কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার হয়েছে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত দুইদিন রবিও সোমবার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ পশ্চিম ধর্মদাহ, রামকৃষ্ণপুর ও প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
রবিবার দিনগত রাত সাড় সাতটার দিকে পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পশ্চিম ধর্মদাহ মাঠ নামক স্থানে বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ ও ২,৮৮০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮ লক্ষ ৭৯ হাজার টাকা।
একই দিন রাত আনুমানিক ৭টা ১০ মিনিটের দিকে রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নিচপাড়া কাঁচা রাস্তার ওপর বিজিবির অপর একটি টহল দল অভিযান পরিচালনা করে।
এ সময় মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় মদ, ৭৪০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও ৬৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৪ লক্ষ ৯২ হাজার টাকা।
সোমবার ভোর পাঁচটার দিকে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গরুরা কবরস্থান নামক স্থানে বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১,১২০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৬১ হাজার ৬শ টাকা।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল বিধি মোতাবেক পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)অধিনায়কের পক্ষ থেকে প্রদত্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদার, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।
সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালানমুক্ত পরিবেশ গড়ে তোলা এবং দেশের যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






