হত্যা মামলায় আত্মগোপনে থাকা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

0
7

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলায় হত্যা মামলায় আত্মগোপনে থাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানোয়ার হোসেন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে মজমপুর গেট এলাকার একটি ভাড়াবাসা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত সানোয়ার মোল্লা সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দূর্বাচারা গ্রামের মৃত মোসলেম মোল্লার ছেলে। তিনি উজানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

সানোয়ার মোল্লা বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ইউসুফ শেখ হত্যা মামলার এজাহার নামীয় আসামী। ওই মামলাসহ একাধিক মামলায় তিনি দীর্ঘ দিন আত্মগোপনে ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) রকিব উদ্দিনের নেতৃত্বে একটি টিম বৃহস্পতিবার রাতে শহরের মজুমপুর এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করে। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বেলা সাড়ে ৩টার দিকে ইউসুফ শেখ কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে কুষ্টিয়া শহরের ফায়ার সার্ভিস অফিসের সামনের নূর টেইলার্স গলির ভেতরে পৌঁছালে এজাহারনামীয় আসামিরা তাঁকে দেখে ধাওয়া করেন।

এরপর আসামিরা তাকে গুলি করেন। অন্য আসামিরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। পরে হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এঘটনায় ২০২৪ সালের ১৮ আগস্ট নিহত ইউসুফ শেখের মেয়ে মোছাঃ সীমা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে ৭৫ জনের নাম উল্লেখ ছাড়াও ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়। এছাড়াও সানোয়ার মোল্লার বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ও কুষ্টিয়া মডেল থানায় একাধিক মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রকিব উদ্দিন জনি জানান, ইউসুফ শেখ হত্যা মামলায় গ্রেপ্তার এজাহারভুক্ত আসামী সানোয়ার মোল্লাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।