কুমারখালীতে ছাত্রদল নেতাকে না পেয়ে মামার বাড়িতে ভাঙচুর-লুটপাট

0
53

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছাত্রদল নেতাকে না পেয়ে তার মামার বাড়িতে হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

মঙ্গলবার দিনগত রাত ৯টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কুশলীবাসা গ্রামের স্কুল পাড়ায় এ হামলার ঘটনা ঘটে।

ওই ছাত্রদলনেতার নাম মো.শিমুল পারভেজ। তিনি কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। এবং তিনি চাঁদপুর ইউনিয়নের কুশলীবাসা গ্রামের স্কুল পাড়ার কৃষক মহিদুল ইসলামের ভাগ্নে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুশলীবাসা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কুশলীবাসা স্পোর্টিং ক্লাবের নামে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে ছাত্রদল নেতা শিমুল পারভেজ, তার মামাতো ভাই আকাশসহ তাদের সমর্থকরা।

এ নিয়ে ছাগলাপাড়ার শাহিন, মিতুল ও লিখনদের বিরোধ চলছিল। এরমধ্যে মঙ্গলবার বিকালে পথিমধ্যে প্রতিপক্ষের আলম শেখকে মারধর করে ছাত্রদল নেতা শিমুলের সমর্থকরা। এরপর রাত ৯টার দিকে ছাগলাপাড়ার ১৫০ – ২০০ জন শিমুলের মামা বাড়িতে হামলা চালায়। এতে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির প্রাথমিক ধারণা করা হচ্ছে।

বুধবার (২সেপ্টেম্বর) দুপুরে সরেজমিন দেখা যায়, ছাত্রদল নেতা শিমুলের মামার টিনশেডের আধাপাকা ঘর। ঘরের বেড়া, ভিতরের আসবাব ও বিদ্যুতের মিটারের ভাঙচুরের ক্ষত। ভিড় করছে স্বজন ও প্রতিবেশীরা।

এ সময় শিমুলের মামী আছিয়া খাতুন বলেন, ‘স্কুলের ওপর খেলা নিয়ে কি ঘটেছে তা জানিনা। সবাই খাতি গেছে। আনুমানিক রাত ৯টার দিকে ছাগলাপাড়ার ১৫০ – ২০০ জন লোক একযোগে বাড়িতে হামলা করে। আমরা ভয়ে দৌড়ি দিয়ে পালায়। আর ওরা ঘরবাড়িতে ভাঙচুর করে লুটপাট করে নিয়ে গেছে। এতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

ছাত্রদল নেতা শিমুল পারভেজ বলেন, ‘মাঠে টুর্নামন্ট ছাড়া হয়েছে। কয়েক দিন আগে প্রস্তুতি ম্যাচে ছাগলাপাড়ার শাহিন, মিতুল, লিখনরা বাঁধা দেয়। এনিয়ে ঝামেলা চলছিল। এরই জেরে মঙ্গলবার বিকালে ওরা আমাদের তিন ভাইকে মারধর করে। আবার রাতে বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে। থানায় মামলা করা হবে।’ তার ভাষ্য, তিনি ২০১৭ সাল থেকে মামা বাড়িতে থেকে পড়াশোনা করছেন।

লুটপাটের অভিযোগ অস্বীকার করলেও ভাঙচুরের কথা স্বীকার করেছে ছাগলাপাড়ার লোকজন। এই পাড়ার মোশারফ হোসেনের ছেলে মো. আরিফ বলেন, ওই মাঠে ছাগলাপাড়ার ছেলেপেলের খেলতে দেয়না ওই পাড়ার লোকজন। এসব নিয়ে ঝামেলা চলছিল। রাত্রিবেলা ছোয়ালপাল জড়ো হয়ে ভাঙচুর করে ফেলেছে। আমরা ঠেকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি।

ফুটবল খেলাকে কেন্দ্র করে একটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন থানার ওসি জামাল উদ্দিন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card