কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর থেকে এক ট্রাক খোলা চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় চিনির মালিকসহ চারজনকে আটক করে থানায় আনা হয়েছে। তবে তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া মডেল থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন জানান, চিনি গলে গলে ট্রাকের নিচ দিয়ে রাস্তায় পড়ছিল। এ দৃশ্য দেখে সকালে এলাকাবাসী ট্রাকটিকে আটকে থানায় খবর দিলে পুলিশ ট্রাকসহ চার জনকে আটক করে থানায় নিয়ে আসে। ওই ট্রাকে ১২ টন চিনি ছিল। সম্ভাবত চুয়াডাঙ্গা জেলার দর্শনা থেকে ওই চিনি কুষ্টিয়ার খাজানগরের উদ্দেশ্যে আনা হয়।
তিনি বলেন, অভিযোগ রয়েছে আগের দিন শুক্রবার রাতে আরও দুই ট্রাক চিনিও খাজানগরে প্রবেশ করেছে। সেগুলো উদ্ধারে অভিযান চালাচ্ছি। তিন ট্রাক ভর্তি ওই চিনি কেন কার উদ্দেশ্যে আনা হয়েছে; সে বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।
পুলিশ বাকি দুই ট্রাক চিনি উদ্ধার এবং যার উদ্দেশ্যে আনা হয়েছে তাকে আটকের জন্য অভিযান চালাচ্ছে।
এদিকে ঘটনাস্থলে থাকা কয়েকজন জানান, রাজধানী এন্টারপ্রাইজের সামনে চিনির ট্রাক থামানো হয়। ওখানেই চিনিগুলো নামানোর প্রস্তুতি চলছিল। এ সময় চিনি গুলো গলে গলে রাস্তায় পড়ছিলো। এই দৃশ্য দেখে স্থানীয়দের অনেকেই হাড়ি গামলা নিয়ে এসে গলা চিনি সংগ্রহ করার চেষ্টা করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে চিনি ভর্তি একটি ট্রাক ও চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।
তবে অভিযোগ অস্বীকার করে রাজধানী এন্টারপ্রাইজের মালিক মুস্তাফিজুর রহমান বাবু বলেন, চিনিগুলো আমার মিলের পাশে কামাল নামে একজনের গোডাউনে আনলোড করার পরিকল্পনা ছিল। আমি এসবে নেই। বিএনপি নেতা মজনুসহ কয়েকজন ট্রাক আটকেছে। তারা কেন ট্রাক আটক করেছে এটা তারাই ভালো বলতে পারবেন।






