখালী থানায় এজাহার দিতে যান এনসিপির জেলা শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনি ও সদস্য সচিব সুলতান মারুফ তালহাসহ ১৭ নেতাকর্মী।

এনসিপির জেলার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনি দাবি করেন রাত হয়ে যাওয়ার কারণে কুমারখালীর আশপাশে দোকানগুলো বন্ধ হয়ে যায়। আমরা মামলার কাগজ রেডি করতে পারছিলাম না। পরে কুমারখালী থানার ওসির সহযোগিতা চাইলে তিনি থানার কম্পিউটারে লিখে দিতে রাজি হন। কিন্তু পরবর্তীতে তিনি টালবাহানা শুরু করেন এবং শেষ পর্যন্ত আমাদের মামলার কাগজ লিখে দিতে পারেননি।

তিনি অভিযোগ করে বলেন, আমরা থানার ভিতরে অবরুদ্ধ হয়ে পড়েছিলাম। বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা থানার আশপাশ দিয়ে ঘিরে রেখে ছিল। আমাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল। পরবর্তীতে রাত প্রায় ১টার দিকে পুলিশি পাহারায় নিরাপদে আমরা কুষ্টিয়া শহরে আসি। আমাদের উপরে মব চালানোর চেষ্টা করা হয়েছিল।

এনসিপির সদস্যসচিব সুলতান মারুফ তালহার অভিযোগ করে বলেন, পুলিশ মামলা না নেওয়ার জন্য প্রথম থেকেই নানা টালবাহানা করে। প্রথমে ওসি মামলা থানা থেকে লিখে দিতে রাজি হলেও রাত ১২টার দিকে তিনি বলেন, থানা থেকে মামলা লিখা যাচ্ছে না। তিনি (ওসি) আমাদের সাথে গেম খেললেন। পরে আমাদের থানার ভেতরে অবরুদ্ধ করে রাখে বিএনপির নেতা কর্মীরা। এ সময় দুই শতাধিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী থানায় ঢুকে তাদের উদ্দেশে স্লোগান দেন বলেও দাবি করেন তিনি।

হামলার ঘটনার জন্য ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করে সদস্যসচিব সুলতান মারুফ তালহা বলেন, বলার কিছু নাই। ফুটেজে সবকিছুই পরিস্কার দেখা যাচ্ছে। কে হামলা করেছে কারা হামলা করেছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, এনসিপির নেতাকর্মীদের কোনো অবরুদ্ধের ঘটনা ঘটেনি। থানার ভিতরে জামায়াতে ইসলামী, বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা ছিলেন।

মামলা না নেওয়ার বিষয়ে এনসিপির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, তারা মামলা লিখে নিয়ে আসলে আমি মামলা নিতাম। তারা মামলা লিখে নিয়ে আসেনি। তাহলে আমি কীভাবে মামলা নেব?

থানার কম্পিউটারে মামলা লিখে দেওয়ার বিষয়ে এনসিপির নেতাদের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আমি তো ঘটনাস্থলে প্রথমে ছিলাম না। আমি বলতে পারব না কারা হামলা করেছে কীভাবে হামলা করেছে। আমি কীভাবে মামলা লিখে দেবো? তারা যেহেতু জানে তারাই সবকিছু লিখে নিয়ে আসবে। আমার থানা কম্পিউটারে থানার সব কাজকর্ম হয়। সেগুলো শেষ করার পরেই তো অন্য কাজ করতে পারব। থানার কাজ না করে অন্য কাজটা আমি করতে পারবো না।

ওসি জানান, তারা আমাকে তাদের নিরাপত্তার শঙ্কায় ভুগছেন বলে জানালে আমি রাত একটার পরে প্রটোকল দিয়ে তাদেরকে কুষ্টিয়া পর্যন্ত রেখে আসি।

সোমবার বিকালে পুলিশের বাঁধার মুখে কুষ্টিয়া পাবলিক লাইব্রেুরি মাঠে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে পারেনি দলটির নেতা-কর্মীরা।

পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকাল সাড়ে ৪ টায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে নিরাপত্তা জনিত কারণে শহরের প্রধান সড়ক এনএস রোডে বিক্ষোভ মিছিল করতে দেয়নি কুষ্টিয়া মডেল থানা পুলিশ।

এনসিপি কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক জান্নাতুল ফেরদৌস টনি ও সদস্য সচিব সুলতান মারুফ তালহার নেতৃত্বে দলটির নেতা-কর্মীরা ব্যানার হাতে নিয়ে পাবলিক লাইব্রেুরি মাঠ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক এনএসরোডে যেতে চাইলে কুষ্টিয়া মডেল থানা পুলিশ তাদেরকে ব্যারিকেড দেয়। পুলিশি বাঁধার কারণে দলটির নেতা-কর্মীরা পরবর্তীতে সেখানেই বিক্ষোভ সমাবেশ পালন করেন।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন জানান, ‘নিরাপত্তা জনিত ঝুঁকি” থাকার কারণে তাদেরকে শহরের প্রধান সড়ক এনএসরোডে বিক্ষোভ মিছিল করতে বাঁধা প্রদান করা হয়েছে। তবে তারা তাদের পূর্ব ঘোষিত স্থান পাবলিক লাইব্রেুরি মাঠে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছেন।’

প্রসঙ্গত রবিবার সন্ধ্যা ছয়টার দিকে ফকির লালন সাঁইজির আখড়াবাড়িতে ব্যক্তিগত সফরে আসেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে মাজারের প্রবেশ গেটে হামলার শিকার হন তিনি। এ হামলায় কুষ্টিয়া পৌর ছাত্রদলের নেতা সংগ্রাম হোসেন ও তার অনুসারীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।

তবে অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রাব্বি বলেন, ‘ছাত্রদল মব রাজনীতিতে বিশ্বাস করে না। এ ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

হামলার পর নাসীরুদ্দীন পাটওয়ারীর সাথে কথা বলার চেষ্টা করা হলেও গণমাধ্যম কর্মীদের সঙ্গে তিনি কোন কথা বলতে রাজি হননি। মাজারের ভেতরে অবস্থানকালেও গণমাধ্যম কর্মীদের এড়িয়ে যান তিনি।

জমি নিয়ে বিরোধে কলেজ শিক্ষকের উপর হামলা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা আজমপুরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কলেজ শিক্ষককে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদলের কর্মী ও তার অনুসারীদের বিরুদ্ধে।

হামলার শিকার আহত শিক্ষকের নাম মো. মোখলেসুর রহমান। তিনি নওদা আজমপুর গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে এবং আজমপুর টেকনিক্যাল কলেজের হিসাববিজ্ঞান (একাউন্টিং) বিভাগের সহকারী অধ্যাপক। বর্তমানে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে যুবদল কর্মী মিজানের সঙ্গে ওই শিক্ষকের বিরোধ চলছিল।

সোমবার দুপুরে (দেড়টার দিকে) কলেজ থেকে ক্লাস শেষ করে বাড়ি ফেরার পথে নওদা আজমপুর মোড়ে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা মিজান এবং তার অনুসারী রনি, কামাল,ইন্টু, বিপ্লব,হাসান, সাগর, মহি খা, মিঠুসহ কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা লোহার রড ও হাতুড়ি দিয়ে শিক্ষককে এলোপাতাড়ি পেটাতে থাকলে তিনি গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে চিকিৎসাধীন ওই শিক্ষক জানান, জমিজমা নিয়ে মামলা চলছে। অভিযুক্ত মিজান কয়েকদিন আগে তার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা চেয়েছে। দিতে অস্বীকৃতি জানানোর পর তাকে এভাবে হামলা করা হয়।

পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে।

মিরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শহীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মোখলেস নামে এক কলেজ শিক্ষককে পেটানো হয়েছে। আহত শিক্ষক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার জব্দ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান চালিয়ে নদী পথে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার হয়েছে।

বিজিবি জানায়, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে রবিবার দিবাগত রাত একটার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পুরাতন ঠোটারপাড়া নদী নামক স্থানে বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে।

এ সময় নদী পথে ভারতে পাচারকালে মালিকবিহীন অবস্থায় ৩,৫০০ কেজি মিউরেট অব পটাশ, ৪,০০০ কেজি টিএসপি এবং ১,৭৫০ কেজি ফসফেটসহ সর্বমোট ৯,২৫০ কেজি সার জব্দ করে।

বিজিবি পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দেশের কৃষি খাতের গুরুত্বপূর্ণ উপকরণ সার যাতে অবৈধভাবে দেশের বাইরে পাচার হতে না পারে, সে বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) বিশেষ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করে আসছে।

সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ এবং দেশের স্বার্থ রক্ষায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সরকারি জমিতে জামায়াত নেতা নির্মাণা করছেন পাকা বাড়ি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ‘ খ’ তফশিল ভুক্ত সরকারি জমিতে নির্মিত হচ্ছে এক জামায়াত নেতার বহুতল পাকা বাড়ি। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা – সমালোচনা চলছে। ইতোমধ্যে একতলার ছাদ ঢালাইয়ের কাজও সম্পন্ন করা হয়েছে।

উপজেলার চরসাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর মৌজায় প্রায় ৬ কোটি টাকার জমিতে বাড়ি নির্মাণ করছেন চরসাদিপুর ইউনিয়ন জামায়াতের আমির মো.আবু তালেব হোসাইন। তিনি আসন্ন নির্বাচনে চরসাদিপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও গোবিন্দপুর গ্রামের মৃত আফিল উদ্দিনের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, আবু তালেব জামায়াতের প্রভাবশালী নেতা। ক্ষমতার প্রভাব খাটিয়ে জাল কাগজপত্রাদি তৈরি করে সরকারি জমিতে পাকা বাড়ি নির্মাণ করছেন। কয়েকমাস ধরে প্রকাশ্যে নির্মাণ কাজ চললেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।

এলাকাবাসী ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, পদ্মানদীর কুলঘেঁষে কুমারখালীর চরসাদিপুর ইউনিয়ন। ইউনিয়নের গোবিন্দপুর মৌজায় ১ নম্বর খতিয়ানের আরএস ৬৮ নম্বর দাগে সরকারের ‘ খ’ তফশিল ভুক্ত প্রায় দুই এক ৮২ শতাংশ জমি রয়েছে। যার বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা।

জাল কাগজপত্রাদি তৈরি করে উক্ত জমি নিজের দাবি করে ২০১৮ সালে কুষ্টিয়ার কুমারখালী সহকারী জজ আদালতে রেকোর্ড সংশোধণী মামলা করেন চরসাদিপুর ইউনিয়ন জামায়াতের আমির মো. আবু তালেব হোসাইন।

দেওয়ানী মামলা নম্বর ১৯৮/২০১৮। বৈধ কাগজপত্রাদি না থাকায় ২০২৪ সালের ৫ মে বিনা খরচায় মামলাটি খারিজ করে বিজ্ঞ সহকারী জজ আদালত। সহকারী জজ মো. মেহেদী হাসান স্বাক্ষরিত এক আদেশ নামা এ তথ্য নিশ্চিত করেছে। মামলাটি খারিজ হলে জামায়াত নেতা ফের মামলা করেন। আপিল মামলা নম্বর ১১৭/২৪।

আরও জানা গেছে, আদালতে আপিল মামলা চলমান থাকলেও প্রভাব খাটিয়ে চলতি বছরের মে মাসের দিকে তিনতলা ফাউন্ডেশন দিয়ে পাকা বাড়ি নির্মাণ কাজ করেন ওই জামায়াত নেতা। ইতোমধ্যে একতলা পর্যন্ত ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন করে ফেলেছেন তিনি।

সরেজমিন গিয়েছিল দেখা গেছে, চরসাদিপুর খেয়াঘাট – পাবনার কোমড়পুর সড়কের গোবিন্দপুর এলাকায় বেশখানেক নিচু জমি। সেখানে বালু ভরাটের পর নির্মিত হচ্ছে পাকা বাড়ি। একতলার ছাদ ঢালাইয়ের কাজ শেষ। পড়ে আছে নির্মাণ সামগ্রী।

এদিকে, জামায়াত নেতা প্রভাবশালী হওয়ায় ভয়ে প্রতিবেদকের সঙ্গে কথা বলতে রাজি হননি স্থানীয় বাসিন্দারা। এমনকি চেয়ারম্যান – মেম্বররাও।

তবে ওই নেতার প্রতিবেশী হাফিজুল ইসলাম বলেন, ‘একবার মামলায় রায় পাওয়া হয়ছিল। আবারও শুনতিছি খাসের তালিকায় রয়েছে। সেই খাস হিসেবে মৃত আফিল উদ্দিনের অংশীদাররা বাড়ি করছে। বৈধ – অবৈধ ভালো জানিনা।’ তার ভাষ্য, সাদিপুরের প্রায় সব জমিই খাস।

শহিদুল ইসলাম নামের আরেকজন বলেন, ‘বাড়িটা অল্পদিন হলো হচ্ছে। এখানকার জামায়াত নেতা আবু তালেব চাচা করছে। বিস্তারিত ভালো জানিনা।’

নাম প্রকাশ না করা শর্তে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘পাবনা শহরের খুব কাছাকাছি হওয়ার প্রায় এক কোটি টাকা বিঘা জমির মূল্য এখানে। ক্ষমতার দাপট দেখিয়ে আবু তালেব ভূয়া কাগজপত্রাদি তৈরি করে আদালতে মামলা করেছিল ২০১৮ সালে। কিন্তু বৈধ কাগজ না থাকায় ২৪ সালে মামলাটি খারিজ হয়। পরে তিনি ( তালেব) আপিল করে অবৈধভাবে পাকা বাড়ি করতছে। সরকারি সম্পত্তি রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।’

এ বিষয়ে প্রথমে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অভিযুক্ত জামায়াত নেতা আবু তালেব হোসাইন। পরে তিনি বলেন, ‘আরএস রেকোর্ড ভুল আছে। ২০১৮ সালের মামলা ২৪ সালে খারিজ হলে ফের আপিল করেছি। আদালতে বিচারাধীন রয়েছে। রায়ের আগে কিছু বলা যাচ্ছেনা।’

বিচারাধীন জমিতে নির্মাণ কাজ করা যায় কি না? এমন প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি।

জানা গেছে, চরসাদিপুর ইউনিয়নে কোনো ভূমি কার্যালয় নেই। পদ্মার এপারে ( দক্ষিণপাশ) শিলাইদহ ইউনিয়ন ভূমি কার্যালয়ে চলে সাদিপুরের কাজ।

জানতে চাইলে শিলাইদহ ইউনিয়ন ভূমি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, সম্প্রতি সরেজমিন পরিদর্শন করে নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে। ৬৮ নম্বর দাগ সরকারি হলেও ৬৯ দাগ মালিকানাধীন। মাপঝোকের পর বলা যাবে বিস্তারিত। তার ভাষ্য, প্রাথমিকভাবে মনে হয়েছে সরকারি জমিতে বাড়ি নির্মাণ হচ্ছে।

খাস জমিতে বাড়ি নির্মাণের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ফারজানা আখতার। তিনি বলেন, জনবল সংকটের কারণে মাপঝোকের কাজ কিছুটা বিলম্ব হচ্ছে। খুব দ্রুতই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

ভারতে তীব্র হচ্ছে আন্দোলন, আটক বহু

0
ছবি সংগৃহীত

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

ভারতের নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কের জেরে দেশটির বিভিন্ন এলাকায় বিক্ষোভ আরও জোরালো হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) দিল্লি ও মুম্বাইয়ে হাজারো তরুণ ও বিরোধী দলের সমর্থকেরা রাস্তায় নেমে নির্বাচন কমিশনপ্রধান জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানান। বিক্ষোভকারীদের কয়েকজনকে আটক করেছে পুলিশ।

মুম্বাইয়ে বিক্ষোভের নেতৃত্ব দেন বিরোধী নেতা রাজ ঠাকরে ও উদ্ধব ঠাকরে। তারা ভোটার তালিকার সাম্প্রতিক সংশোধন বাতিল এবং নির্বাচন কমিশনপ্রধানের পদত্যাগের দাবি জানান।

বিক্ষোভকারীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রাজনৈতিকভাবে সুবিধা পেতে পারে। তবে নির্বাচন কমিশন ও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।

রাজধানী নয়াদিল্লিতেও রবিবার সন্ধ্যা থেকে বিক্ষোভকারীরা জড়ো হতে শুরু করেন। একপর্যায়ে কয়েকজনকে আটক করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, কয়েকজন বিক্ষোভকারী পুলিশের ব্যারিকেড অতিক্রম করেন। আটক ব্যক্তিদের নিয়ে যাওয়া পুলিশের গাড়িগুলোও ঘিরে ফেলেন তারা। কেউ কেউ গাড়ির ওপর উঠে পড়েন, আবার কেউ সড়কে শুয়ে পড়ে গাড়ির চলাচল বন্ধ করার চেষ্টা করেন।

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আন্দোলনকর্মী আহনা সিং অভিযোগ করেন, পুলিশ তাকে চুল ধরে টেনে নিয়ে গেছে। তাঁর দাবি, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ কঠোর আচরণ করছে।

দিল্লি পুলিশ এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

গত দুই দিন ধরেই রাজধানীতে বিক্ষোভকারীদের জমায়েত ঠেকাচ্ছে পুলিশ। এ সময় কয়েক ডজন মানুষকে আটক করে বাসে করে অন্যত্র নিয়ে যাওয়া হয়। পরে শুক্রবার ও শনিবার আটক কয়েকজনকে ছেড়ে দেওয়া হলেও কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাজধানীর কেন্দ্রীয় এলাকায় বড় জমায়েত নিষিদ্ধ করার নির্দেশ অমান্যের অভিযোগ আনা হয়েছে।

বিক্ষোভকারীদের মূল অভিযোগ ভোটার তালিকা সংশোধনকে ঘিরে। তাদের দাবি, গত বছর শুরু হওয়া দেশব্যাপী ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় যোগ্য অনেক ভোটারের নাম বাদ পড়েছে। এর ফলে লাখো মানুষ ভোটাধিকার হারাতে পারেন এবং এতে বিজেপি সুবিধা পেতে পারে বলে অভিযোগ তাদের।

বিরোধী নেতা রাজ ঠাকরে বলেন, ক্ষমতা কীভাবে প্রয়োগ করা হচ্ছে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। তাঁর বক্তব্য, দেশের ক্ষমতায় কে থাকবে আর কে বিরোধী দলে থাকবে—সেটি জনগণের সিদ্ধান্ত হওয়া উচিত, নির্বাচন কমিশনের নয়।

তবে নির্বাচন কমিশনের বক্তব্য, ভোটার তালিকা সংশোধনের উদ্দেশ্য হলো একই ব্যক্তির একাধিক নাম, মৃত ব্যক্তির নাম এবং অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়া। এর মাধ্যমে ভোটার তালিকার নির্ভুলতা ও নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে বলে কমিশনের দাবি।

শুক্রবার কমিশন তার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে, যেসব যোগ্য ভোটারের নাম ভুলবশত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।

নির্বাচন কমিশনপ্রধান জ্ঞানেশ কুমার এখনো তার পদত্যাগের দাবি বা চলমান বিক্ষোভ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

তবে আন্দোলন থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ভারতের বিরোধী দলগুলোর একটি জোট ‘গণতন্ত্র রক্ষার’ দাবিতে মঙ্গলবার নির্বাচন কমিশনের কার্যালয় পর্যন্ত মিছিল করার কর্মসূচি ঘোষণা করেছে। এছাড়া ‘জেন জি ককরোচ জনতা পার্টি’ ১০ অক্টোবর দিল্লিতে বড় সমাবেশের ঘোষণা দিয়েছে।

মোদীর তৃতীয় মেয়াদে সরকারবিরোধী তরুণদের নেতৃত্বে এটিই সাম্প্রতিক সময়ের অন্যতম বড় আন্দোলন হিসেবে সামনে এসেছে। এর আগে জুলাইয়ে জাতীয় মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদ ছাড়তে হয়েছিল।

ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধীদের অভিযোগ, নির্বাচন কমিশনের ব্যাখ্যা এবং সরকারের অবস্থান—সব মিলিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আগামী দিনগুলোতে বিক্ষোভের পরিধি কতটা বাড়ে এবং নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর রয়েছে।

সূত্র: রয়টার্স

খোকসায় ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) দিনগত রাকে থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিরোধী অভিযান পরিচালনা করে।

খোকসা থানা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয়, উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মালিগ্রাম অনলাইন মোড় এলাকা থেকে মো. মিন্টু (৪৫), পিতা মৃত আক্কাস আলী, মালিগ্রাম দক্ষিণপাড়া ও মো. জসিম (৩২), পিতা মৃত আবু তালেব সর্দ্দার, পাইকপাড়া কে থানা পুলিশ আটক করে।

পুলিশের দেওয়া তথ্য মতে, আটক ব্যক্তিদের কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে খোকসা থানায় মামলা মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...