টিআইবির জরিপ: ঘুস-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস

0
42

দ্রোহ অনলাইন ডেস্ক

গণঅভ্যুত্থান পরবর্তী ২০২৫ সালে দেশের বিভিন্ন সেবাখাতে দুর্নীতি ও ঘুস লেনদেন বেড়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)|

সংস্থাটি বলছে, ২০২৩ সালের প্রাক্কলিত মোট ঘুসের পরিমাণের তুলনায় ২০২৫ সালে প্রায় ১৫ দশমিক ৯ শতাংশ ঘুস লেনদেন বেশি হয়েছে, যার পরিমাণ এক হাজার ৭২৯ কোটি ৯০ লাখ টাকা| প্রাক্কলিত মোট ঘুসের পরিমাণ ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপির শূন্য দশমিক ২৩ শতাংশ এবং জাতীয় বাজেটের (সংশোধিত) এক দশমিক ৫৮ শতাংশ|

টিআইবি জানায়, ২০২৫ সালে জাতীয় পর্যায়ে প্রাক্কলিত মোট ঘুসের পরিমাণ ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা|

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ‘সেবাখাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫’ এর প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে টিআইবি|

টিআইবির জরিপ অনুযায়ী, ২০২৩ সালের তুলনায় ২০২৫ সালে জাতীয়ভাবে দুর্নীতির শিকার হওয়া খানার হার ১৫ দশমিক ১ শতাংশ এবং ঘুসের শিকার হওয়া খানার হার ২৫ দশমিক ২ শতাংশ বেড়েছে| আগের জরিপের মতো এবারও পাসপোর্ট ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে সেবা নিতে গিয়ে সবচেয়ে বেশি মানুষ দুর্নীতি ও ঘুসের লেনদেনের শিকার হয়েছেন|

প্রতিবেদনে টিআইবি জানিয়েছে, জরিপে অংশ নেওয়াদের মধ্যে কমপক্ষে একটি খাতে দুর্নীতির শিকার ৮১ দশমিক ৬ শতাংশ| এদের মধ্যে গ্রামাঞ্চলে ৮৩ দশমিক ৩ শতাংশ ও শহরে ৭৮ শতাংশ|

জরিপ অনুযায়ী, পাসপোর্টের সেবা গ্রহণে দুর্নীতির শিকার হওয়া খানার হার জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ৮৪ দশমিক ৪ শতাংশ| এ হার গ্রামাঞ্চলে ৮৭ শতাংশ ও শহরাঞ্চলে ৭৯ দশমিক ৪ শতাংশ| এই খাতে ঘুসের শিকার হওয়া খানার হার ৭৬ দশমিক ৬ শতাংশ| এর মধ্যে গ্রামাঞ্চলে ৭৯ দশমিক ১ শতাংশ এবং শহরাঞ্চলে ৭১ দশমিক ৮ শতাংশ|

এরপর রয়েছে বিআরটিএ| এই অফিসে সেবা নিতে দুর্নীতির শিকার হওয়া খানার হার জাতীয় ৭৯ দশমিক ৩ শতাংশ| গ্রামাঞ্চলে এ হার ৮০ দশমিক ৪ শতাংশ ও শহরাঞ্চলে ৭৭ দশমিক ৭ শতাংশ| এ খাতে ঘুসের শিকার হওয়া খানার হার জাতীয় পর্যায়ে ৬৩ দশমিক ৫ শতাংশ| গ্রামাঞ্চলে এ হার ৬১ দশমিক ৫ শতাংশ ও ৬৬ দশমিক ৩ শতাংশ শহরাঞ্চলে|

এছাড়া ভূমি সংক্রান্ত সেবা নিতে ৬৬ দশমিক ৩ শতাংশ সেবাগ্রহীতা দুর্নীতির শিকার হয়েছেন| এদের মধ্যে ৬৭ দশমিক ২ শতাংশ গ্রামীণ এলাকার এবং ৬৪ দশমিক ১ শতাংশ শহরের| এ খাতে সেবা নিতে ঘুস লেনদেন করেছেন ৪৭ দশমিক ৬ শতাংশ| এর মধ্যে গ্রামাঞ্চলে ৪৮ দশমিক ৬ শতাংশ ও শহরাঞ্চলে ৪৫ দশমিক ২ শতাংশ|

জরিপের প্রতিবেদনে আরও বলা হয়, সব খাত বিবেচনায় খানাপ্রতি গড় ঘুসের পরিমাণ ৫ হাজার ১২৪ টাকা| গ্রামাঞ্চলে এর পরিমাণ ৪ হাজার ৮৬৪ টাকা ও শহরে ৫ হাজার ৭৫৭ টাকা|

সেবাখাতগুলোর মধ্যে পাসপোর্ট খাতে জাতীয় পর্যায়ে গড় ঘুসের পরিমাণ ৪ হাজার ৫৩২ টাকা| এর মধ্যে গ্রামাঞ্চলে ৪ হাজার ৯৯১ টাকা ও শহরাঞ্চলে ৩ হাজার ৫৭৩ টাকা|

এছাড়া বিআরটিএ খাতে গড় ঘুসের পরিমাণ জাতীয় পর্যায়ে ৬ হাজার ৯২৩ টাকা| এর মধ্যে গ্রামাঞ্চলে ৫ হাজার ৯৭২ টাকা ও শহরাঞ্চলে ৮ হাজার ১৩০ টাকা| ভূমি খাতে জাতীয় পর্যায়ে গড় ঘুসের পরিমাণ ১১ হাজার ৩১১ টাকা| এর মধ্যে গ্রামাঞ্চলে ১০ হাজার ৫০১ টাকা ও শহরাঞ্চলে ১৩ হাজার ৩৩৬ টাকা|

Share this news as a Photo Card