স্টাফ রিপোর্টার
খোকসা কালীবাড়ি ইয়াং স্টার ক্লাবের আয়োজনে মাদকবিরোধী চায়নাবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম ম্যাচে একতারপুর স্পোর্টিং ক্লাব ৪-১ গোলের ব্যবধানে জয় লাভ করেছে।
সোমবার (১৩ জুলাই) বিকালে খোকসা কালীবাড়ি মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে একতারপুর স্পোর্টিং ক্লাব ও কুমারখালীর ছেউড়িয়া মন্ডলপাড়া স্পোর্টিং ক্লাবের মধ্যকার খেলাটি অনুষ্ঠিত হয়। এ ম্যাচে একতারপুর স্পোর্টিং ক্লাব ৪-১ গোলের ব্যবধানে জয় লাভ করে।
ম্যাচের প্রথমার্ধে ছেউড়িয়া মন্ডলপাড়া স্পোর্টিং ক্লাব ১-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় একতারপুর স্পোর্টিং ক্লাব। একের পর এক চারটি গোল করে তারা ৪-১ গোলের বড় জয় নিশ্চিত করে।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসার সাবেক ফুটবলার পীযুষ কুমার মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার আরমান হোসেন, নাসিম বিশ্বাস, শহিদুল ইসলাম, লালনসহ আয়োজক কমিটির সদস্যবৃন্দ।

খেলাটি পরিচালনা করেন সাবেক ফুটবলার রেজা আহমেদ। খোকসা কলেজের প্রভাষক আমজাদ বাবু খেলাটির ধারাবর্ণনা করেন। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করছে।
কালীবাড়ি ইয়াং স্টার ক্লাবের অন্যতম সংগঠক নাহিদুজ্জামান শয়ন জানান, টুর্নামেন্ট সফল করতে এলাকার যুবক, ক্রীড়াপ্রেমী ও স্বেচ্ছাসেবকদের সার্বিক সহযোগিতায় রয়েছে। তাদের প্রচেষ্টায় টুনামেন্ট শুরু করা সম্ভব হয়েছে। সবার সহযোগীতায় আয়োজন সফল ভাবে শেষ হবে। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।






